প্রেসিডেন্টের ভাষণলেখক, বয়স ২২!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলি ওয়াংওমবের বয়স মাত্র ২২। কিন্তু তাতে কী! এরই মধ্যে তিনি দেশের ইতিহাসে ছোট হলেও একটি স্থান করে নিয়েছেন। সম্প্রতি কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন উহুরু কেনিয়াত্তা। তিনি দেশবাসীর উদ্দেশে যে বিজয় ভাষণ দেন, তা লেখার পেছনে অন্যতম ভূমিকা রাখেন এই তরুণী। দেশে চলমান বিরোধের প্রেক্ষাপটে সমঝোতার সুর থাকায় ভাষণটি দারুণ প্রশংসা কুড়িয়েছে।প্রেসিডেন্ট কেনিয়াত্তা যখন তাঁর লেখা ভাষণ দিচ্ছিলেন, তখনকার অনুভূতি এভাবেই প্রকাশ করলেন জুলি ওয়াংওমবে: ‘ওই মুহূর্তে কেবল একটা কথাই আমার মাথায় ঘুরছিল। তা হলো, টেলিপ্রম্পটার (টিভির সংবাদ পাঠকদের সামনে যে যন্ত্রে লেখা ভেসে ওঠে) যেন আমার সব পরিশ্রম ভেস্তে না দেয়। কেননা, এতে জট পাকালে প্রেসিডেন্টের ভাষণ ডুবত।’ জুলি বলেছেন, আনন্দ অশ্রু ফেলার অবকাশ ছিল না তাঁর। ভাষণের সময় তিনি যেন উড়ছিলেন। আর মনে করার চেষ্টা করছিলেন, কোনো বানান ভুল ঠিক করতে ভুলে গেছেন কি না। তবে একটা বিশ্বাস তাঁর ছিল, ভাষণটা ভালো হয়েছে। কারণ, উহুরু কেনিয়াত্তা অনেকবার তা পড়েছিলেন। তাঁর এটি পছন্দ হয়েছিল। জুলির উৎকণ্ঠার অবসান ঘটিয়ে কেনিয়াত্তা সাফল্যের সঙ্গেই ভাষণ শেষ করেন। ওই ভাষণের পর দেশজুড়ে যে প্রতিক্রিয়া হয় তাতে জুলি মুগ্ধ। কাজটা নিখুঁতভাবে শেষ করতে পেরে গর্বের শেষ নেই তাঁর।প্রেসিডেন্টের ভাষণটি লেখার পেছনে যে দলটি কাজ করেছে, তা ছিল তারুণ্যনির্ভর। দলের সবার লক্ষ্য ছিল, দেশকে ভালো কিছু দেওয়া। প্রায় সবার বয়স একেবারে কম হলেও দায়িত্বের ব্যাপারে সচেতনতার কমতি ছিল না কারও। জুলি জানিয়েছেন, প্রেসিডেন্ট ভাষণ দেওয়ার দুই সপ্তাহ আগে তা লেখা শুরু করেছিলেন তিনি। চূড়ান্ত করার আগে বেশ কয়েকটা খসড়া লিখতে হয় তাঁকে। লেখার কাজটি চলে প্রেসিডেন্টের কার্যালয়ে বসেই। এক একটি অংশ লেখার পর তাঁরা কেনিয়াত্তার কাছে নিয়ে যেতেন। তিনি পছন্দমতো কাটাছেঁড়া করতেন। তিনি সম্পাদিত অংশ জোরে জোরে পড়ে শোনাতেন, যাতে তরুণ লেখকেরা এর ভাবটা বুঝতে পারেন।জুলি জানালেন, প্রেসিডেন্ট কেনিয়াত্তা একজন ভালো বক্তা। সে জন্য তাঁকে খুব বেশি মহড়া দিতে হয়নি। ভাষণ লেখার কাজ ঠিকমতো শেষ করতে পারায় তিনি তরুণদের ধন্যবাদ জানান। ভবিষ্যৎ-পরিকল্পনা নিয়ে জুলি বলেন, ‘আমি কলেজে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়ছি। দেশের উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। আমি মনে করি, এটাই আমার আসল পথ। ধর্ম-কর্মের প্রতিও আবেগ আছে আমার।’  আবু হুরাইরাহ্