
শৈশবে মা আমাদের বিভিন্ন ধরনের বই পড়ে শোনাতেন। মা বই পড়ে শোনাচ্ছেন। আর আমরা তন্ময় হয়ে শুনছি। এমন দৃশ্য মনে গেঁথে আছে। আর এভাবেই আমার সাহিত্যের সঙ্গে যোগাযোগ শুরু। তখন মা লরা ইঙ্গলস ওয়াইল্ডারের অনেক বইয়ের বাংলা অনুবাদ পড়ে শুনিয়েছেন। লরা ইঙ্গলস ওয়াইল্ডার রচিত লিটল হাউস অন দ্য প্রেইরি উপন্যাসটি খুব পছন্দ ছিল আমার। এটা মূলত শিশুতোষ লিটল হাউস সিরিজের একটা বই। আর সুকুমার রায় ছিলেন আমার প্রিয় ছড়াকার। হাট্টিমাটিম টিম সংকলনের অনেক ছড়া মুখস্থ ছিল।
আরেকটু বড় হয়ে পড়েছি লেখক হ্যারল্ড রবিন্সের নেভার লাভ এ স্ট্রেঞ্জার, লুনা টার্নারসহ অনেক বই। পড়েছি সমারসেট মমের লেখা। তাঁর রচিত দ্য রেজরস উপন্যাসটি খুব প্রিয় আমার। সে সময় ভালো লেগেছিল শার্লট ব্রনটির উপন্যাস জেন আয়ার।
জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস আমার প্রিয় একটি বই। এর কেন্দ্রীয় চরিত্র এলিজাবেথ বেনেট। এলিজাবেথ লন্ডনের কাছাকাছি একটি কাল্পনিক শহর মেরিটনে বাস করত। খুব চমৎকার টান টান গল্প নিয়ে রচিত উপন্যাসটি আজও খুব মনে আছে আমার।
তারপর কত কত বই পড়েছি! আর সমৃদ্ধ করেছি নিজের ভাবনাকে!
এই মুহূর্তে পড়ছি ঝুম্পা লাহিড়ীর উপন্যাস লো ল্যান্ড। ঝুম্পা লাহিড়ী বেশ শক্তিশালী লেখক। তাঁর গল্পসংকলন ইন্টারপ্রেটার অব ম্যালাডিজ পড়েছি। পড়তে পড়তে মনে হয়েছে, এগুলো নাট্যরূপ দিলে চমৎকার হবে। ভাবছি শিগগিরই নাট্যরূপ দেওয়ার কাজটা শুরু করব।
আর পড়ছি সৈয়দ শামসুল হকের উত্তর বংশ, রোহিনতন মিস্ত্রির ফ্যামিলি ম্যাটারস, মিচ অ্যালবোমের দ্য ফাইভ পিপল ইউ মিট ইন হ্যাভেন। অনেকেই শুনলে অবাক হয়ে ভাববেন, কীভাবে একসঙ্গে এতগুলো বই পড়া সম্ভব! আসলে বই পড়ায় আমার একটা বাতিক আছে। একটা বই পড়তে আরম্ভ করেছি। হঠাৎ আরেকটা বইয়ে চোখ আটকে গেল। তখন সেটা না পড়া অবধি আমি যেন স্বস্তি পাই না। তখন সেটাও পড়তে শুরু করি। এভাবে একসঙ্গে তিন-চারটা বই পড়ি একই সময়ে। কোনো বই পড়তে গিয়ে কখনো খেই হারিয়ে ফেলি না।
বই পড়া আমার একটা নেশা। তবে এখন আর আগের মতো গোগ্রাসে পড়া হয় না। তবুও দিনের শতেক ব্যস্ততার মধ্যে পড়ার জন্য একটু সময় রাখি। শৈশবে আমার মা আমাকে হাত ধরে ধরে সাহিত্যজগতের সঙ্গে পরিচয় করিয়েছেন। আর এখন তেমনি বিভিন্ন বইয়ের খোঁজ দেয় আমার মেয়ে।
অনুলিখন: সুচিত্রা সরকার