ময়না খাতুনের প্রসবব্যথা ওঠার পর ডাকা হলো গ্রামেরই এক ধাত্রীকে। তাঁর নেই তেমন কোনো প্রশিক্ষণ। প্রসব করানোর পর দেখা গেল নবজাতকের মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ঘণ্টা চারেক পরে শিশুটিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। শিশুটি পরদিন সকালেই মারা যায়। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা জানান, প্রসবের সময় জোরে টানতে গিয়ে নবজাতকের মাথায় আঘাত লাগে। তাই মাথার ভেতর অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে শিশুটি মারা গেছে। গত মে মাসে যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামে এ ঘটনা ঘটে।শুধু এই একটি ঘটনাই নয়, অদক্ষ ধাত্রীর হাতে সন্তান প্রসব করাতে গিয়ে দেশে এ পর্যন্ত বহু শিশু মারা গেছে। বিশ্বে প্রতিদিন প্রসব-জটিলতায় এক হাজার নারী ও দুই হাজার শিশুর মৃত্যু ঘটে। সম্প্রতি আন্তর্জাতিক শিশুবিষয়ক সাহায্য সংস্থা (সেভ দ্য চিলড্রেন) এ তথ্য জানিয়েছে।প্রতিদিন যে হারে শিশু জন্মগ্রহণ করছে, সেই তুলনায় নেই দক্ষ ধাত্রী। আর অদক্ষ ধাত্রী দিয়ে প্রসব করানোয় বাংলাদেশে প্রতিদিন অনেক শিশু পৃথিবীর আলো দেখছে না। ঘটছে মাতৃমৃত্যু।বাংলাদেশে প্রতিবছর জন্মের মাত্র এক মিনিটের মধ্যেই মারা যাচ্ছে ৩০ হাজার শিশু। জন্মের প্রথম মিনিটের মধ্যে বার্থ অ্যাসফিক্সিয়া বা নিঃশ্বাস নিতে না পারায় এই মৃত্যু হয়। আর এসব ঘটনা ঘটছে প্রসবের সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায়।এদিকে ইউএসএইড ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড ইমপ্লিমেন্টেশন প্রোগ্রামের (এমচিপ) অর্থায়নে এ বিষয় নিয়ে বাংলাদেশে একটি গবেষণা প্রকল্প পরিচালিত হয়। এখানে বলা হয়েছে, বাড়িতে সন্তান প্রসব, দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়া এবং প্রসবের সময় স্বাস্থ্যকর্মী অথবা দক্ষ ধাত্রী কাছে না থাকায় শিশুর মৃত্যু হচ্ছে।বাংলাদেশ হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভের (বিডিএইচএস) ২০১১ সালের প্রতিবেদন অনুযায়ী ৭১ শতাংশ প্রসব করানো হচ্ছে বাড়িতেই। আর ২৯ শতাংশ হচ্ছে সরকারি-বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে।বিডিএইচএসের ২০০৭ সালের প্রতিবেদনে বলা হয়, বাড়িতে সন্তান প্রসবকালে দক্ষ ধাত্রীর সেবা পাচ্ছেন মাত্র ১৮ শতাংশ প্রসূতি। এমনকি সন্তান প্রসবকালে যাঁদের অস্ত্রোপচার দরকার, তাঁদের মধ্যে মাত্র ৫ শতাংশ এ সেবা পেয়ে থাকেন।শুধু প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীর মাধ্যমে প্রসব করালেই হয়তো প্রসবকালীন শিশুমৃত্যুর পরিসংখ্যানটা পাল্টে যেতে পারে। আর এ জন্য সবার আগে প্রয়োজন পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী, যাঁরা ঘরে ঘরে পৌঁছে প্রসবকালে মায়েদের পাশে থাকবেন, কখনো নিজেরাই প্রসব করাবেন, আবার প্রসবের সময় জটিল পরিস্থিতিতে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের কাছে পাঠানোর জন্য বাড়ির অভিভাবকদের উৎসাহিত করবেন।বাংলাদেশে মাতৃমৃত্যু জরিপ ২০১১ অনুযায়ী প্রতি লাখে যেখানে ২০০১ সালে ছিল ৩২২ জন, ২০১০ সালে তা ১৯৪-এ নেমে আসে।বাংলাদেশ মাতৃমৃত্যু জরিপ ২০১০-এ দেখা গেছে, সন্তান প্রসবের ক্ষেত্রে ২০০১ সালে যেখানে অস্ত্রোপচারের হার ছিল ২ দশমিক ৬ শতাংশ, তা ২০১০-এ এসে ১২ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে।বাংলাদেশে দক্ষ ধাত্রীর সংখ্যা বাড়াতে সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে।সরকারিভাবে সিএসবিএ (কমিউনিটি স্কিলড বার্থ অ্যাটেনডেন্ট) বা প্রশিক্ষণপ্রাপ্ত প্রসব সহকারীদের ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২০১১ সালে দেশে তাঁদের সংখ্যা ছিল ছয় হাজার ৫০০। ২০১৩ সালে এই সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৭০০-এ। অন্যদিকে প্রান্তিক অঞ্চলে প্রশিক্ষণ দেওয়া হয় বেসরকারিভাবে। তাঁদের বলা হয় প্রাইভেট সিএসবিএ। তাঁদের সংখ্যা ২১৪। আর বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন ২৫২ জন।বিডিএইচএসের ২০১১ প্রতিবেদনে বলা হয়, যেহেতু ৭১ শতাংশ প্রসব বাড়িতে হচ্ছে, সে জন্য চেষ্টা করা হচ্ছে প্রতি ওয়ার্ডে অন্তত একজন ধাত্রীকে প্রশিক্ষণ দিতে।ম্যাটারনাল ও নিওন্যাটাল হেলথের উপকর্মসূচি ব্যবস্থাপক নাসিমা খাতুন বলেন, সরকার নবজাতকের মৃত্যু রোধসহ মাতৃমৃত্যুহার কমাতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। ফলে মাতৃ ও শিশুমৃত্যুর হার আগের চেয়ে অনেক কম।কিন্তু এই হার কমে গেলেও অদক্ষ ধাত্রী দিয়ে প্রসব করানোর হার কমছে না। তার একটি বড় কারণ জনগণের মধ্যে সচেতনতার অভাব। অনুসন্ধানে দেখা গেছে, অনেকেই মনে করেন, যেহেতু তাঁদের জন্মের সময় তাঁদের মায়েদের বাড়িতেই প্রসব করানো হয়েছিল এবং তাঁরা যথেষ্ট সুস্থ-সবল হয়েছিলেন, তাই এখন তাঁর নিজের সন্তান প্রসবের সময় কোনো সমস্যা হবে না। অন্যদিকে, আর্থিক সংকট আরেকটি বড় কারণ; যদিও অনেক এনজিও প্রায় বিনা মূল্যেই প্রসব করিয়ে থাকে। তবে সার্বিক অবস্থা পরিবর্তনে প্রয়োজন আরও কিছু উদ্যোগ।এ বিষয়ে কথা বলেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক বিলকিস বেগম চৌধুরী। তিনি বলেন, এ অবস্থার অবসান ঘটাতে জনগণকে সচেতন করে তুলতে হবে। প্রান্তিক অঞ্চলের জনগণের কাছে দক্ষ ধাত্রীরা পৌঁছাতে পারছেন না। অবস্থার পরিবর্তনের জন্য ঘরে ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দিতে হবে। এ জন্য সরকার, বেসরকারি সংস্থাসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাহলেই প্রসবকালে অদক্ষ ধাত্রীর হাতে আর মারা যাবে না কোনো শিশু বা মা।