প্রেমের মেওয়া পঞ্চম অভিসারে!

দুজনেই প্রেমে পড়েছেন। বেড়াচ্ছেন, নৈশভোজে যাচ্ছেন। ফোনে কথা বলছেন, আড্ডাও চলছে জমজমাট। এবার অভিসার। কপোত-কপোতী দুজনেই আছেন রোমান্সের উত্তেজনায়। কিন্তু সাবধান! মিলনের অপেক্ষায় থাকুন পঞ্চম অভিসার পর্যন্ত! সম্প্রতি ব্রিটিশ পুরুষদের এমনই পরামর্শ দিয়েছে দেশটির জনপ্রিয় ডেটিং ওয়েবসাইট ‘সিঙ্গেলস টোয়েন্টিফোর সেভেন’। কেননা সে দেশের তরুণীরা নাকি সম্ভাব্য জীবনসঙ্গীকে ভালো করে বাজিয়ে দেখতে অন্তত প্রথম চার অভিসার পর্যন্ত সময় নেন।
দুই হাজার নারীর অংশগ্রহণে পরিচালিত সাম্প্রতিক এক জরিপের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্তে এসেছে জনপ্রিয় এই যোগাযোগ ওয়েবসাইটটি। তারা বলছে, পঞ্চম অভিসারের আগে সম্ভাব্য সঙ্গীর কাছে নিজেকে পুরোপুরি মেলে ধরতে প্রস্তুত থাকেন না তরুণীরা। প্রথম অভিসারের সময়গুলোতে মেয়েরা নাকি তাঁদের মাথায় থাকা ১০ পয়েন্টের একটা তালিকা অনুযায়ী ছেলেটিকে যাচাই-বাছাই করতে থাকেন! প্রেমে পড়া থেকে শুরু করে প্রথম অভিসারের সময়গুলোতে মেয়েরা ভাবতে থাকে—তাঁকে কী বিশ্বাস করা যায়? আমাদের কী মিলে যাচ্ছে? সে কী হাসি ফোটাতে পারছে? সে কী সত্যিই মুগ্ধ হচ্ছে? ইত্যাদি...ইত্যাদি।
উপরন্তু এ সময়টাতে মেয়েরা নাকি অন্তত ডজন খানেক এসএমএস, পাঁচ-ছয়বার দীর্ঘ ফোনালাপ আশা করেন। আর অন্য কিছু উপহার পাওয়ার আগে এক গোছা ফুল উপহার দেওয়াটা শুধু সাধারণ সৌজন্যই নয়; এটা আদর্শ প্রেমিকদের অবশ্য কর্তব্য। দু-তিন দফা সিনেমা দেখা, বার চারেক বাইরে খাওয়া আর অন্তত সাতটি আবেগ-মধুর চুম্বনের আগে মধুর মিলনের স্বপ্ন দেখা কেবল বোকাদেরই মানায়।
জরিপে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে ওয়েবসাইটটি আরও জানিয়েছে, তরুণীরা খুব ভালো করেই লক্ষ্য করেন যে সঙ্গী তরুণটি খুব দ্রুতই ঘনিষ্ঠ হতে চাইছে কি না। কিংবা ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তরুণটি দ্রুতই সরে যেতে চাইবে কি না। অর্ধেকেরও বেশি নারীই নাকি প্রথম অভিসারের প্রথম ১০ মিনিটের মধ্যেই প্রেম বা মিলনের বিষয়ে নিজের মনস্থির করে ফেলেন!
সবশেষে সতর্কতা হিসেবে তারা জানিয়েছে, অভিসারের সময় পুরুষের শরীরের গন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য সব নারীর কাছেই। আর প্রথম অভিসারগুলোর সময়ে সে পাশে থাকা সত্ত্বেও সঙ্গী পুরুষটিকে অন্য নারীদের দিকে উঁকি-ঝুঁকি দিতে দেখলে আর কোনো আশাই নেই!