বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হূদয় পালিয়ে বিয়ে করেছে। ব্যাপারটা শুধু আমি একাই জানি। কারণ আমিই ছিলাম সেই বিয়ের সাক্ষী। যদিও ভাবির মুখ সেদিন দেখতে পারিনি। বোরকা পরা ছিল। যা-ই হোক সবকিছু ভালোই চলছিল। হঠাৎ একদিন হূদয় ফোন করল, ‘দোস্ত, কাল বাসায় কেউ থাকবে না। চলে আয়। তুই, আমি, তোর ভাবি আর আমার একমাত্র শ্যালিকা নীলা। অনেক মজা করব। তোর প্রিয় বিরিয়ানি খাওয়াব। চলে আয়।’ লোভ সামলাতে পারলাম না। একে তো ভাবিকে আগে দেখিনি, তার ওপর আবার বিরিয়ানি! না গেলে চলে? পরদিন একটু সাজুগুজু করে ওর বাসায় গেলাম। গিয়ে দেখি ১৮-১৯ বছরের এক তরুণী ঘরময় ছোটাছুটি করছে। মনে মনে অনুমান করলাম, এটাই নীলা। ওর শ্যালিকা। কোনো মেয়ের সঙ্গে সরাসরি কথা বলতে গেলে আমার বুক কাঁপে, তাই হূদয়কে ধরলাম। বললাম, ‘দোস্ত, ওই মেয়েটা কে রে?’ হূদয় আমতা আমতা করতে লাগল, ‘ইয়ে মানে তোর...বুঝিস না গাধা...।’ আমি বললাম, ‘বুঝেছি...তোর শালী নীলা, তাই তো। দেখতে কী সুন্দর তাই না দোস্ত!’ হূদয় বিব্রত হয়ে আমার দিকে তাকালো। আমি বললাম, ‘কী সুন্দর চোখ দেখেছিস...একেবারে হরিণের মতো কাজলকালো।’ বন্ধু বলল, ‘হু’। আমি দ্বিগুণ উৎসাহে বললাম, ‘কী সুন্দর ঘন কালো চুল...দেখেছিস...যেন বনলতা সেন।’ বন্ধু বলল, ‘হু’। আমি আবার বললাম, ‘কী সুন্দর দাঁত দেখেছিস...।’ বন্ধু বলল, ‘হু’। আমি এবার হাতজোড় করে বললাম, ‘আমার সঙ্গে পরিচয় করিয়ে দে না দোস্ত। ওর সঙ্গে ইয়ে মানে প্রেম না করতে পারলে আমার জীবন বৃথা। প্লিজ দোস্ত, প্লিজ।’ এমন সময় মেয়েটি সামনে এল। আমার হার্টবিট বাড়তে বাড়তে ফেটে যাওয়ার অবস্থা। নিজেকে বোঝাই, ধীরে...সবই হবে। কিন্তু তারপর মেয়েটি যা বলল তা শুনে আমার হার্ট ফাটা বেলুনের মতো চুপসে গেল। বলল, ‘আপনার কাছে আমরা অনেক কৃতজ্ঞ রেজা। আপনি সেদিন সাক্ষ্য না দিলে আমাদের বিয়েটাই হয়তো হতো না। থ্যাংক ইউ ভেরি মাচ।’ আমাকে সীমাহীন লজ্জার মধ্যে ফেলে দিয়ে হূদয় বলল, ‘জানো শীলা, রেজা না তোমার সঙ্গে প্রেম করতে চায়। তুমি কি রাজি?’ তারপর দুজন হি হি করে হাসতে লাগল।রেজাউল করিম [email protected]