প্রোগ্রামিংয়ে পথ চলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিশাত মাওলা। ছবি: মারলিন বিশ্বাস
নিশাত মাওলা। ছবি: মারলিন বিশ্বাস

কিছুদিন আগেও প্রোগ্রামিংয়ের ‘সাতপাঁচ’ জানা ছিল না তাঁদের। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনসের (এইউডব্লিউ) সুমাইয়া, লায়লা, অনিলারা ‘পাইথন’ মানে অজগর আর ‘জাভা’ একটি দ্বীপ—এমনটাই জানতেন। কিন্তু মাস পেরোতেই এখন তাঁরা সাদাকালো কোডিং লিখে তৈরি করেন রঙিন ওয়েবসাইট। নতুন এই দুনিয়ার সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দিয়েছে চলতি সেমিস্টারে চালু হওয়া প্রোগ্রামিং শেখার কোর্স ‘সিএসফিফটিএক্স’। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় তৈরি অনলাইন কোর্স সিএসফিফটিএক্সের মাধ্যমে একজন শিক্ষার্থী প্রোগ্রামিং সম্পর্কে একেবারে শূন্য থেকে শেখার সুযোগ পায়। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনসে কোর্সটি পরিচালনা করছেন এই বিশ্ববিদ্যালয় থেকেই কম্পিউটার বিজ্ঞানে স্নাতক পেরোনো নিশাত মাওলা। এই কোর্সের সঙ্গে নিশাতের জড়িয়ে পড়ার গল্পটাও মজার! সেটা বলছি পরে। আগে তাঁর সঙ্গে পরিচিত হওয়া যাক।

নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখাচ্ছেন নিশাত
নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখাচ্ছেন নিশাত

নিশাত মাওলা ২০১৩ সালে এইউডব্লিউ থেকে স্নাতক সম্পন্ন করে স্নাতকোত্তর করেন দক্ষিণ কোরিয়ার ইঞ্জিনিয়ারিং কলেজ অব ইউহা ওমেনস ইউনিভার্সিটিতে। সেরা গবেষণাপত্র লেখার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি থেকে স্নাতকোত্তর পর্যায়ে তিনি বিশেষ পুরস্কার পেয়েছেন। কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে সুযোগও পেয়েছেন পিএইচডি করার। কয়েক মাসের ছুটিতে তিনি দেশে এসেছিলেন। নিজের ক্যাম্পাসে যোগাযোগ করে জানতে পারেন, প্রোগ্রামিং শেখার কোর্সটি শুরু হচ্ছে। আর সেটি দেখভালের প্রস্তাব দেওয়া হয় নিশাতকে। নিশাত বলেন, ‘এটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা! কম্পিউটার বিজ্ঞানে পড়ে যা শিখেছি, তা এই নতুন প্রোগ্রামারদের উপযোগী করে শেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীদের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে বলেই সহজ ভাষায় সব বোঝাতে পারছি। ওরাও দ্রুত শিখছে।’
শুধু পড়াশোনা নয়, নিশাত মাওলা যুক্ত আছেন নারীর ক্ষমতায়নবিষয়ক নানা কাজের সঙ্গে। এরই মধ্যে নারীদের কম্পিউটার বিজ্ঞানে আগ্রহী করতে নানা ধরনের উদ্যোগ নিয়েছেন। নিশাত বলেন, ‘চাকরি পাওয়ার প্রতিযোগিতায় এগিয়ে থাকতে তো বটেই, পেশাগত জীবনেও কম্পিউটারের জ্ঞান থাকা প্রয়োজন। মেয়েরা প্রোগ্রামিংয়ের মতো কাজে অনেক পিছিয়ে আছে। তাঁদের আগ্রহী করতে আমরা চেষ্টা করছি।’ এইউডব্লিউতে প্রথমবারের মতো চালু হওয়া এই কোর্সে চলতি সেমিস্টারে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৫ জন শিক্ষার্থী। নিশাত মাওলা সিএসফিফটিএক্স কোর্সের শিক্ষার্থীদের নিয়ে ভীষণ আশাবাদী।