পড়তে এলাম বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচরাচর আমাদের দেশের শিক্ষার্থীদের বিদেশে পড়তে যেতে দেখা যায়। কিন্তু সুইজারল্যান্ডের রুবিন ফ্লিক্স, জার্মানির আর্নে মালশারোউইৎস ও নরওয়ের বার্ড ওয়ালেনটিনসেনের ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। পড়তে এসেছেন বাংলাদেশে। উত্তরার কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে (ক্যাটেক)। বিষয় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। শুধু তা-ই নয়, অল্প কদিনেই ভালো লেগে গেছে বার্ড, রুবিন আর আর্নের চোখে। বিষয়টা ঝকঝকে শহর কিংবা জ্যামহীন ঢাকার জন্য নয়। সহপাঠীদের সহযোগিতায় তাঁরা মুগ্ধ। নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী বার্ডের কণ্ঠেই এর প্রকাশ, ‘এখানকার শিক্ষার্থীরা, যারা আমাদের বন্ধু হয়ে উঠেছে তাদের সাহায্য-সহযোগিতা বাংলাদেশ সম্পর্কে আমাদের ধারণা পাল্টে দিয়েছে। সত্যি দারুণ সহযোগী তারা।’রুবিন, আর্নে ও বার্ডের কাছে বাংলাদেশ এখন পছন্দের জায়গায় পরিণত হয়েছে। জুরিখ ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিন আগে বাংলাদেশ সম্পর্কে খুব একটা জানতেন না। যতটুকু জানতেন, তা-ও ইন্টারনেট ঘেঁটে। বাংলাদেশে এসে রুবিনের ধারণা পাল্টে গেছে। রুবিন বলেন, ‘যখন জানতে পারলাম আমি পড়তে যাচ্ছি বাংলাদেশে, তখন একটু দুশ্চিন্তাও হচ্ছিল। কিন্তু এখানে এসে বাংলাদেশ সম্পর্কে আমার ধারণা বদলে গেছে। এখানকার মানুষ বেশ সহযোগী।’এমন দুশ্চিন্তা ছিল আর্নেরও, ‘হ্যাঁ, আমিও বেশ দুশ্চিন্তায় ছিলাম। কারণ আমার দেশ থেকে আমি একা আসছি একটি অপরিচিত শহরে। কেমন হবে সহপাঠীরা বা কেমন সুবিধা পাব...’। একটু থেমে আবার শুরু করলেন আর্নে, ‘তবে এখন বেশ ভালো আছি। ক্লাস আর ল্যাব, ল্যাব আর ক্লাস। তা ছাড়া এখানে উড়োজাহাজেই ব্যবহারিক ক্লাস করার সুযোগ পাচ্ছি।’তাঁদের সঙ্গে আরও কথা বলে জানা গেল, এডুকেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে বাংলাদেশ পড়তে এসেছেন এই তিন শিক্ষার্থী। শুধু তা-ই নয় কাজও করছেন টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে। রুবিনের ভাষ্য অনুযায়ী, ‘এতে যেমন আছে শেখার সুযোগ, তেমনি আছে শেখানোর।’‘আমরা আশা করছি, পড়াশোনা বিষয় অনেক অভিজ্ঞতা শেয়ার হবে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে।’ যুক্ত করলেন বার্ড।এডুকেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং নতুন ধারার এই প্রকৌশল বিদ্যা সম্পর্কে জানতে আগ্রহীরা যোগাযোগ করতে পার ০২-৮৯৯১৩৭১ অথবা www.catechedu.com ওয়েবসাইটে।