প্রেমেও কম সংগ্রাম করিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দাবায় কনিষ্ঠতম চ্যাম্পিয়ন নিয়াজ মোর্শেদ। নিজের না হলেও পূর্বপুরুষের নাড়ির সম্পর্ক চট্টগ্রামের সঙ্গেই। তাঁর জীবনের পরতে পরতে আছে সংগ্রামের গৌরবগাথা। তা-ই বলেছেন শান্তনু চৌধুরীকেপ্রেম দিয়েই শুরু করি। জীবনে আমার তিনটি প্রেম এসেছে। গ্র্যান্ডমাস্টার হওয়ার আগে প্রথম প্রেমে পড়ি। তখন আমার বয়স ১৯, ওর ১৭। খুব সুন্দরী ছিল। হলিক্রস কলেজে পড়ত। পরে বুয়েটে (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)। সেটা ছিল অন্ধপ্রেম। ও এখন আমেরিকায় থাকে। প্রথম প্রেম টিকেছিল প্রায় চার বছর। দ্বিতীয় প্রেমে পড়ি ২৫ বছর বয়সে। এটা চলে দুই বছর। আমি আমেরিকা চলে যাওয়ায় সেটা আর এগোতে পারেনি। তৃতীয় প্রেম গড়ায় বিয়েতে। ওর নাম সারওয়াত শারমীন। ওই ঘরে আমার যমজ ছেলে আছে। আড়াই বছর আগে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন আমি চতুর্থ প্রেম খুঁজছি। প্রেম ছাড়া টিকে থাকা যায় না। জীবন যেমন সংগ্রামে গড়া প্রেমেও কম সংগ্রাম করিনি কিন্তু। এবার চট্টগ্রামের কথা বলি। মিরসরাইয়ের নিজামপুরে আমার পূর্বপুরুষদের বাড়ি। সেখান থেকে আমাদের একপ্রকার বিতাড়িত করা হয়েছে। সেখানে এখন আমাদের কোনো বাড়ি নেই। কেন নেই? সেই কাহিনিই বলছি—আমার পূর্বপুরুষ মানে দাদার দাদারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে জড়িত ছিলেন। ফরায়জী আন্দোলন। ওই আন্দোলন যখন তুঙ্গে, তখন ব্রিটিশেরা আন্দোলনকারীদের জমিজমা কেড়ে নেয়। আন্দোলনের সঙ্গে জড়িত সেই পূর্বপুরুষের নামটি মনে নেই আমার, তবে শুনেছি তিনি চাঁদ ফরায়জী নামে পরিচিত ছিলেন। এসব কারণে আমার পূর্বপুরুষেরা নিজামপুর থেকে চলে যান। আমার দাদার দাদা চলে যান ভারতে। দাদার বাবারা মিয়ানমারে (তখনকার বার্মা) চলে যান জাহাজে কাজ করতে। এর ধারাবাহিকতা ছিল আমাদের প্রজন্মেও, আমার এক সত্ভাই দেশান্তরী হয়ে চলে যান দক্ষিণ আফ্রিকায়। পরে নাকি তাঁরা আবার এসেছিলেন নিজামপুরে, জমিজমাও কিনেছিলেন। কিন্তু সুদিন আর ফিরে আসেনি। ফলে কলকাতায় গিয়ে বসবাস করতে শুরু করেন। এসব ১৯৪৭ সালের আগের ঘটনা। দেশ ভাগের পর পূর্বপুরুষেরা ঢাকায় চলে আসেন। ফলে নিজামপুরের বাড়ির সঙ্গে আর সম্পর্ক তৈরি হলো না। তবে আমাদের পরিবারে এমন বিপ্লবী লোক ছিলেন—এ কথা মনে হলে আমি গর্ববোধ করি। এবার আসি দাবা খেলায়। সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে দাবা শুরু করিনি। তবে দেশ স্বাধীন হওয়ার পর ঘরে ঘরে দাবা খেলার চর্চা হতো। হঠাত্ করেই যেন খেলাটি জনপ্রিয় হয়ে ওঠে। কাজী মোতাহের হোসেন চৌধুরী জনপ্রিয় দাবাড়ু ছিলেন। ১৯৭২ সালের দিকে দাবার সে কি জনপ্রিয়তা! তখন ঢাকার ইস্কাটনে পাড়ার ছেলেদের সঙ্গে খেলতাম। ওখানেই কয়েকজন বড় ভাই বললেন, ‘তুমি তো ভালো খেলছ, জাতীয় প্রতিযোগিতায় যাও।’ ১৯৭৫ সালে প্রথম প্রতিযোগিতায় যাই। তখন আমার বয়স নয়। সে সময়ের অনেকের কথাই মনে পড়ে। আমাদের বাসার নিচতলায় একজন ছিলেন ফরহাদ। উনার সঙ্গে খেলতাম। তখন আমার বয়স সাত-আট। আমরা দুই ভাই মিলে ঘরে দাপাদাপি করতাম। এজন্য অনেকে অভিযোগ করতেন। আরেকজন ছিলেন জামিলুর রহমান ভাই, তিনি ছিলেন সাংবাদিক। মনে পড়ে আলী ইশতিয়াক ভাইয়ের কথাও। উনারা আমাকে নানাভাবে উত্সাহ দিয়েছেন। সে সময় রাশিয়ান গ্র্যান্ডমাস্টার অ্যালজেন্ডা লুটিকপ এসেছিলেন ঢাকায়। জাতীয় প্রেসক্লাবে তাঁর সঙ্গে অনেকের প্রীতিম্যাচ হয়। সেখানে আমিই একমাত্র ড্র করি। সেদিক থেকে একটা উত্সাহ পাই। এ ছাড়া দাবা ফেডারেশনের অনেকে আমাকে উত্সাহ দেন। সালেহ চৌধুরী, আহমেদ নূরে আলম, এআর খান ও রেজা হাইয়ের কথা মনে পড়ে। প্রথম যখন খেলতে যেতাম আহমেদ নূরে আলম (সাংবাদিক) বলতেন, ‘এসো তোমার সঙ্গে এক গেম খেলি।’ খেলতে খেলতে যখন তাঁর অবস্থা খারাপ হয়ে যেত তখন তিনি জ্যেষ্ঠ খেলোয়াড় আল মাহমুদ ভাইকে (আবদুল্লাহ আবু সায়ীদের ছোটভাই) ডেকে এনে আমার বিপক্ষে বসিয়ে দিতেন। আল মাহমুদ এসে সামাল দিলেন বা আমাকে হারিয়েই দিলেন। তাঁকেই প্রথম মনে হয়েছিল আমার চেয়ে শক্তিশালী দাবাড়ু। এভাবেই শুরু। মনে পড়ে একবার পত্রিকায় আমার ছবি ছাপা হলো। বাবার বন্ধু চকলেট নিয়ে এলেন। বললেন, ‘পত্রিকায় যার ছবি ছাপা হয়েছে, সে তো দেখতে নিয়াজের মতো।’ তখন আব্বা বললেন, ‘সে তো আমাদের নিয়াজই।’ তখন আমি খুব উত্সাহ পেয়েছি। কিন্তু এর দু-তিন বছর পর বাবা মঞ্জুর মোর্শেদ ও মা নাজমা আহমেদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। আমরা ঝিগাতলা চলে আসি। আমার বয়স তখন ১১। এতে আমি মানসিক ও আর্থিকভাবে সমস্যায় পড়ি। তবে বয়স অল্প হওয়ায় বিষয়টি আমার ভেতর খুব বেশি প্রভাব ফেলেনি। একা চলাফেরা করতে পছন্দ করতাম তখন থেকে। ফলে বাবা-মায়ের ছাড়াছাড়িতে অতটা প্রভাবিত হইনি। কিশোর বয়সে ফুটবলই খেলতাম বেশি। বাসা বদল করে ঝিগাতলায় আসার পর ফুটবল খেলা বন্ধ হয়ে যায়। ১৯৭৯ সালে ১২ বছর ১১ মাসে আমি জাতীয় চ্যাম্পিয়ন হই। কনিষ্ঠতম হিসেবে এটি এখনো রেকর্ড। ওই বছরই বাংলাদেশ দাবা ফেডারেশন বিশ্ব দাবা ফেডারেশনের সদস্য হয়। ওই প্রথম আমিও বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। প্রথমে ভারতে পরে সিঙ্গাপুরে। প্রথম বছর ভারতেই তিনটি টুর্নামেন্ট খেলি। ৮১ সালে আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার হই। এখানে একটু বলা দরকার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর অনেকে আমার প্রতি বিদ্বেষ দেখাতে শুরু করেন। অনেকে বৈরী হয়ে ওঠেন। আমি ছোট ছিলাম তবুও এসব বুঝতে কষ্ট হয়নি। বিভিন্ন দেশ থেকে ডাক এলেও আমাকে যেতে দেওয়া হতো না, আমার নথিপত্র (ফাইল) হারিয়ে যেত। জাতীয় স্পোর্টস কাউন্সিলের ভূমিকাটা খুব বাজে ছিল। তবে মো. আসাফ উদ দৌলার অবদান ভুলব না। আমাকে গ্র্যান্ডমাস্টার করতে অনেক সহায়তা করেছেন। দেশের দাবার অবস্থা এখন খারাপ। তবে আমি মনে করি সবাই চেষ্টা করলে এ সমস্যা কাটিয়ে ওঠা যাবে। বর্তমান ফেডারেশনের সঙ্গে আমি যুক্ত। দাবায় দেশকে এগিয়ে নেওয়াটাই আমার এই সময়ের সংগ্রাম।