
উপস্থাপক: আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশ্বের অন্যতম তিনজন চাপে থাকা মানুষকে নিয়ে। তাঁদের দুজনকে আপনারা সবাই চেনেন। একজন হচ্ছেন লিওনেল মেসি, যাঁর হতাশার গল্প সবাই জানেন। আরেকজন হচ্ছেন উসাইন বোল্ট, যিনি জানেন কী করে চাপ জয় করতে হয়। এবং শেষজন হচ্ছেন একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী। এইচএসসির ফলাফলের পর তিনিও ব্যাপক চাপে আছেন।
মেসি: ভাই, আপনি কাজটা করলেন কী! বোল্ট ভাই আর আমার সঙ্গে একটা পিচ্চি ছেলেকে এক টেবিলে বসায় দিলেন? আমাদের প্রেশারের সঙ্গে ওর প্রেশারের কোনো তুলনা হয়?
বোল্ট: ঠিক, মেসি ভাই। আমিও আপনার সঙ্গে একমত।
উপস্থাপক: আপনারা অধৈর্য হবেন না। অচিরেই আমরা কারণটা জানতে পারব। আমরা একে একে মেসি ভাই ও বোল্ট ভাইয়ের কাছে তাঁদের হতাশার গল্প শুনব। তারপর ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী ভাইয়ের কাছে যাব। পরীক্ষার্থী ভাই, আপনি হাসি থামান। এমনিতেই মেসি ভাইয়ের মেজাজ এখন খারাপ আছে।
মেসি: আপনাকে কী আর বলব ভাই, বলেন? এত চাপ কি নেওয়া যায়? আর এর মধ্যে আবার ওই রোনালদো ইউরো পেয়ে গেল, আমি আছি হিউজ প্রেশারে। সবাই বলে, ‘রোনালদো ইউরো পাইল, তুমি কোপা পাইলা না...।’ আরে ভাই, আপনিই বলেন, রোনালদো ইউরো পাইলে আমাকে কেন কোপা পাইতে হবে! এটা কোনো বিবেচনার কথা হইতে পারে? আর ভাই, আমি কি কষ্ট কম করি? চেষ্টা করছি, পারি নাই, আমার দোষ কী? আমিও তো মানুষ, নাকি! কী বলেন আপনি?
এ জন্য তো একবার খেলা ছেড়ে দিব ভাবছিলাম, পরে আবার ফিরে এলাম।
উপস্থাপক: আসলেই দুঃখজনক, কী আর করা যাবে, বলেন? সমস্যা নাই, ঢাকা ভার্সিটি নাইলে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধ করে দিছে, ফিফা তো আর করে নাই। আপনি সামনের বার ওয়ার্ল্ড কাপে দেখায়া দিয়েন। এবার বোল্ট ভাইয়ের কাছে শুনব সব চাপ তিনি কী করে সামলান। ভাই, একটু ধীরে ধীরে বলবেন, সবকিছুতে আপনার অনেক তাড়াহুড়ো আমরা জানি।
বোল্ট: আসলে ভাই, চাপ কোনো ব্যাপার না। চাপ থাকবেই, সে জন্য আপনাকে ভেঙে পড়লে চলবে না। এই যেমন ২০১২ সালের অলিম্পিক আমার একটু খারাপ গেছিল। ২০০৮-এ কিন্তু ভালোই করছিলাম। কিন্তু সেবার তুলনামূলকভাবে একটু খারাপ করার পর চারদিক থেকে কত যে কথা শুনতে হইছে! পাশের বাসার ভাবি এসে কত ধরনের কথা শুনিয়ে গেলেন! আমাকে দিয়ে নাকি হবে না, এটা-সেটা। আমি কিন্তু বিচলিত হই নাই। চেষ্টা করে গেছি শেষ পর্যন্ত। তাই আজকে আমি সফল।
উপস্থাপক: একি! আপনি হাসছেন কেন? মেসি ভাই, বোল্ট ভাইয়ের কথা শুনে কি আপনার হাসি পাচ্ছে? আপনার প্রেশারের কথা বলুন, কী নিয়ে এত প্রেশারে থাকেন আপনি?
মেসি: হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন দেখি, এত কিসের প্রেশার?
ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী: ভাই, আপনার চাপ আর বোল্ট ভাইয়ের চাপ যোগ করেন, আমারটা পেয়ে যাবেন।
বোল্ট: মানে? কী বলতে চান আপনি?
ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী: আমার চাচার শালির চাচাতো বোনের মামাতো ভাইয়ের ছেলে গতবার নাকি মেডিকেলে টিকেছে, এ জন্য আমার নাকি এবার ইঞ্জিনিয়ারিংয়ে টিকতেই হবে। এটা কোনো কথা? আর আমার পাশের বাসার ইদরিস আঙ্কেলের ছেলে এইচএসসিতে গোল্ডেন পাইছে, কিন্তু আমার কেমিস্ট্রিতে মিস। আমিও তো মেসি ভাইয়ের মতো চেষ্টা করছি, কিন্তু পারি নাই। আমার দোষটা কোথায়? এ কারণে আবার বোল্ট ভাইয়ের মতো আমাদের পাশের বাসার আন্টিরাও কথার ফুলঝুরি ছোটাচ্ছেন। আমি কিন্তু এসএসসিতে ঠিকই গোল্ডেন পাইছিলাম, তখন ওই আন্টিরা কোথায় ছিলেন? মেসি ভাইয়ের মতো আমিও ভাবছিলাম, পড়াশোনা ছেড়ে দেব, কিন্তু সাহসে কুলায় নাই। আর মেসি ভাই তো চাইলে আরেকবার ওয়ার্ল্ড কাপ, কোপা খেলতে পারবেন, আমি তো আরেকবার এইচএসসি দিতে পারব না। আবার এবার খারাপ করলে সামনে আরেকবার ভর্তি পরীক্ষাও দিতে পারব না।
ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীর বক্তব্য শেষ হতে না-হতেই লিওনেল মেসি ও উসাইন বোল্টের চোখে পানি। উপস্থাপকও কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠলেন, ‘আজকে আমাদের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি, আমরা এক দিনে এত প্রেশার নিতে পারছি না...।’