প্রেমিকার ছোট ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: আসিফুর রহমান
আঁকা: আসিফুর রহমান

সব সময় প্রেমিকের প্রধান শত্রু হয় প্রেমিকার বড় ভাই। এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু আমার ক্ষেত্রে ঘটনা উল্টা। আমার প্রধান ও একমাত্র শত্রু হলো প্রেমিকার ছোট ভাই। বয়স চার বছর। তার সঙ্গে আমার প্রথম কথা হয় আমাদের প্রথম ডেটিংয়ের দিনে। আমার প্রেমিকাকে তার মা বিকেলে একা বাসা থেকে বের হতে দেন না। বের হতে হলে কাউকে সঙ্গে নিতে হয়। সেদিন সঙ্গে এসেছিল এই পিচ্চি। পিচ্চির মাথায় ক্যাপ। নাদুসনুদুস লাগছিল দেখতে। আমি দেখে গাল টিপে দিয়ে বললাম, ‘এই যে লক্ষ্মী বাবু, তোমার নাম কী সোনা?’
: মিস্টার খামোশ।
আমি ভাবলাম, আমাকেই হয়তো বলছে খামোশ। কিন্তু না, সে নিজেই তার এই নামের ব্যাখ্যা দিল, ‘আমার নাম খাজা মোহাম্মদ শমসের। আমি সংক্ষেপ করে ফেলেছি—খামোশ। এখন আমার নাম মিস্টার খামোশ।’
আমি চার বছর বয়সী মিস্টার খামোশের কথা শুনে চমৎকৃত হলাম। প্রেমিকাকে বললাম, ‘তোমার ভাই তো বিরাট পাকনা।’ সে বলল, ‘ওর পাকনামির দেখেছ কী! আমার দুলাভাইয়ের নাম হলো বদরুল হাসান লোদি। সে সংক্ষেপ করে বলে “বলদ”। বদরুলের “ব” লোদির “ল” আর “দ”।’
আমি পিচ্চির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। এই পিচ্চি আমার নাম জানলে কী করবে কে জানে! আমাদের প্রথম ডেটিংয়ের দিন পিচ্চি তেমন ঝামেলা করেনি। সারাক্ষণ হাঁ করে আমার ও তার বোনের কথা শুনেছে। কিন্তু কে জানত, তার এই শোনাই পরে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে! আমার প্রেমিকার নাম হলো মিতু। এক রাতে মিতুকে ফোন করলাম। রাত হলো রোমান্টিক সময়। আমি গলায় যথেষ্ট রোমান্টিক ভাব এনে বললাম, ‘হ্যালো জান!’ ওপাশ থেকে শোনা গেল অপরিচিত কণ্ঠ, ‘ওই, তুই কে? আমি খাজা মোহাম্মদ শমসের বলছি।’
: ও ইয়ে...বাবু, মিতুকে একটু দাও তো!
: এই, মিতু কিরে? আমি মিতুকে বড় আপু ডাকি। তুইও ডাক।
ভাগ্যের নির্মম পরিহাস। প্রেমিকাকে আমার বড় আপু ডাকতে হবে। আমি ভাগ্যকে মেনে নেওয়াই যুক্তিসংগত মনে করলাম, ‘হ্যাঁ বাবু, বড় আপুকে দাও।’
: আচ্ছা, দিচ্ছি। তবে একা একা কথা বলবি না। আমি লাউড স্পিকার দিয়ে দিচ্ছি। তুই কথা বলবি। না হলে আমি আম্মুকে ডাক দিয়ে সব বলে দেব।
আমি শুকনো গলায় বললাম, ‘আচ্ছা!’ কিছুক্ষণ পর মিতু এল। আমি বুঝলাম, মিস্টার খামোশ লাউড স্পিকার অন করেছে। তাই সাবধানী বাক্য চয়ন করে বললাম, ‘মিতু, প্রিয় বড় আপু আমার, ভালো আছেন?’ ওপাশ থেকে মিতু বলল, ‘জি ছোট ভাইয়া, ভালো আছি। তুমি কেমন আছ?’
: জি আপু, আমি ভালো আছি। কালকে দেখা করবেন?
: বুঝতে পারছি না, ছোট ভাইয়া। আজ রাখি। মিস্টার খামোশ সব শুনছে। তোমাকে অনেক অনেক আদর। উম্মাহ! উম্মাহ!!
আমিও বড় আপুকে ‘উম্মাহ’ দিতে যাচ্ছিলাম। কিন্তু ওপাশ থেকে শুনলাম খাজা মোহাম্মদ শমসেরের কণ্ঠ, ‘এই, তোমার এত্ত বড় সাহস! ওই ব্যাটাকে উম্মাহ দিলা কেন? দাঁড়াও, আম্মুকে বলছি!’ কাহিনি খারাপ ভেবে ফোন কেটে দিলাম আমি।
সেদিন ছিল ওই পিচ্চির জন্মদিন। মিতু আর আমি একটা প্ল্যান করলাম। বার্থডে পার্টিতে আমি সেদিন প্রথমবারের মতো ওদের বাসায় যাব। সমস্যা হলো মিতুর মা। একটা অপরিচিত ছেলে বাসায় গেলে হাজারটা প্রশ্ন করবেন। আমরা ঠিক করলাম, আমি যাব মিতুর বেস্ট ফ্রেন্ড সেজে। মিতু আমাকে বাসায় যাওয়ার পর ‘তুই’ করে বলবে। আমিও বলব ‘তুই’ করে। তখন মা আর সন্দেহ করবেন না। পরিকল্পনা মোটামুটি ফাইনাল হয়ে গেল। জন্মদিনের দিন সন্ধ্যায় সেজেগুজে চলে গেলাম মিতুদের বাসায়। প্রেমিকার বাসায় প্রথম গমন। স্বাভাবিকভাবেই হার্ট বিট বেড়ে গেল। দুরুদুরু বক্ষে সোফায় গিয়ে বসলাম। আশপাশে অনেক গেস্ট। একটু পর আমার সামনে এসে দাঁড়াল খাজা মোহাম্মদ শমসের। আমি আদুরে গলায় বললাম, ‘এই যে বাবু! কেমন আছ?’
: হ্যাঁ, ভালো। তুমি?
: আমিও ভালো।
বুঝলাম, আজ পিচ্চির মেজাজ ভালো। আমাকে ‘তুই’ করে বলছে না। আমি পিচ্চিকে বললাম, ‘তা বাবু, আজকে তোমার বার্থডে। তাই না? একটা একটা করে বার্থডে যাবে আর তুমি বড় হতে থাকবা। একদিন আমার মতো বড় হয়ে যাবা। আমার মতো বড় হলে তোমার শক্তি হবে অনেক। বুঝেছ?’
‘তোমার শক্তি এখন আমার চেয়ে বেশি?’ খামোশ আমাকে কড়া গলায় প্রশ্ন করল।
: ইয়ে মানে...
: চলো, মারামারি করি! দেখি কার শক্তি বেশি।
বলেই খামোশ এক লাফে আমার ঘাড়ে উঠে গেল। গালে বসাল কামড়। পিঠে দিতে শুরু করল ধুমাধুম কিল। আমি কিছুক্ষণের মধ্যেই কুপোকাত হয়ে গেলাম। গেস্টরা পিচ্চির কাণ্ড দেখছে হাঁ করে। অবেশেষে একসময় মিতুর মা ছুটে এলেন। এসে তাকে ছোটালেন। জিজ্ঞেস করলেন, ‘ব্যথা পাওনি তো, বাবা? আমার ছেলেটা একটু দুষ্টই। বসো তুমি।’ আমি মুখ যথাসম্ভব হাসি হাসি করে বললাম, ‘না আন্টি, একটুও ব্যথা পাইনি। একটুও না। হে হে হে।’
এমন সময় রুমে এল মিতু। আহা, মিতুকে বেশ সুন্দর লাগছে আজ! মিতু আমাকে দেখে পরিকল্পনা মোতাবেক বলল, ‘কিরে, কেমন আছিস? আসতে এত দেরি করলি যে!’ আমি বলতে যাচ্ছিলাম, ‘আর বলিস না, রাস্তায় জ্যাম!’ কিন্তু আমাকে কথা বলার সুযোগ দিল না খাজা মোহাম্মদ শমশের। সে হঠাৎ জোরে জোরে বলা শুরু করল, ‘আম্মুউউউউউ। এই সেই ছেলে, যেটাকে আপু জানু বলে ডাকে। সারা রাত ফোনে কথা বলে!’ আমি তখন পুরোপুরি আহাম্মক! মিতুর চেহারায়ও উল্লেখযোগ্য পরিবর্তন এল। মিতুর মা একবার তাকাচ্ছেন আমার দিকে, একবার মিতুর দিকে। আমি ফ্যাসফ্যাসে গলায় মিতুকে বললাম, ‘ইয়ে! তোমাদের বাথরুমটা কোন দিকে? আমার বমি বমি লাগছে।’ মিতুর মা এগিয়ে এলেন, ‘বলো কী বাবা! আমার সঙ্গে আসো। বাথরুম দেখিয়ে দিচ্ছি!’