প্রোগ্রামিংয়ে তিন তরুণের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলজীবনে ‘জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো’ প্রবাদটি কে না পড়েছেন। পড়েন সবাই, কিন্তু কাজে কয়জন লাগান। কেউ কেউ কাজে লাগান, আর তাঁরাই সাফল্যে উদ্ভাসিত হন। এ রকমই তিন কৃতী হলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান, সৈয়দ ইরফান আলী ও ওয়াহিদুল আজম। এ বছরের ২২ জানুয়ারি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত জাতীয় কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায় (এনসিপিসি) দলগতভাবে চতুর্থ এবং বিশ্ববিদ্যালয়গতভাবে দ্বিতীয় স্থান অধিকার করে। দীর্ঘ দুই বছর কঠোর মনোযোগ, অধ্যবসায় ও সাধনার ফলেই এসেছে এই বিরাট কৃতিত্ব। ২০০৮ সালের কথা। মশিউর, ওয়াহিদ ও ইরফান মূলত বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক হুমায়ুন কবীরের অনুপ্রেরণায়ই প্রোগ্রামিং অনুশীলন শুরু করেন। তাঁদের আরও দক্ষ করতে এগিয়ে আসেন স্টেট ইউনিভার্সিটির প্রভাষক আশীষ কুমার বিশ্বাস (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত)। তাঁর দক্ষ তত্ত্বাবধানে ইরফান, ওয়াহিদ এবং মশিউর নিয়মিত বিভিন্ন অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা যেমন: ভ্যালাদোলিদ অনলাইন জাজ, এসিএম আইসিপিসি ইত্যাদিতে অংশ নিতে থাকেন। শুরুটা পরিশ্রমসাধ্য ও সময়বহুল হলেও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তাঁদের দক্ষতা বাড়তে থাকে। প্রতিযোগিতা যে প্রতিভার উন্মেষ ঘটায়, তার প্রমাণ এই তিনজন। ২০০৮ সালে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি (আইআইটি) আয়োজিত প্রোগ্রামিং প্রতিযোগিতায় তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে ‘এসইউবি অ্যাপসাইলন’ নামে অংশ নেন। ধীরে ধীরে আরও কিছু প্রতিযোগিতায় অংশ নিয়ে দক্ষ হওয়া এ দলটি তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখে ২২ জানুয়ারি ২০১০। চুয়েট আয়োজিত এনসিপিসিতে ৫৯টি দলের মধ্যে চতুর্থ স্থান অধিকার করে এই দলটি। প্রথম তিনটি স্থান ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধিকারে। ফলে বিশ্ববিদ্যালয়গতভাবে স্টেট ইউনিভার্সিটি দ্বিতীয় স্থান অধিকার করে। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন এ কে এম লুত্ফুজ্জামান শিক্ষার্থীদের এই সাফল্যে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আগের প্রতিযোগিতাগুলোতে স্টেট ইউনিভার্সিটির র্যাংকিং ক্রমান্বয়ে ভালো হতে থাকায় আমাদের বিশ্বাস ছিল, এবার ভালো কিছু হবে।’ দেশীয় প্রতিযোগিতার সাফল্য স্টেট ইউনিভার্সিটির এই দলটিকে এখন উদ্বুদ্ধ করছে এসিএম আইসিপিসির আঞ্চলিক অনুষ্ঠানে আরও ভালো কিছু করার। এসিএম আইসিপিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় ও আকর্ষণীয় আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে বছরের শেষ ভাগে এবং আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত হবে ২০১১ সালে মিসরে। মিসরের স্বপ্ন এখন এই তিনজনের চোখে।