প্রেমে 'প্রতারকেরা' রাজনীতিতে 'ভালো'!

প্রেমের সম্পর্কে প্রতারণার প্রবণতা আছে এমন মানুষেরা পেশাদার রাজনীতিতে ভালো করেন বা সফল হন বলে দাবি করা হয়েছে নতুন এক গবেষণায়। যুক্তরাজ্যের দ্য ডেইলি স্টার পত্রিকার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ গবেষণার খবর জানিয়েছে।
ব্রিটিশ মনোবিজ্ঞানী লুসি রেডফোর্ড প্রেমের সম্পর্কে প্রতারণা নিয়ে এক হাজার ব্যক্তির ওপর সম্প্রতি একটি গবেষণা চালান। তিনি বলেন, প্রতারকেরা ভাবেন যে তাঁরা কখনো ধরা পড়বেন না। আর যদি ধরা পড়েও যান তাহলে সহজেই পার পেয়ে যাবেন বলেই মনে করেন তাঁরা। এই মনোবিজ্ঞানীর মতে, ‘রাজনীতিবিদেরা এমন চিন্তা-ভাবনায় খুবই সিদ্ধহস্ত।’
প্রেমের সম্পর্কে কোনো না কোনো সময়ে প্রতারণার অভিজ্ঞতা আছে এমন এক হাজার ব্যক্তির ওপর এ গবেষণা চালান মনোবিজ্ঞানী লুসি। তিনি দেখতে পান, তাঁদের মধ্যে ২৩৫ জনই পেশাগতভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী তাঁদের মধ্যে সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান, পার্লামেন্টের কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধি, স্থানীয় কাউন্সিলর এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও আছেন। এ গবেষণায় অন্তর্ভুক্ত হাজার জনের মধ্যে অন্য কোনো গুরুত্বপূর্ণ পেশার মানুষের সংখ্যা গড়ে ১১০ জনের বেশি না।
ব্রিটেনের পরকীয়া ডেটিং ওয়েবসাইট ইল্লিসিট এনকাউন্টারের কর্মকর্তা ক্লেয়ারি পেজ সংবাদপত্রটিকে জানিয়েছেন, অনেক হাই প্রোফাইল রাজনীতিকেরাও তাঁদের সেবা নিয়ে থাকেন। মনোবিজ্ঞানী লুসি রেডফোর্ড আরও বলেন, প্রেমে প্রতারণার বিষয়টা যেমন আজকাল খুবই সাধারণ ঘটনা, তেমনি অনেক বিয়েই আসলে একটা ‘ব্যবসায়িক ঐক্যে’র মতো।
প্রতিবেদনটিতে প্রেমের সম্পর্কে প্রতারক রাজনীতিকদের তালিকায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নামও উল্লেখ করা হয়। হোয়াইট হাউসের ইন্টার্ন মণিকা লিউনস্কির সঙ্গে ক্লিনটনের যৌন সম্পর্ক নিয়ে দুনিয়াজুড়েই হইচই পড়ে গিয়েছিল। পাশাপাশি ব্রিটেনের সাবেক উপপ্রধানমন্ত্রী জন প্রেসকটের সঙ্গে ২০০৬ সালে তাঁর এক সেক্রেটারির সম্পর্ক ফাঁস হওয়ার কথাও উল্লেখ করা হয় এতে। অন্য খ্যাতনামা রাজনীতিকদের মধ্যে দেশটির লেবার পার্টির এমপি ডেভিড ব্লাঙ্কেটের সঙ্গে প্রকাশক কিম্বার্লি কুইনের সম্পর্ক নিয়ে শোরগোলের উদাহরণও দেওয়া হয় প্রতিবেদনটিতে।