পড়ছেন একজন লুৎফর সাহেবের গল্প
এলাকায় লুৎফর সাহেব কিল (কিপটা লুৎফর) নামেই বেশি পরিচিত (মতান্তরে সুপরিচিত)। প্রতি রমজানেই তাঁর টার্গেট থাকে কীভাবে বাড়তি খরচাপাতি কমানো যায়। এ জন্য প্রতিবারই রোজার শুরু থেকে তিনি সপরিবারে আত্মীয়স্বজনের বাসায় ইফতারের দাওয়াত গ্রহণের এক মাসের কর্মসূচি নেন। আর ইফতারের দাওয়াত মানেই তো সঙ্গে রাতের খাবারটা বোনাস। এবারও এর ব্যতিক্রম হলো না। আজ সালেহা আপার বাসা তো কাল আশরাফ ভাইয়ের বাসা। কিপটে হলেও সামাজিকতা কিন্তু একদমই ভুলে যাননি লুৎফর সাহেব। তিনি যে বাড়িতেই দাওয়াত খেতে যান না কেন, সে বাড়ির সবাইকে সপরিবারে পরদিনের সেহিরর দাওয়াত দিয়ে আসতে কখনোই ভুলে যান না। এ রকম আন্তরিক লোক অবশ্য এ যুগে খুব একটা দেখাও যায় না! ইদানীং একটা ব্যাপার নিয়ে লুৎফর বেশ চিন্তিত। এর অবশ্য একটা গভীর কারণও রয়েছে। সামনে ঈদ আসছে। আর ঈদ মানেই তো ফিরনি, সেমাই, পায়েস। ফিরনি, পায়েস মানেই চিনি-দুধের সহাবস্থানমূলক অপচয়! আর বাচ্চাদের জ্বালাতনের কথা তো বলেই শেষ করা যাবে না। সারা বছর কপালে হাত উঠিয়ে সালাম দেয়। ঈদ এলেই সালামের ফরমেট চেঞ্জ করে ফেলে! সালাম তো নয়, যেন পায়ে ছুরি ধরে টাকা আদায়ের চেষ্টা। তা ছাড়া মেহমানের ঢলও তো এদিন কাপ্তাই বাঁধের মতো দু-চারটা বাঁধ দিয়েও থামিয়ে রাখা যায় না। ওহ! এসব ভাবতেই লুৎফর সাহেবের হাতের রোমের সঙ্গে নাকের নিচের গোঁফগুলোও দাঁড়িয়ে গেল। বিশাল এ মুশকিল থেকে আসান পাওয়ার একটা না একটা বুদ্ধি বেরই করতে হবে এবার। দিনরাত নির্ঘুম ধ্যানমগ্ন থাকার পর অবশেষে মিলল সেই মুক্তির পথ! একদৌড়ে স্টোররুমে চলে গেলেন লুৎফর সাহেব। তারপর চিরুনি অভিযান চালিয়ে সেখান থেকে প্লায়ার্সটা খুঁজে বের করলেন। সদর দরজার কড়ার ভেতরের দিকের বল্টুটা ঢিলে করে নিলেন সেটা দিয়ে। পরীক্ষামূলকভাবে বল্টু আলাদা করে একটি দরজার কড়া খুলে বাইরে থেকে কড়ায় তালা লাগিয়ে ঘরের ভেতর ঢুকে খুলে রাখা কড়ার বল্টুটা জায়গামতো লাগিয়ে দিলেন। এখন ব্যাপারটা দাঁড়াল যে বাইরে থেকে সবাই ভাববে, এ বাসায় মানুষ নেই। কেননা, দরজায় তালা ঝুলছে। কী আশ্চর্য! কিছুক্ষণের মধ্যেই এক ভিক্ষুক এসে পাশের ঘর থেকে ভিক্ষা নিয়ে গেল। লুৎফর সাহেবের ঘরের দিকে ফিরেও তাকাল না। আনন্দে চিৎকার করে উঠলেন তিনি।ঈদের দিন সকালে নামাজ পড়েই চোরের মতো ঘরে ঢুকে উদ্ভাবিত প্রযুক্তি কাজে লাগালেন লুৎফর সাহেব। বাসার সবাই অবশ্য তাঁর এ রকম উদ্ভট পাগলামির সঙ্গে অভ্যস্ত। দুই ঘণ্টার মতো কেটে গেছে। এখন পর্যন্ত লুৎফর সাহেবের দরজায় একটি টোকাও পড়েনি। সকাল থেকেই অনেক মেহমান এমনকি পাড়ার ছোট ছেলেমেয়েরাও তাঁর বাসায় এসে ফিরে যাচ্ছে। ওদিকে তালাবদ্ধ ঘরে লুৎফর সাহেব স্বস্তির শ্বাস নিচ্ছেন। এর মধ্যেই পাড়ার সবচেয়ে দুষ্ট ছেলেদের দলটি সালামি সংগ্রহের ঝটিকা অভিযানে দরজায় উপস্থিত হওয়া মাত্রই দরজায় তালা দেখে হতাশ হয়ে গেল। কিন্তু ফিরে যাওয়ার সময় হঠাৎ একজনের সন্দেহ হলো, এ আবার কোনো নতুন ফন্দি নয় তো! লুৎফর সাহেবকে তো সকালেও ঈদের নামাজে দেখলাম। তারপর তো আর বের হতেও দেখিনি বাসা থেকে। সবার মাথায় হঠাৎ একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। হঠাৎ করেই সব বাচ্চা দরজার সামনে দাঁড়িয়ে ‘আগুন আগুন’ বলে চিৎকার করতে লাগল। ওদিকে লুৎফর সাহেব ভেতর থেকে আগুনের কথা শুনে বস্ফািরিত চোখে দরজার বল্টু খুলে ঘর থেকে বেরিয়ে এলেন। এর মধ্যে চিৎকার শুনে পাড়ার অন্য ছেলেমেয়ে আর লুৎফর সাহেবের প্রতিবেশীরাও জমায়েত হয়ে গেছে তাঁর দরজার সামনে। মুহূর্তেই লাইন ধরে বাচ্চারা তাঁকে সালাম করতে লাগল, আর প্রতিবেশীরাও একের পর এক কোলাকুলি করতে এগিয়ে এল। নাহ, লুৎফর সাহেব তখনো অজ্ঞান হননি। অধিক শোকে তখন পাথর হয়ে গিয়েছিলেন।