প্রেরণায় রবীন্দ্রনাথ
সাফায়েত আলী তরফদার গত বছরের শুরুর দিকে বেড়াতে গিয়েছিলেন কলকাতায়। খুব স্বাভাবিক যে, বাঙালি ঘুরে আসবে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিদ্যাপীঠ। ঠিক তা-ই করেছিলেন সাফায়েত আলী। বিশ্বভারতীর জাদুঘর রবীন্দ্রভবন দেখার সময় তিনি লক্ষ করলেন, এখানে পুরুষের ব্যবহার্য পোশাক থেকে শুরু করে অনেক কিছুই আছে। কিন্তু মেয়েদের শাড়ি বা অলংকার নেই। অথচ বিভিন্ন প্রকাশনায় আবার ঠাকুরবাড়ির মেয়েদের ছবি স্থান পেয়েছে। বিষয়টি তিনি সেখানকার কর্তৃপক্ষকে জানান। রবীন্দ্র সদন থেকে জানানো হয়, ওই সময়ের কোনো শাড়ি সংরক্ষণ করা হয়নি। তিনি জানতে চাইলেন, তাহলে এখন কেন তাঁরা এই শাড়িগুলো বুনিয়ে নিচ্ছেন না তাঁদের তাঁতিদের মাধ্যমে? জানা গেল, সে রকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং কখনো এ বিষয়ে কেউ কাজ করতে চাইলেও তাঁতিদের মধ্যে উৎ সাহ পাওয়া যায়নি। আগ্রহী হয়ে উঠলেন সাফায়েত আলী। তাঁরা পারিবারিকভাবে ৩০ বছর ধরে মিরপুরে বেনারসি শাড়ি তৈরি এবং তা বাজারজাত করছেন। মিরপুর-১০-এ সেকশন-১০, ব্লক-এ-তে ‘মানিক বেনারসি’ নামে তাঁদের দোকান।ঠাকুরবাড়ির অন্দরমহলে বাঙালি মেয়েদের জীবনে ব্যাপকভাবে অবদান রেখেছে তাঁদের শাড়ি পরার ঢং, ব্লাউজের ফ্যাশন, শাড়ির বুনন—সবটাই। তা থেকেই সাফায়েত বর্তমানে বিশ্বভারতীর অনুমোদন নিয়ে তৈরি করছেন সেই সময়ের কিছু বেনারসি শাড়ি। বিভিন্ন রঙে কয়েকটি নকশায় এই শাড়িগুলো তাঁরা ইতিমধ্যে বাজারে এনেছেন। এই শাড়ি তৈরিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক আবুল বারকাত বিশেষ সহযোগিতা করেছেন। উল্লেখ্য, শান্তিনিকেতনের শ্রীনিকেতনেও বিভিন্ন সময়ে এই শাড়িগুলো তৈরির চেষ্টা করা হয়েছিল। কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায়নি বলে জানালেন সাফায়েত আলী।সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো, এই শাড়িগুলোর মধ্য থেকে বাছাই করা কয়েকটি স্থান পাবে রবীন্দ্র সদনে। এ ব্যাপারে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকতা শেষ হলেই আমাদের তাঁতির বোনা শাড়ি স্থান পাবে রবীন্দ্র সদনে। শাড়িগুলোর বুননে রয়েছে রাবীন্দ্রিক আমলের নকশা। পাড়-আঁচলের পেটানো কাজে জরির পাশাপাশি ব্যবহার করা হয়েছে সোনালি সুতার কাজ। এ কারণে শাড়িগুলোতে এসেছে আভিজাত্য। চল্লিশ থেকে ষাটের দশকে শাড়িতে প্রাধান্য পেয়েছিল ডুরে, চেক—এজাতীয় নকশা। মানিক বেনারসিও সে বিষয়টি মাথায় রেখে ডুরে বুননে তৈরি করেছে কাতান শাড়ি। কাতান ও বেনারসি—দুই রকমের শাড়িই তৈরি করেছেন তাঁরা রাবীন্দ্রিক চরিত্র মাথায় রেখে। এই শাড়িগুলো মানিক বেনারসি বাজারজাত করবে তাদের স্টুডিও কালেকশনের মাধ্যমে।শাড়িগুলো কিনতে পাওয়া যাবে চার হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে।আজকের তরুণীর পরনেও চমৎ কার রাবীন্দ্রিক ঢঙে বোনা শাড়ি। মডেল: আইরিন শাড়ি: মানিক বেনারসি সাজ: পারসোনা