ইরেনা কোলোকভ যাচ্ছিলেন তাঁর অনেক দিনের বন্ধু অ্যালেক্স বাইকভের সঙ্গে দেখা করতে। নির্ধারিত স্থানে গিয়েই আঁতকে উঠলেন ইরেনা! অ্যাম্বুলেন্স, ধোঁয়া, কয়েকটা দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি... আর তার মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বন্ধু অ্যালেক্স! একজন চিকিৎসক এসে অ্যালেক্সকে মৃত ঘোষণা করলেন। আর পারলেন না ইরেনা। হাঁটু মুড়ে বসে কাঁদতে শুরু করলেন। চুপিচুপি যে অ্যালেক্সকে মন দিয়েছিলেন, সে কথা আর বলা হলো না। এমন সময় ঘটল অবাক করা কাণ্ড! তড়াক করে উঠে বসলেন রক্তাক্ত অ্যালেক্স এবং ইরেনাকে বললেন, ‘আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে?!’ মনের মানুষকে প্রেম নিবেদন করতে এই অভিনব নাটকটি করতে বহু কাঠখড় পুড়িয়েছেন রাশিয়ান যুবক-অ্যালেক্স। তিনি একজন পরিচালক, মেকআপম্যান, স্টান্টম্যান এমনকি একজন চিত্রনাট্যকারকেও ভাড়া করেছিলেন ঘটনাটি সাজানোর জন্য! আর ইরেনা? হাসতে হাসতে তিনি বলেছেন, ‘উফ্্! এত ঘাবড়ে গিয়েছিলাম!’ কিছুদিন আগেই ঘর বেঁধেছেন এই জুটি।-অরেঞ্জ অনলাইন