পড়তে চাই বিবিএ এমবিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব এখন ছোট হয়ে আসছে। দেশ-বিদেশে বিবিএ-এমবিএ গ্র্যাজুয়েটদের এখন অনেক চাহিদা। দেশের সেই চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস থেকে প্রতিবছর একঝাঁক মেধাবী তরুণ বিবিএ, এমবিএ ও ইএমবিএ করে ছড়িয়ে পড়েন দেশ-বিদেশের বড় বড় সব প্রতিষ্ঠানে।শুরুর কথা১৯৯৩ সালে যাত্রা শুরু করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বা এনএসইউ। তখন থেকেই শুরু হয় যুগোপযোগী শিক্ষার মাধ্যমে আন্তর্জাতিক মানের বিজনেস গ্র্যাজুয়েট তৈরি করার লক্ষ্যে অভিযান। এনএসইউ আজ দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয়। এর কারণ জিজ্ঞাসা করেছিলাম আমরা এনএসইউর স্কুল অব বিজনেসের ডিন এবং এমবিএ ও ইএমবিএ প্রোগ্রামের পরিচালক গোলাম মোহাম্মদের মতে, ‘এখানকার সব শিক্ষকই আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্বের নামী সব বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ অথবা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এনএসইউতে বিবিএ, এমবিএ পাঠ্যক্রম বিশ্বমানের। সে কারণে এনএসইউর গ্র্যাজুয়েটদের কদর বিশ্বজুড়ে।’তাহলে আসুন জেনে নিই এনএসইউর বিবিএ-এমবিএ বৃত্তান্ত।বিবিএনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে ইন্টারন্যাশনাল বিজনেস (আইএনবি), ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম), বিজনেস পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ও মার্কেটিং—এই ছয়টি বিষয়ের ওপর মেজর করা যায়। বিবিএ ডিগ্রির জন্য ১২৪ ক্রেডিট সম্পন্ন করতে হয়। এর মধ্যে কোর কোর্সে ৬৯, জিইডি কোর্সে ২৭, কনসেনট্রেশন কোর্সে ১৮, ওপেন ইলেক্টিভ কোর্সে ১৫ ও ইন্টার্নশিপে ৪ ক্রেডিট সম্পন্ন করতে হয়। আরেকটু খোলাসা করে বললে কোর কোর্স হলো সেসব কোর্স, যেগুলো সব বিবিএ শিক্ষার্থীকে অবশ্যই সম্পন্ন করতে হবে। কনসেনট্রেশন কোর্স হলো, শিক্ষার্থী যে বিষয়ের ওপর মেজর করবেন, সে বিষয় সম্পর্কিত বিশদ কোর্স। এবার আসছে জিইডি কোর্সের কথা। এখানে প্রথমেই বিবিএ প্রোগ্রামের পরিচালক আবদুল হান্নান চৌধুরীর একটি মন্তব্য জানিয়ে রাখি, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মনে করে, যেকোনো বিভাগের শিক্ষার্থীরই নিজ বিষয় ছাড়াও অন্যান্য বিষয় সম্পর্কেও ভালো ধারণা থাকা দরকার। এ ধরনের চিন্তা থেকেই এনএসইউ জেনারেল এডুকেশন কোর্স বা সংক্ষেপে জিইডি কোর্স চালু করেছে।’এনএসইউর নিয়ম অনুযায়ী একজন বিবিএর শিক্ষার্থীকে নিজ বিষয়ের পাশাপাশি জিইডি কোর্স যেমন: ইংরেজি, বাংলা, পরিবেশবিদ্যা, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, নাট্যকলা ইত্যাদি বিষয়ের মধ্য থেকে কিছু কোর্স সম্পন্ন করতে হয়।এমবিএএনএসইউর এমবিএ প্রোগ্রামটি সাজানো হয়েছে ২০টি কোর্সের সমন্বয়ে ৬০ ক্রেডিট দিয়ে। এর মধ্যে ফাউন্ডেশন লেভেলে ২৪, অ্যাডভান্সড ১৫, ইন্টিগ্রেটিভ ৩, কনসেনট্রেশন ১২ ও ওপেন ইলেক্টিভে ৬ ক্রেডিট। এখানেও দুটি বিষয়ে মেজর করার সুবিধা রয়েছে। অর্থাৎ কেউ চাইলে ওপেন ইলেক্টিভ কোর্সের বদলে দ্বিতীয় আরেকটি বিষয়ে মেজর করতে পারেন। আবার যাঁরা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তাঁরা সর্বোচ্চ ১২ ক্রেডিট পর্যন্ত ছাড় পেতে পারেন অর্থাৎ সে ক্ষেত্রে ৬০-এর পরিবর্তে ৪৮ ক্রেডিট সম্পন্ন করলেই চলবে।ইএমবিএফাউন্ডেশন লেভেলে ১৫, ফাংশনাল কোর কোর্সে ২৩ ও কনসেনট্রেশন লেভেলে ১২ ক্রেডিটের সমন্বয়ে মোট ৫০ ক্রেডিট নিয়ে এনএসইউর ইএমবিএ প্রোগ্রামটি সাজানো হয়েছে। চাকরিজীবীদের কথা মাথায় রেখে সপ্তাহে তিন দিন—বৃহস্পতি, শুক্র ও শনিবার ইএমবির ক্লাস হয়।অবারিত সম্ভাবনাআবদুল হান্নান চৌধুরী জানালেন, গত বছর এই বিশ্ববিদ্যালয়ের শেষ সেমিস্টারে বিবিএতে অধ্যয়নরত ছাত্রদের ৮৭ শতাংশই চাকরি পেয়েছেন তাঁদের গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগেই। এই একই কথা জানালেন এমবিএর শিক্ষার্থী মাহবুব, ‘সবার কাছে শুনেছি, এখান থেকে যাঁরা এমবিএ করেন, তাঁদের সামনে অনেক সুযোগ খুলে যায়। সে কারণেই এখানে এমবিএ করার সুযোগ পেয়ে ভালো লাগছে।’বিশ্বের বড় বড় বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা রয়েছে এখানে। উত্তর আমেরিকা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি, কলোরাডো স্টেট ইউনিভার্সিটি, সেন্ট জাভিয়ার ইউনিভার্সিটি; কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো; মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি; জর্ডানের ইয়ারমোক ইউনিভার্সিটি; দক্ষিণ আফ্রিকার উইটসওয়াটার‌্যান্ড ইউনিভার্সিটিসহ আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে এনএসইউর শিক্ষার্থীরা যেতে পারেন ক্রেডিট ট্রান্সফার করে।বিবিএ চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী লিরানা রহমান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন খুব কড়া। নিয়মিত ক্লাস করতে হয়। কোনো কারণ ছাড়া পরপর তিনটি ক্লাস মিস গেলে কোর্স থেকে ড্রপ করা হয়।’ নিয়মকানুন যে খুব কড়া, এটা বুঝতে বেগ পেতে হয় না। ভালো ফল করে যেমন ক্রেডিট ট্রান্সফার করা যায়, তেমনি খারাপ ফল করলে এনএসইউ ছাড়তে হয়! বিবিএ, এমবিএ ও ইএমবিএর ক্ষেত্রে সিজিপিএ ২.০, ২.৭ ও ২.৫-এর নিচে গেলেই সমূহ বিপদ। পরপর দুবার এর কম নম্বর পেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিভাগ থেকে বহিষ্কার করা হয়।খরচাপাতিভর্তির সময় বিবিএ, এমবিএ ও ইএমবিএর ভর্তি ফি লাগবে ২০ হাজার টাকা। এ ছাড়া প্রতি সেমিস্টারে পাঠাগার, কম্পিউটার ল্যাব ও স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি দিতে হবে যথাক্রমে ৫০০, এক হাজার ৫০০ ও দুই হাজার টাকা করে। আর বিবিএ, এমবিএ ও ইএমবিএর প্রতি ক্রেডিটের জন্য যথাক্রমে চার হাজার ৫০০, পাঁচ হাজার ৫০০ ও ছয় হাজার টাকা করে খরচ হবে। ভর্তির সময় মেধাক্রম অনুযায়ী বৃত্তির ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া প্রতি সেমিস্টারে ফলাফলের ভিত্তিতে বৃত্তির সুযোগও রয়েছে। এ ক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে, শেষ সেমিস্টারে প্রায় ৭০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে।ভর্তি পদ্ধতিবছরে তিন সেমিস্টারে তিনবার ভর্তি নেওয়া হয় এনএসইউতে। স্প্রিং (জানুয়ারি), সামার (মে) ও ফল (সেপ্টেম্বর)—এই তিন সেমিস্টারের আগে ভর্তির আবেদনপত্র চাওয়া হয়। ভর্তির আবেদনপত্র সরাসরি বিশ্ববিদ্যালয় থেকে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যায়। ভর্তির আবেদনপত্রের মূল্য ৮০০ টাকা। বিবিএর ভর্তি পরীক্ষার প্রশ্ন হয় স্যাট ও টোয়েফলের মতো করে। অন্যদিকে এমবিএ ও ইএমবিএর প্রশ্ন হয় টোয়েফল ও জিম্যাটের মান অনুসারে। যারা এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৩.৫-এর ওপর পেয়েছে অথবা ‘ও’ লেভেলে ২.৫ এবং ‘এ’ লেভেলে ২.০ পেয়েছে, শুধু তারাই আবেদন করতে পারবে বিবিএতে ভর্তি হওয়ার জন্য। এমবিএ ও ইএমবিএর ক্ষেত্রে যেকোনো বিষয়ে সম্মান অথবা স্নাতক হতে হবে ন্যূনতম দ্বিতীয় বিভাগ নিয়ে। ইএমবিএর ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে নির্বাহী (এক্সিকিউটিভ) হিসেবে। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে www.northsouth.edu—এই ওয়েবসাইটে।