‘হলিডেতে যখন মালয়েশিয়ায় যাই, টখন ব্যাংলাডেশকে খুব মিস করি। স্পেশালি দ্য রিকশা, অ্যান্ড ফুচকা।’ আধো আধো বাংলায় এভাবেই বলছিলেন মালয়েশিয়ান ছাত্রী বৃনা তারিশিনি চন্দ্রান আবরিনা।আবরিনা ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের কে-৬৭ ব্যাচের ছাত্রী।বাংলাদেশে কেন পড়তে আসা, কেমন লাগছে—এসব নিয়ে জানতে হাজির হই কে-৬৭ ব্যাচের বিদেশি শিক্ষার্থীদের কাছে।আমাদের দেশ থেকে প্রতিবছরই বিভিন্ন দেশে পড়াশোনা করতে যান বহু শিক্ষার্থী। কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত সব বিষয়ে পড়তে যান। মজার ব্যাপার হলো, আমরা অনেকেই হয়তো জানি না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও বহু শিক্ষার্থী আসে বাংলাদেশে প্রতিবছর চিকিৎসাশাস্ত্রে জ্ঞান লাভ করতে। এ বছর ঢাকা মেডিকেল কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছেন মোট ১৯ জন বিদেশি শিক্ষার্থী। পাঁচজন মালয়েশিয়ান, একজন ফিলিস্তিনি, দুজন ভারতীয় কাশ্মীরি, একজন নেপালি, পাঁচজন মার্কিনি, একজন জার্মান, একজন ইতালিয়ান, দুজন অস্ট্রেলিয়ান ও একজন কানাডিয়ান। কেন বাংলাদেশে এমবিবিএস পড়তে আসা—এর জবাবে মালয়েশিয়ান আবরিনা বলেন, ‘বাংলাদেশে অসংখ্য রোগী দেখা যায়, অনেক হাতে-কলমে শেখা যায়, যা খুব কম দেশেই রয়েছে। মালয়েশিয়ার থেকেও এখানকার হাসপাতালে রোগী দেখার ও শেখার ব্যবস্থা অনেক বেশি। আর মানের দিক থেকে আমি মনে করি, ভারত ও বাংলাদেশের মেডিকেল শিক্ষাব্যবস্থা প্রায় একই। কিন্তু তুলনামূলক খরচ কম বাংলাদেশে।’সংস্কৃতি, পরিবেশ, পোশাক-আশাক, খাওয়াদাওয়া—এগুলো নিয়ে কোনো সমস্যা কিংবা বিড়ম্বনা হয়? এ প্রশ্নের উত্তরে আবরিনা ও তাঁর বন্ধুরা জানান, ভাষা নিয়ে প্রথমে একটু সমস্যা হয়েছিল বৈকি। তবে ধীরে ধীরে বাংলা ভাষাকে রপ্ত করে ফেলেছেন তাঁরা। এখন তেমন সমস্যা হয় না। আর বাংলা ভাষাকে খুব ভালোবাসেন ও শ্রদ্ধা করেন তাঁরা। তাঁরা বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের ২১ ফেব্রুয়ারি। এর পটভূমি আগে জানতাম না। এ দেশে আসার পর যখন শুনলাম, তার পর থেকে এ দেশকে আরও ভালোবেসে ফেলেছি। ভাষার জন্য কোনো জাতি জীবন দিয়েছে—কতটা শ্রদ্ধা আর ভালোবাসা থাকলে এটা সম্ভব!’তাঁরা আরও জানান, কিছুটা সাংস্কৃতিক ভিন্নতা তো অবশ্যই রয়েছে। তবে ভালো লাগে তাঁদের এ দেশের সংস্কৃতি। রিকশা নামের যানটি তো ভীষণ পছন্দের। পথেঘাটে পাওয়া যায় ফুচকা, যা তাঁদের নিজ দেশে গেলেও জিভে জল এনে দেয়। হাসতে হাসতে বলেন তাঁরা।এত পেশা থাকতে ডাক্তারি পেশায় আসা কেন—এ প্রশ্নের উত্তরে সহজ-সরল জবাব দেন আবরিনা। ‘ডাক্তার হিসেবে সমাজের সবারই সরাসরি সেবায় নিয়োজিত হওয়া যায়। সেই সঙ্গে সম্মান তো রয়েছেই। আমাদের অ্যাপ্রোনটির রংও সাদা, যার মানে শ্বেতশুভ্র পবিত্রতা। কত পবিত্র এ পেশা!অনেক ভালোবাসি বাংলাদেশকে। দিন দিন আরও ভালোবেসে ফেলছি বাংলাদেশকে। কে জানে এ দেশেই রয়ে যেতে পারি।’ লাজুক হেসে কথা শেষ করেন আবরিনা।শুধু আবরিনাই নন, প্রতিবছরই আসেন অনেক শিক্ষার্থী বাংলাদেশে ডাক্তারি পড়তে। তাঁদের মধ্যে অনেকেই রয়ে যান বাংলাদেশের মায়ায় পড়ে। কে-৬২ ব্যাচের কাশ্মীরি নাদিন নাজিব তেমনই একজন। অত্যন্ত মেধাবী, দুটি প্রফেশনাল পরীক্ষাতে স্ট্যান্ড করা নাদিন বাংলাদেশেই থাকতে চান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি ও অবস (স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা) বিভাগে অনারারি মেডিকেল অফিসার হিসেবে এফসিপিএস করছেন।বাংলাদেশের সুনাম দিকে দিকে, দেশে দেশে ছড়িয়ে যাক। আলোকিত হোক বিশ্ব, সৌরভ ছড়াক বাংলাদেশের সুনামগুলো এভাবেই—তা-ই তো চাই আমরা সবাই।