প্রয়োজনে ১০৯
১০৯। এটা হলো সরকারের জাতীয় হেল্পলাইনের নতুন নম্বর। নারী ও শিশুরা যেকোনো ধরনের বিপদে পড়লে এই নম্বরে ফোন করে সহায়তা নেওয়া যাবে। এ সহায়তা দিতে আগে অন্য একটি নম্বর (১০৯২১) ব্যবহার করা হতো। সহজে মনে রাখতে চলতি বছরের মার্চ মাসে নম্বরটি পরিবর্তন করা হয়। কিন্তু এতে হেল্পলাইনে ফোন আসার সংখ্যা তিন-চতুর্থাংশ কমে গেছে। একই রকম কমেছে সহায়তা নেওয়ার হারও।
কারণ হিসেবে জানা গেছে, নম্বর পরিবর্তনের খবরটি মানুষের জানা নেই। পাশাপাশি, সরকারের জাতীয় হেল্পলাইন নম্বর বা সহায়তা পাওয়ার বিষয়টিও অনেকের কাছে অজানা।
২০১২ সালে নারী নির্যাতন প্রতিরোধকল্পে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় মাল্টিসেক্টরাল কর্মসূচির আওতায় হেল্পলাইন নম্বরটি চালু করে। নম্বরটি বেশিসংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে এ বছর পাঠ্যপুস্তকের শেষ প্রচ্ছদে নম্বরটি সংযুক্ত করা হয়। এতে হেল্পলাইনে ফোনকলের সংখ্যা আগের তুলনায় প্রায় ছয় গুণ বেড়ে যায়। কিন্তু মার্চ মাসে নম্বরটি পরিবর্তন করায় এখন কম ফোন আসছে। সাহায্যও কম নিচ্ছে।
কর্তৃপক্ষের দেওয়া বছরওয়ারি হিসাব বলছে, চলতি বছরের জানুয়ারি মাসে ৫৬ হাজারের বেশি ফোন আসে। আর সহায়তা নেয় নানা ধরনের সহিংসতার শিকার দুই হাজারের বেশি নারী ও শিশু।
কিন্তু পাঠ্যপুস্তকের শেষ প্রচ্ছদে নম্বরটি সংযুক্ত করার এক মাস পরেই অর্থাৎ মার্চ মাসে আগের নম্বরটি পরিবর্তন করা হয়। এরপর থেকেই কমতে থাকে ফোন আসার সংখ্যা। গত মে মাসে ফোন আসে প্রায় সাড়ে ১৩ হাজার। সহায়তা নেওয়া নারী ও শিশুর সংখ্যা সাত শর কিছু বেশি।
নম্বর পরিবর্তনে ফোন কম আসছে স্বীকার করে কর্মসূচির পরিচালক আবুল হোসেন প্রথম আলোকে বলেন, হঠাৎ করে নম্বরটি পরিবর্তন হওয়ায় ‘সাময়িক অসুবিধা’ হচ্ছে। নতুন নম্বরটি এখন অনেকেই জানেন না। তাই ফোন কম আসছে। তবে দ্রুত এই অবস্থা কেটে যাবে।
সালমা সুলতানা (ছদ্মনাম) প্রায়ই স্বামী ও শাশুড়ির হাতে নির্যাতনের শিকার হতেন। কী করবেন বুঝে উঠতে না পেরে হেল্পলাইনে ফোন করেন। অনেকবার চেষ্টা করেও তিনি নম্বরটিতে পৌঁছতে ব্যর্থ হয়ে এ প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন। ঘটনাটি ১ জুলাইয়ের।
এরপর এই প্রতিবেদকের সঙ্গে রাজধানীর ৪০ জন পূর্ণবয়স্ক নারী-পুরুষের কথা হলে তাঁরা জানান, কারও নম্বরটি জানা নেই। তবে দুজন আগের নম্বরটি জানেন। আরেকজন নম্বর পরিবর্তনের খবর জানেন। ২০১৬ সালের অক্টোবরে হেল্পলাইন নিয়ে একটি প্রতিবেদন তৈরির জন্য রাজধানীর নানা শ্রেণি-পেশার কমপক্ষে ৬০ জন নারী-পুরুষের সঙ্গে কথা হয়। তাঁদের মধ্যে ৫৭ জনই নম্বরটি জানা নেই বলেছিলেন।
এই সমস্যাগুলোর বিষয়ে অবগত আছে কর্তৃপক্ষ। প্রকল্পের গবেষণা কর্মকর্তা শায়লা ইয়াসমীন বলেন, ইতিমধ্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সহায়তাকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে নম্বর পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি, ব্যাপক আকারে প্রচারণা চালানোর পরিকল্পনাও চলছে। আগামী বছর পাঠ্যপুস্তকেও নতুন নম্বরটি সংযুক্ত করা হবে।
এই হেল্পলাইন নম্বরটি ২৪ ঘণ্টা খোলা থাকে। ফোন করে বিনা মূল্যে সেবা পাওয়া যায়। ফোনে সার্বক্ষণিক সহায়তা দিতে বর্তমানে ৩৫ জন কর্মী তিন শিফটে কাজ করছেন। লোকবল বাড়ানোর বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
হেল্পলাইনে যোগাযোগকারী ভিকটিমদের আইনি সহায়তা দেয় বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি।