পড়তে চাই বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাঁ, স্বপ্ন সবারই থাকে। আর থাকে সেই স্বপ্ন পূরণের চেষ্টা। সে রকমই এক স্বপ্ন আছে রিয়াজের। ঢাকা কমার্স কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে রিয়াজ। স্বপ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে পড়াশোনা করা। এদিকে ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়া তার বন্ধু শাওনও দেখে একই স্বপ্ন। দুজনই পরীক্ষা শেষ করেছে, কিন্তু হাঁফ ছেড়ে বাঁচার জো নেই। কারণ, পরীক্ষা-পরবর্তী এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করার সময় এটি। ভর্তি পরীক্ষার চিন্তা সিনবাদের ভূতের মতো চেপে বসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ, অর্থাৎ ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করা যেতে পারে, সে বিষয়ে কথা হলো ২০০৯-১০ শিক্ষাবর্ষে ওই অনুষদে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিন শিক্ষার্থীর সঙ্গে। তাঁরা হলেন তাসনুভা শারমিন, আবদুল আজিজ ও আতিকুর রহমান।তিনজনই একই অনুষদের হলেও তাসনুভা ও আজিজ পড়ছেন ফাইন্যান্সে, আর আতিক হিসাববিজ্ঞানে। আতিক ও আজিজ পড়েছেন নটর ডেম কলেজে। সেই সূত্রে তাঁদের বন্ধুত্ব কলেজ-জীবনেই। আর তাসনুভা ঢাকা কমার্স কলেজে পড়লেও একই বিভাগে পড়ার সুবাদে বন্ধুত্ব গড়ে ওঠে আজিজের সঙ্গে। বর্তমানে ওঁরা তিনজনই অন্তরঙ্গ বন্ধু। পড়াশোনার ফাঁকে ওঁদের আড্ডাও চলে সমান তালে। এক বিকেলে এই তিনজনকে পাওয়া গেল বাণিজ্য অনুষদের মাঠে। আড্ডায় শামিল হয়ে জানতে চাইলাম, ভর্তিযুদ্ধে অপরাজিত থাকার রহস্যটা কী?প্রথমে উত্তরটা দেন তাসনুভা, ‘ইচ্ছে আর আগ্রহটা থাকা দরকার সবার আগে। প্রথমেই আমি নিজের লক্ষ্য ঠিক করেছি। আসলে কোথায় পড়তে চাই আমি? এর পর দরকার উপযুক্ত প্রস্তুতি।’ আজিজ আর আতিকের উত্তরটাও একই রকম। তাঁরা দুজনই যেহেতু নটর ডেম কলেজের ছাত্র, তাই নিজেদের চিন্তাভাবনা নিয়ে কথা হতো প্রায়ই। তখনই তাঁরা ঠিক করেন, যেহেতু বাণিজ্য বিভাগে পড়ছেন, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদেই পড়তে হবে। আর সেভাবেই তৈরি করেছেন নিজেদের।প্রস্তুতির প্রসঙ্গ আসতেই প্রশ্ন করি, কীভাবে প্রস্তুতিটা নিয়েছিলেন? এবারও উত্তরটা আসে তাসনুভার কাছ থেকে। তিনি বলেন, মোট ২০০ নম্বরের মধ্যে ১২০ থাকে এমসিকিউ। বাকি ৮০ নম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে হিসাব করা হয়। এই ১২০ নম্বরের মধ্যে বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান ও ব্যবসায়িক নীতি বিষয়ে ৩০ নম্বর করে বরাদ্দ থাকে। তাসনুভা বলেন, ‘একজন শিক্ষার্থীকে তার দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে এবং সে বিষয়ে বেশি জোর দিতে হবে। তবে ভালো ইংরেজি জানার বিকল্প নেই। আজিজ বলেন, ‘একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় ইংরেজিতে পাস করলেই তার ভর্তির সুযোগ অনেকাংশে বেড়ে যায়।’ আতিক বলেন, একজন শিক্ষার্থীকে প্রতিদিন ইংরেজি পড়তে হবে। বিশেষ করে, ইংরেজি ব্যাকরণের নিয়মগুলো নোট করে পড়া যেতে পারে। আর ইংরেজির শব্দভান্ডারকে সমৃদ্ধ করতে হবে। সে জন্য ইংরেজি পত্রিকা পড়া ও ইংরেজি ছবি দেখাটা জরুরি বলে মনে করেন তিনি। তাসনুভার মতে, পরীক্ষায় ইংরেজি অনুচ্ছেদ কমন পাওয়া যায় না। তাই কোচিংয়ের শিটগুলো বারবার সমাধান করার ওপর জোর দেন তিনি। তাসনুভা আরও বলেন, সারা দিনে যতটা পড়া হয়, তার অর্ধেকটা সময় দেওয়া উচিত ইংরেজিতে।হিসাববিজ্ঞানে দক্ষ আতিক বলেন, ‘এইচএসসি পর্যন্ত হিসাববিজ্ঞান বলতে আমরা শুধু অঙ্ককেই বুঝতাম। কিন্তু ভর্তি পরীক্ষায় হিসাববিজ্ঞান শুধু অঙ্কের মধ্যে সীমাবদ্ধ নয়। ভর্তি পরীক্ষার জন্য একজন শিক্ষার্থীর অঙ্কের পাশাপাশি তাত্ত্বিক বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। বাকি রইল বাংলা আর ব্যবসায়িক নীতি ও প্রয়োগ। তাসনুভা বলেন, ‘আমার মতে, এই দুই বিষয়ে বেশি নম্বর তোলা সম্ভব। বাংলার জন্য নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই বড় ভরসা। আর বাংলা প্রথমপত্রের মূল বইয়ের কবিতাগুলো ভালোভাবে পড়তে হবে।’ একই সঙ্গে লেখক পরিচিতিগুলো দেখার কথা বলেন তাঁরা। ব্যবসায়িক নীতি ও প্রয়োগের জন্য এইচএসসির মূল বইটা পড়তে হবে। দৈনিক পত্রিকার বাণিজ্যিক পাতাটাও নিয়মিত পড়া উচিত। এ ছাড়া বাণিজ্য-সংশ্লিষ্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়মিত দেখতে হবে। সেই সঙ্গে ঐতিহাসিক বাণিজ্যিক নীতিগুলো সম্পর্কে জানার পরামর্শ দেন ওই তিন মেধাবী শিক্ষার্থী।প্রশ্ন করি, কোচিং সেন্টারের গুরুত্ব কতখানি? এ ক্ষেত্রে তিনজনের উত্তর একই—আসলে নিজে পড়ার কোনো বিকল্প নেই। তবে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কোচিংয়ে ভর্তি হওয়া যেতে পারে। কেননা কোচিংয়ের মডেল টেস্টগুলো সহায়ক। আবারও প্রশ্ন করি, বাণিজ্য অনুষদে ভর্তি হতে ইচ্ছুক একজন পরীক্ষার্থীর কী করা উচিত? এবারও তাঁরা তিনজন একমত—প্রতিটি বিষয়েই ধারণা থাকতে হবে স্বচ্ছ। রেজাল্ট নিয়ে অহেতুক চিন্তা না করে পড়তে হবে প্রচুর। আত্মবিশ্বাসের সঙ্গে থাকতে হবে একাগ্রতা। তবে সময় নষ্ট না করে বসে পড়তে হবে বই নিয়ে। কেননা প্রাচ্যের অক্সফোর্ড তো একটাই...।