প্রয়োজন এলাকাভিত্তিক সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের একেক এলাকায় যানজটের প্রকৃতি একেক রকম। তাই এর সমাধানের উপায়ও ভিন্ন। যানজট নিরসন প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা নির্দিষ্ট স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করা, ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার করা, রিকশা ও ভারী যান চলাচলে বিধিনিষেধ আরোপ এবং সড়ক প্রশস্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন। এ ছাড়া, সিটি করপোরেশন, সিডিএ, বিআরটিএ এবং ট্রাফিক বিভাগের মধ্যে সমন্বয়ের ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্ট সবাই। পাথরঘাটা এলাকায় সকাল না হতেই মাছের গাড়িগুলোর ফিশারিঘাটে যাতায়াত শুরু হয়। পাশাপাশি কর্ণফুলী সেতু এলাকার সংযোগ সড়ক ধরে চাক্তাই-খাতুনগঞ্জের দিকে চলতে থাকে পণ্যবাহী ট্রাক। ট্যাক্সি-টেম্পো, রিকশা তো আছেই। জানা যায়, পাথরঘাটা এলাকার সড়কগুলো দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা কেউ মানছেন না। কোতোয়ালি মোড়ের পর থেকে কর্ণফুলী সংযোগ সড়ক পর্যন্ত কোনো ট্রাফিক পুলিশ নেই। যানবাহন নিয়ন্ত্রণ করছে কমিউনিটি পুলিশ। অপরদিকে পুলিশের চোখ এড়িয়ে ফিরিঙ্গিবাজার দিয়ে ঢুকে বংশাল রোড হয়ে স্কলাস্টিকাস উচ্চবিদ্যালয়ের সামনে আসে ট্রাক। একই অবস্থা ইকবাল সড়কেও। এলাকায় যানজট নিরসনের উপায় কী জানতে চাইলে সেন্ট স্কলাস্টিকাস বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরী পালমা বলেন, ‘ট্রাক, টেম্পো, লরি চলাচল বন্ধ হওয়া উচিত। মাছের গাড়ি চলার ক্ষেত্রে সময় বেঁধে দিলে ভালো হয়।’ তিনি জানান, এ ব্যাপারে ইতিমধ্যে পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়েছে। স্থানীয় ফোন-ফ্যাক্সের দোকানি এনামুল হক বলেন, ‘ট্রাফিক পুলিশের নজরদারি দরকার। কারণ কমিউনিটি পুলিশ টাকা নিয়ে বড় গাড়িগুলো ছেড়ে দিচ্ছে।’ খাতুনগঞ্জের যানজটে ভুক্তভোগী শুঁটকি ব্যবসায়ী সমিতির সহসভাপতি শফিকুল আলম বলেন, ‘ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা কার্যকর হলে ভোগান্তি কমবে। চামড়ার গুদামের পাশ দিয়ে ফিরিঙ্গিবাজারের দিকে চলে যাওয়া সড়কটি একমুখী করার কথাও বলেন তিনি। আসাদগঞ্জের ব্যবসায়ী অভিজিত দত্ত বলেন, ‘এখানে ট্রাক দাঁড় করিয়ে পণ্য ওঠানামার কারণেই বেশির ভাগ সময় যানজট হয়। তাই রাতের বেলা কিংবা সন্ধ্যা ছয়টার পর পণ্য ওঠানামা করা যেতে পারে।’ একই কথা বলেন ঢেউটিন ব্যবসায়ী মো. হাসানও। ‘বহদ্দারহাট এলাকায় যানজট কমাতে ট্রাফিক পুলিশের উদ্যোগই যথেষ্ট।’ এ অভিমত স্থানীয় রড ব্যবসায়ী কাজল দত্ত ও কাঠ ব্যবসায়ী আবু সৈয়দের। তাঁরা বলেন, ‘মোড়ে ভ্যান নিয়ে বসে থাকা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের সরানো এবং একই সঙ্গে রিকশা, সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ডগুলো তুলে দেওয়া দরকার।’ তাঁদের মতে, বহদ্দারহাট সড়কের আয়তন এখন অনেক বেড়েছে। এখানে তাই তেমন জট লাগার কথা নয়। ‘চকবাজারে যানজট নিরসনে গনি বেকারি থেকে বহদ্দারহাট পর্যন্ত রুটটি সমপ্রসারণের কথা থাকলেও তা করতে পারেনি সিডিএ। এ ব্যাপারে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’ বললেন ব্যবসায়ী আনোয়ার হোসেন।চকবাজারের মতো জনবসতিপূর্ণ ঘিঞ্জি এলাকায় সরু রাস্তাগুলো বিশেষ করে আমান আলী সড়ক, ডিসি রোডসহ এলাকার প্রধান সড়কের পাশের গলি-উপগলিগুলো সম্প্রসারণ করা গেলে এবং জামাল খান এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং নিয়ন্ত্রণ করা হলে যানজট সমস্যার সমাধান মিলবে বলে জানান স্থানীয় লোকজন। পোশাক কারখানার কর্মকর্তা সৈয়দ রেজাউল হক বলেন, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় গাড়ি পার্কিংয়ের তেমন ব্যবস্থা নেই। ফলে যানবাহনগুলোর বেশির ভাগ রাস্তায় অপেক্ষমাণ থাকে। এ এলাকায় রিকশা চলাচল নিষিদ্ধ করা দরকার বলেও মন্তব্য করেন তিনি। মো. রফিকুল হক নামে অপর এক সরকারি কর্মকর্তার অভিমত, ট্রাফিক নিয়ন্ত্রণে নির্দিষ্ট কোনো সময় মানা হয় না। ফলে সময়ের হেরফেরে যানজট বেড়ে যায়।বাংলাবাজার এলাকার লবণ ব্যবসায়ী আবদুর রাজ্জাক জানান, সিডিএ কর্তৃপক্ষ এখানে রাস্তা সম্প্রসারণের জন্য কিছু জায়গা অধিগ্রহণ করেছে। কিন্তু জায়গাটি অবৈধ ট্রাকস্ট্যান্ডে পরিণত হয়েছে। এ ছাড়া রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের গুদাম। এখানে পণ্য ওঠানামা করা হয় দিনরাত। ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। দেওয়ানহাট সড়কে যানজট প্রসঙ্গে স্থানীয় প্রবীণ বাসিন্দা রমজান আলী বলেন, ‘প্রথমত, মোড় থেকে রিকশা-টেম্পোর অবৈধ স্ট্যান্ড বা জটলা সরিয়ে নিতে হবে। পাশাপাশি ভ্যানে করে মাছ, তরিতরকারি বিক্রেতাদেরও সরিয়ে দিতে হবে। তা ছাড়া ট্রাক চলাচলও নিয়ন্ত্রণ করা দরকার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাহাড়তলী এলাকায় ট্রাকে পণ্য ওঠানো নামানোর সময়ের পরিবর্তন ও সড়ক প্রশস্ত করার প্রস্তাব দিয়েছেন স্থানীয় বাসিন্দা আবুল কালাম। তিনি বলেন, ‘রাত ১০টার পর পণ্য খালাসের ব্যবস্থা করলে দিনের বেলায় সড়কের ওপর চাপ কমে যাবে।’ যানজট নিরসনের উপায় সম্পর্কে বাংলাদেশ কাভার্ডভ্যান, ট্রাক পণ্য পরিবহন মালিক সমিতির বন্দরবিষয়ক সম্পাদক আমির পারভেজ বলেন, ‘বন্দরনগর হিসেবে এখানে প্রতিদিনই নগরের বাইরে থেকে নানারকম পণ্যবাহী যানবাহন যাওয়া-আসা করে। কিন্তু এসব যানবাহনের জন্য নির্দিষ্ট কোনো টার্মিনাল না থাকায় এগুলো যত্রতত্র বিক্ষিপ্তভাবে রাখা হয়। এতে স্বাভাবিকভাবেই যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনে এ ধরনের যানবাহনের জন্য শহরের বাইরে টার্মিনাল নির্মাণ করা দরকার। পাশাপাশি বিভিন্ন আন্তজেলা পরিবহনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার কাজটিও শহরে ঢোকার মুখে কোথাও সেরে নিলে ভালো হয়। কারণ শহরের মধ্যে যেখানে-সেখানে গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার সময়ও যানজট লেগে যায়।’রমজানে যানজট থেকে রেহাই পাওয়ার আপাত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ট্রাফিক বিভাগ, সিটি করপোরেশন, সিডিএ, বিআরটিএ ও মালিক-শ্রমিক সমিতির কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা যায়, রমজানে যানজট নিরসনের লক্ষ্যে তাদের বিশেষ কোনো পরিকল্পনা আপাতত নেই। অপরদিকে চালক, যাত্রী, ও বিশেষজ্ঞমহল বলছেন, ট্রাফিক বিভাগ আন্তরিক হলে আপাত সমস্যার সমাধান করা সম্ভব। তবে পুরোপুরি যানজটমুক্ত নগর দেখতে চাইলে সব বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নগর পরিকল্পনাবিদ শহিদুল হক বলেন, ‘যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা দরকার।’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী হাসান বিন শামস্ ছোটগাড়ি কমিয়ে বড় গাড়ি নামানো ও পুরোনো গাড়ি চলাচল বন্ধের ওপর জোর দিয়েছেন এবং এ ব্যাপারে সরকারি পর্যায়ের উদ্যোগের প্রয়োজনের কথা বলেছেন।বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব বেলায়েত হোসেন মনে করেন, ফুটপাত থেকে হকারদের তুলে দেওয়া এবং অনির্ধারিত স্থানে গাড়ি দাঁড়াতে না দিলে রমজানে যানজট থেকে মুক্ত থাকা সম্ভব হবে। আইন মেনে চললে যানজট কম হতো বলে স্বীকার করলেন জিইসির মোড়ের রিকশাচালক রশিদ আহমদ। নিজেদের দোষের কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমাদের রিকশাচালকেরা অনেক খারাপ। কেউ নিয়ম মানতে চায় না।’ অন্যদিকে, ম্যাক্সিচালক মো. ফোরকান বলেন, ‘দু-একজন আইন মানেন না বলে সবাই মানেন না এটা তো ঠিক না।’ তবে তিনিও মনে করেন, নিজেরা আইন মেনে চললে ট্রাফিক পুলিশের আর দরকার হতো না।সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আবুল হাসনাত যানজট নিরসনের উপায় হিসেবে রাস্তা বড় করা, পুরোনো গাড়ি উঠিয়ে দেওয়া, সিটিবাস সার্ভিস জোরদার করা এবং নতুন রাস্তা নির্মাণ করার কথা বললেন।নগর পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ যানজট নিরসনে বেশ কয়েকটি উপায়ের কথা বলেছেন। উপায়গুলো হচ্ছে নগরের ইপিজেড, কাস্টমস ও বিপণিবিতানের পাশের অব্যবহূত রাস্তা-পারাপারের সেতু (ফুটওভার ব্রিজ) চালু করাসহ আরও দুটি সেতু নির্মাণ, ইপিজেডে কর্মরত শ্রমিকদের ওই এলাকায় থাকার ব্যবস্থা করা, অক্সিজেন, শাহ আমানত সেতুর ওপরে এবং জাকির হোসেন সড়কসহ (সিটি গেট এলাকা) তিনটি জায়গায় বাসটার্মিনাল স্থাপন এবং বন্দরের গাড়ি চলাচলের রাস্তা ও সাধারণ মানুষের চলাচলের জন্য আলাদা সড়ক নির্মাণ করা, পাঁচ-সাত হাজার ট্রাক একসঙ্গে রাখার মতো নির্দিষ্ট ট্রাক টার্মিনাল নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠান ও কার্যালয়গুলোতে নির্দিষ্ট গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা ইত্যাদি।জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক মীর গোলাম ফারুক গাড়িচালকদের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে বোঝানোর ওপর জোর দিয়ে বলেন, ‘চালকদের সচেতন করা সম্ভব হলে নগরে যানজট সমস্যা অনেকটাই কমিয়ে আনা যাবে।’