প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহর থেকে ২৫ কিলোমিটার দূরে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অবস্থান হওয়ায় শিক্ষার্থীদের একমাত্র ভরসা এখানকার স্বাস্থ্যকেন্দ্র। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রটির অপর্যাপ্ত চিকিৎসা সুবিধার কারণে উপযুক্ত সেবা পাচ্ছেন না শিক্ষার্থীরা। চিকিৎসক ও লোকবলস্বল্পতা, ওষুধের অপ্রতুলতা, প্যাথলজির দুরবস্থার কারণে স্বাস্থ্যকেন্দ্রটি পঙ্গু হয়ে আছে।অনুসন্ধান করে জানা যায়, চুয়েট স্বাস্থ্যকেন্দ্রের জন্য চারজন চিকিৎসকের পদ রয়েছে। কিন্তু বর্তমানে দুজন চিকিৎসক কর্মরত আছেন। তাঁদের বিকেল পাঁচটার পরে পাওয়া যায় না বলেও অভিযোগ রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রটি শুক্র ও শনিবার পুরোপুরি বন্ধ থাকে। ফলে জরুরি মুহূর্তে বিপদে পড়তে হয় শিক্ষার্থীদের।এ প্রসঙ্গে চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরুজ্জামান বলেন, ‘রাতের বেলায় ও বন্ধের দিনে চিকিৎসক পাওয়া যায় না। নানা সমস্যায় জর্জরিত এই স্বাস্থ্যকেন্দ্রের প্রতি আমরা আস্থা হারাচ্ছি।’চিকিৎসক স্বল্পতার ব্যাপারে চুয়েট স্বাস্থ্যকেন্দ্রের প্রধান চিকিৎসক ইউসুফ মিয়া বলেন, ‘আগে চারজন চিকিৎসক ছিলেন। এখন দুজন চিকিৎসক দিয়ে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে পাঁচটার পরে কোনো রোগী এলে তাঁদের নিকটবর্তী পাহাড়তলিতে বাইরের চিকিৎসক দিয়ে সেবা দেওয়ার সাময়িক ব্যবস্থা করা হয়েছে।’তিনি আরও জানান, একজন মেডিসিন বিশেষজ্ঞ ও একজন মহিলা চিকিৎসক নিয়োগের জন্য আবেদন করা হয়েছে। ইতিমধ্যে মহিলা চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। সিন্ডিকেটে অনুমোদন পেলেই তাঁকে যোগদানপত্র পাঠানো হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্বাস্থ্যকেন্দ্রের এক কক্ষবিশিষ্ট ছোটখাটো একটি ল্যাবে নেই কোনো আধুনিক সরঞ্জাম। এ ল্যাবে রক্তের গ্রুপ নির্নয় ও ইউরিন টেস্ট ছাড়া কিছুই করা যায় না। প্রয়োজনীয় রাসায়নিক উপাদান না থাকায় এই দুটো পরীক্ষাও হয় না। ল্যাবটি চালানোর জন্য নেই কোনো অভিজ্ঞ টেকনিশিয়ান। চুয়েট স্বাস্থ্যকেন্দ্রের প্রধান চিকিৎসক ইউসুফ মিয়া বলেন, ‘ল্যাবে নতুন কিছু সরঞ্জাম সংযোজনের জন্য আবেদন করেছি।’চুয়েট স্বাস্থ্যকেন্দ্রেরের বিরুদ্ধে ঔষধ সরবরাহ নিয়েও অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, ‘যেকোনো অসুখ-বিসুখেই স্বাস্থ্যকেন্দ্র আমাদের শুধু প্যারাসিটামল ও হিসটাসিন দিয়ে থাকে। সব অসুখের ঔষধ কীভাবে শুধু প্যারাসিটামল ও হিসটাসিন হয় তা সত্যিই আশ্চর্যজনক! এ প্রসঙ্গে চুয়েট স্বাস্থ্যকেন্দ্রের প্রধান চিকিৎসক ইউসুফ মিয়া শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শিক্ষার্থীদের রোগ অনুসারেই ঔষধ দেওয়া হয়।’ স্বাস্থ্যকেন্দ্রের অভ্যন্তরীণ অবস্থা এবং স্থান সংকুলান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানা যায়, চুয়েটের দুই হাজারেরও বেশি বেশি শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র পাঁচ শয্যা বিশিষ্ট হাসপাতাল। আর যারা হাসপাতালে ভর্তি হয় তাঁদের জন্য নেই খাবার সরবরাহের ব্যবস্থাও। এ ছাড়া অসুস্থ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে মাত্র একটি অ্যাম্বুলেন্স। ফলে বিভিন্ন সময়ে একসঙ্গে একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে অসুবিধায় পড়তে হয়। হাসপাতালের সার্বিক অবস্থা প্রসঙ্গে চুয়েটের নিবন্ধক (রেজিস্ট্রার) বলেন, ‘চুয়েটের অবস্থান চট্টগ্রাম শহর থেকে দূরে হওয়ায় ভালো চিকিৎসক পেতে আমাদের বেগ পেতে হচ্ছে। তবে আমরা হাসপাতালের অবস্থা উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছি।’