প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনা হয়নি নির্ধারিত সময়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী নির্ধারিত সময়ের মধ্যে কেনা হয়নি। গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিকের অবহেলায় এসব উপকরণ কেনা হয়নি বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ইতিমধ্যে গ্রন্থাগারিক আবু তাহেরকে হিসাব নিয়ামক দপ্তর থেকে কড়া ভাষায় চিঠি দেওয়া হয়েছে।প্রশাসন সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার কমিটির ৮২ তম সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিষয়ে ১৩টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে গ্রন্থাগারের প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্যবহারের জন্য বই এবং বিভিন্ন শাখার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার ব্যাপারে চারটি সিদ্ধান্ত ছিল। এ জন্য ২০১০-২০১১ অর্থবছরে বরাদ্দ দেওয়া হয় দুই লাখ পাঁচ হাজার টাকা। জানা গেছে, এই অর্থ গ্রন্থাগারিকের নামে তখন অগ্রিম দেওয়া হয়েছিল।অনুসন্ধানে জানা যায়, গ্রন্থাগার কমিটির ৮২ তম সভায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বই ও অন্যান্য উপকরণ কেনার জন্য ৭৮ হাজার টাকা, দুইটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের জন্য ৭০ হাজার টাকা, ১২টি প্লাস্টিক স্পিটিং বক্স কেনার জন্য ১২ হাজার টাকা এবং ৫০টি এনার্জি সেভিং বাতি কেনার জন্য ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় গ্রন্থাগার মেরামতের জন্য। এসব সামগ্রী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রয় কমিটির মাধ্যমে কেনার সিদ্ধান্তও গ্রহণ করা হয় ওই সভায়। কিন্তু দেড় বছর পার হলেও এসব সিদ্ধান্ত এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। সূত্র জানায়, প্রতিবন্ধী শিক্ষার্থীরা প্রয়োজনীয় বইয়ের অভাবে উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের অভাবে দুষ্প্রাপ্য শাখার মূল্যবান সংগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে।বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক মুহাম্মদ আবদুল মোনায়েম প্রথম আলোকে বলেন, ‘গ্রন্থাগারের জন্য বই ও অন্যান্য উপকরণ কেনার জন্য গ্রন্থাগারিকের নামে যথাসময়ে অগ্রিম অর্থ প্রদান করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে এ অর্থ ব্যয় হয়নি।’বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কেন্দ্রীয় ক্রয় কমিটির আহ্বায়ক এবং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের শিক্ষক রাশেদ উন নবী বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার আমলেই এসব যন্ত্রপাতি কেনার কথা ছিল। কিন্তু কোনো কিছুই কেনা হয়নি।’সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দের টাকা খরচ করতে হয়। নির্ধারিত সময়ে গ্রন্থাগারের প্রয়োজনীয় উপকরণ কিনতে না পারায় ভারপ্রাপ্ত গ্রন্থাগারিককে বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক দপ্তর থেকে সম্প্রতি চিঠি ইস্যু করা হয়। দ্রুত চিঠির জবাব দিতে বলা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ব্যয় করতে না পারলে, সংশ্লিষ্ট দপ্তরের প্রধানকে এর ব্যাখ্যা দিতে হবে। গ্রন্থাগারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না।’এ বিষয়ে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক এস এম আবু তাহের বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বই কেনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রগুলো শিগগির কেনা হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব উপকরণ কেন কেনা হয়নি জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।