ছোটবেলা থেকেই বৃক্ষ রোপণ করছেন কার্তিক প্রামাণিক। ধু ধু মরুভূমির মতো জায়গায় বৃক্ষ রোপণ করে তা আজ সবুজ করে ফেলেছেন তিনি। যখন তাঁর বয়স বারো কি তেরো, তখন থেকেই তাঁর এ কর্মযজ্ঞ শুরু। আজ তাঁর বয়স সত্তর পেরিয়ে গেছে। সেই শৈশব থেকে অব্যাহতভাবে গাছ রোপণ করছেন। কখনো থামেননি। অসংখ্য গাছ তাঁর হাতেই রোপিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
সে বৃক্ষ আজ সবুজ দিচ্ছে। দিচ্ছে ছায়া।
এই কার্তিক প্রামাণিক আমাদের সবার প্রেরণা হতে পারেন। হতে পারেন কেন। তিনি আমাদের সত্যিকারের প্রেরণা। তাঁকে আমরা অনুসরণ করতে পারি। তাঁকে অনুসরণ করে আমরা বৃক্ষরোপণ শুরু করতে পারি। সারা দেশে রোপণ করতে পারি বৃক্ষ। এখনই সময় গাছ লাগানোর। আমাদের এক লাখ বন্ধু একটি করে গাছ লাগালে গাছের সংখ্যা হয় এক লাখ। দুটি করে লাগালে হয় দুই লাখ...।
বন্ধুরা, সারা দেশের বন্ধুসভার সংগঠকদের বলছি, আসুন, বন্ধুসভার পক্ষ থেকে আমরা গাছ লাগানো শুরু করি। আমরা চাই এই কর্মসূচির বাইরে যেন কেউ না থাকেন। প্রতিটি বন্ধুসভার পক্ষ থেকেই যেন গাছ লাগানো হয়।
বৃক্ষপ্রেমিক কার্তিক প্রামাণিকের ছেলে দবন কুমার প্রামাণিক, অনার্সের ছাত্র। চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক। দবনকে দেখেও আমরা অনুপ্রাণিত হতে পারি। কারণ দবনও তাঁর বাবাকে সাহায্য করেন। তিনিও ছোটবেলা থেকেই বাবার কাজে আছেন। বাবার সঙ্গে আছেন। গাছের পরিচর্যা থেকে শুরু করে গাছ লাগানো পর্যন্ত। দবনের মতো আমাদের অসংখ্য বন্ধু এগিয়ে আসবেন গাছ লাগাতে, সেটা নিশ্চিত।