প্রেমপত্র লিখতেন আরিফ ভাই, তিতিল আপুকে। ১৯৯৯-২০০০ সালের কথা। আরিফ ভাই পড়তেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তৃতীয় বর্ষে। প্রথম বর্ষে ভর্তি হওয়া তিতিলকে দেখেই পাক্কা দুই মিনিট হাঁ করে রইলেন তিনি। সেই ভালো লাগা থেকে বের হতে পারলেন না আর। একেকটা রাত যেন অন্তহীন, দিনগুলো হতচ্ছাড়া। খেতে বসলে পানির গেলাসে যেন কার ছবি ভাসে! এভাবে আর কত! কিছু একটা তো করা চাই। হাত করে ফেললেন তিতিলের বন্ধুদের। মাঝেমধ্যেই ছলে-বলে-কৌশলে ভিড়ে যেতে লাগলেন ছোট ভাইদের আড্ডায়। সেখানে হঠাৎ দেখা মেলে তিতিল নামের মেয়েটার। কিন্তু সামনে পড়লে যে কিছুই বলা হয় না। গলায় বাসা বাঁধে ব্যাঙ! আরিফ ভাইয়ের বুক ফাটে তো মুখ ফোটে না অবস্থা! কী করেন? কী করেন? একদিন তিতিলের রুম নম্বর জোগাড় করে ফেললেন বিস্তর খাটাখাটি করে। তারপর রঙিন সব কাগজ কিনে এনে রাত জাগাজাগি। পৃষ্ঠার পর পৃষ্ঠা জমতে থাকে ময়লার ঝুড়িতে। ভোররাতে হয়তো পেয়ে যান চিঠির কাঙ্ক্ষিত ভাষা। ব্যস, তার পরের দিনে তিতিলের হলের ঠিকানায় চিঠি পোস্ট করা। আরিফ ভাই বললেন, ‘এভাবে প্রতিদিনই চিঠি পাঠাতাম ওকে। তবে কয়েক দিন পর বুঝতে পেরেছিলাম, ঠিকানা ভুল ছিল। তিতিলের রুম নম্বর ছিল ২০৯। কিন্তু ওর বন্ধুরা আমাকে বলেছিল ২১৯। তার পরও ঠিকানায় ওর নাম থাকায় চিঠিগুলো ঠিক জায়গায় পৌঁছাত।’তারপর? আরিফ ভাই আর তিতিল আপুর প্রেম হয়েছিল কি হয়নি—সেই উত্তর না হয় আমাদের অজানাই রইল। তবে বোঝা গেল, খুব বেশি দিন আগের কথা নয়, এই ১৯৯৯-২০০০ সালেও প্রেমপত্রই ছিল তরুণদের বড় ভরসা; ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম।কিন্তু এখন কী হয়? কেউ কি লেখে একটা প্রেমপত্র? তারপর সেটা কি নীল খামে ভরে খুব যত্নের সঙ্গে পোস্ট করা হয় প্রাপকের ঠিকানায়? প্রশ্ন শুনে হয়তো অনেকে হেসেই খুন। যেমনটা হাসলেন আনজিলা, ‘এখন তো মুঠোফোন আছে, ফেসবুক আছে; কে লেখে আর চিঠি! শুধু চিঠি লিখলেই তো হয় না, সেটা আবার পোস্ট করো রে, উত্তরের অপেক্ষায় থাকো রে। অত ধৈর্য আমার নেই।’ আনজিলা পড়েন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। তাঁর পক্ষে ভোট দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাবিল ইসলামও, ‘যোগাযোগ বিষয়টা এত সহজ হয়ে এসেছে, এখন আর চিঠির কথা কেউ চিন্তাও করে না! কেবল আমিই নই, আমার বন্ধুদের কাউকেই তো দেখলাম না চিঠি লিখছে। তবে আমাদের থেকে বড়রা বলেন, আগে নাকি ক্লাসে একজন করে কবি বন্ধু থাকত, যিনি বন্ধুদের প্রেমপত্র লিখে দিতেন।’সত্যি সত্যিই এমন এক কবিবন্ধুর সঙ্গে কথা হলো। তবে সেটা এ সময়ের কথা। নাম তাঁর আলিম, পড়ছেন সিলেটের একটি বেসরকারি মেডিকেল কলেজে। বললেন তাঁর অভিজ্ঞতার কথা, ‘লেখক হিসেবে ক্লাসে বেশ নাম-ডাক আমার। এক বন্ধুর আবদারে চিঠি লিখতে বসলাম। তবে কী দুর্ভাগ্য! বন্ধুদের জন্য প্রেমপত্র লিখি, অথচ আমার এমন কেউ নেই, যাকে প্রেমপত্র লেখা যায়। যা হোক, চিঠি লেখা হলো। মনের মাধুরী মিশিয়ে লেখা। বন্ধু তা পড়ে চূড়ান্ত মুগ্ধ।’ কবিবন্ধুর গল্প এখানেই শেষ নয়। বাকিটা শুনুন আলিমের মুখেই, ‘চিঠি লেখা হলে সেটা আমরা মুঠোফোনের ক্যামেরায় তুলে ই-মেইল করে দিলাম!’তুমিও কি এমনটাই করবে? ই-মেইল, এসএমএস বা চ্যাটিংয়েই সেরে ফেলবে ভালোবাসার কথা? নাকি সত্যি সত্যিই বসে পড়বে কাগজ-কলম নিয়ে? তারপর রাত জেগে লিখে ফেলবে নাকি একটা প্রেমপত্র? কবি হেলাল হাফিজ কবিতায় বলেছেন— ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিতডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিয়ো।কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানেকোন স্মৃতিটা উসকানি দেয় ভাসতে বলে প্রেমের বানেপত্র দিয়ো, পত্র দিয়ো।