পর্যাপ্ত চিকিৎসক ও দরকারি ওষুধের অভাবে খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এলাকাবাসী যথোপযুক্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে খেটে খাওয়া গরিব পিতামাতার অসুস্থ শিশুরা। শিশুদের জন্য আলাদা ওয়ার্ড না থাকায় তাদের ভোগান্তি আরও বাড়ছে। চিকিৎসক, ওষুধ ও রোগ নিরূপণ ব্যবস্থাসহ সমস্ত কিছুই শিশুদের জন্য অপ্রতুল। খাগড়াছড়ির জেলা সিভিল সার্জন ইমাম হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘উপজেলা পর্যায়ে শিশুদের জন্য স্বাস্থ্য খাতে আলাদা কোনো বাজেট বরাদ্দ নেই। ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুরোগ বিশেষজ্ঞের পদ এখনো সৃষ্টি হয়নি। যে কারণে প্রয়োজনীয় বরাদ্দ, বিশেষজ্ঞ চিকিৎসক ও ওষুধের অভাবে শিশুদের জরুরি চিকিৎসাসেবায় ঘাটতি রয়ে যায় এবং আমরা অনেক সময় তাদের সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারি না।এ প্রসঙ্গে রামগড় উপজেলা স্বাস্থ্য প্রশাসক ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক কর্মকর্তা (ইউএইচএ) মো. নুরুল আলম জানান, শিশুস্বাস্থ্য ও চিকিৎসার ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনেক সীমাবদ্ধতা আছে। উপজেলায় শিশুদের জন্য আলাদা ওয়ার্ড হয় না। নারী ওয়ার্ডেই শিশুদের চিকিৎসা দেওয়া হয়। তবে স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নিত হলে শিশুদের জন্য বাড়তি সুবিধা পাওয়া যেত। এই অবস্থায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে গত ডিসেম্বর মাস থেকে এখানে ‘শিশুরোগ-বিষয়ক সমন্বিত ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় তাদের সার্বক্ষণিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন চিকিৎক সব সময় শিশুদের সেবায় নিয়োজিত আছেন। গত ২৩ ও ২৪ জানুয়ারি স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন ঘুরে দেখা যায়, রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী ওয়ার্ডে শিশুদের জন্য তিনটি শয্যা বরাদ্দ আছে। চিকিৎসা নিতে ভর্তি আছে ছয়জন শিশু। অভিভাবকেরা জানান, হাসপাতালে ওষুধ পাওয়া যায় না। বাইরে থেকে কিনতে হয়। জেলা সিভিল সার্জন মো. ইমাম হাসান চৌধুরী বলেন, ‘বাচ্চাদের ওষুধ হঠাৎ শেষ হয়ে গেছে। দরকারি ওষুধ শিগগিরই নিয়ে আসার চেষ্টা করছি। আর রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সটি সহসাই ৫০ শয্যায় উন্নীত হয়ে যাবে।’ রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপাল চন্দ্র দাস উপজেলার সার্বিক চিকিৎসা চিত্র সম্পর্কে প্রথম আলোকে বলেন, পার্বত্যাঞ্চলে চিকিৎসক এসে থাকতে চান না, তদবির করে অন্য জায়গায় চলে যান। অনেক সময় ওষুধ থাকলেও চিকিৎসকের অভাবে উপযুক্ত চিকিৎসা পান না এখানকার পাহাড়ি এলাকার গরিব জনসাধারণ ও তাদের শিশু সন্তানেরা। রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের পুষ্টিবিদ মো. আবু তাহের বলেন, বাচ্চাদের স্বাস্থ্যসেবায় দেওয়ার মতো তাঁর কাছে কিছুই নেই। সরকারি ভাবে কোনো ধরনের বরাদ্দ আসে না। জানা যায়, স্বাস্থ্যকমপ্লেক্সে ১১ জন চিকিৎসকের জায়গায় আছেন মাত্র তিনজন। উপসহকারী কমিউনিটি চিকিৎসক কর্মকর্তারাই রোগীদের একমাত্র ভরসা। এক্স-রে যন্ত্রটি ছয় বছর ধরে নষ্ট।