প্রেসক্লাবে তিন দিনের বই উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়োজনটা ছোট পরিসরে। একটি মিলনায়তন ঘিরে। তবে এ ছোট পরিসরেও পৃথিবীর এ-প্রান্ত থেকে ও-প্রান্ত চষে বেড়ানোর সুযোগ রয়েছে বইয়ের পাতায় পাতায়। ব্যাপ্তি বহুদূর। দর্শনার্থীদের আগ্রহ আর বইয়ের প্রতি ভালোবাসায় জমজামট হয়ে ওঠে চট্টগ্রাম প্রেসক্লাবের বই উৎসব। মেলায় স্থান পেয়েছে ৫২ জন লেখকের তিন শতাধিক বই। তাঁরা সবাই প্রেসক্লাবের স্থায়ী, অস্থায়ী, আজীবন দাতা ও সহযোগী সদস্য। তবে বেশির ভাগ লেখক পেশায় সাংবাদিক। খবরের পেছনে ছোটা মানুষগুলোর সাহিত্যভাবনা পাঠকদের সঙ্গে নতুন সেতুবন্ধন তৈরি করল এই উৎসব। তিন দিনের এ আয়োজন লেখক, সাংবাদিক ও পাঠকের আড্ডা মুখর করে রাখে প্রেসক্লাব প্রাঙ্গণ। ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলে উৎসব।৮ নভেম্বর উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। তিনি বলেন, শিক্ষার উন্নতি এবং অগ্রগতিতে বই উৎসব নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ অবদান রাখতে পারে। প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী। স্বাগত বক্তব্য দেন ক্লাব সাধারণ সম্পাদক রাশেদ রউফ। প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান বলেন, সাংবাদিক-লেখকদের উৎসাহিত করতেই চট্টগ্রাম প্রেসক্লাব বই উৎসব শুরু করেছে। এই ধারাবাহিকতায় ভবিষ্যতে উৎসব আরও ব্যাপক আকার ধারণ করবে।দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় ‘বইয়ের প্রচার ও প্রসারে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক মুক্ত আলোচনা। এতে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে অগ্রসর ও সৃজনশীল করে গড়ে তুলতে বইয়ের কোনো কিকল্প নেই। আর মিডিয়াই হচ্ছে বইকে প্রচার প্রসারের অন্যতম মাধ্যম। সাহিত্যকে সমৃদ্ধ করে প্রচার মাধ্যমকে কাজে লাগাতে হবে। প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে মুক্ত আলোচনায় বক্তব্য দেন সাংবাদিক এম. নাসিরুল হক, জসীম চৌধুরী, এজাজ ইউসুফী, সিডনি প্রবাসী লেখক অজয় দাশগুপ্ত, অধ্যাপক হোসাইন কবির প্রমুখ। সমাপনী দিনেও লেখক-পাঠকের সম্মিলনে মুখর থাকে মিলনায়তন।