সিলভি পত্রিকার প্রতিবেদনের মাধ্যমে প্রথম জানতে পারেন এবার আসছে ‘স্বাস্থ্য অর্থনীতি’ নামের নতুন একটি বিষয়। তখন ২০১০ সাল। এখন সাম্মি, নাজিয়া, জোবায়ের, রাইসুলরা পার করতে চলছেন স্বাস্থ্য অর্থনীতি বিষয়ে পড়াশুনার প্রথম বর্ষটি।প্রথম বছর, নতুন বিষয়, নতুন করে স্বপ্নীল ক্যাম্পাসে পড়াশুনাটা কেমন হচ্ছে? মিলন বললেন, ‘এখনো শিহরণ কাজ করে। প্রথমত, বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়ার সুখ, তার ওপর নতুন বিষয়ে আমরাই প্রথম ব্যাচ, কি যে ভালো লাগছিল!’রাইসুল বললেন, ‘আচ্ছা! প্রতিটি বিষয়ই মনে হচ্ছে বাংলাদেশে আমরাই প্রথম এমন করে শিখছি।’ দীপা জানান, ‘বিশ্ববিদ্যালয়ে অন্য রকম ভালো লাগা কাজ করছে।’এই ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের আড্ডায় ক্যারিয়ার চিন্তার চেয়ে শিক্ষাটাই বেশি গুরুত্ব পায়। রনি বলছিলেন, ‘আমরা আমাদের কর্মক্ষেত্র নিয়ে নিশ্চিন্ত থাকতে পারি, যদি পড়াশুনাটা ঠিকভাবে করতে পারি।’মরিয়ম, সানজিদা, জেবিন, রক্তিম, নাহিয়ানরা একেবারে আড্ডাবাজ না হলে সব সময়ই ক্যাম্পাসে আগে আগে চলে আসেন। আপন করে ভাবেন নিজেদের ইনস্টিটিউট নিয়ে। সবার ফলাফলই অনেক ভালো।নাফিসা আর মেহেদী আড্ডা ছেড়ে উঠে যেতে যেতে বললেন, ‘এ বছর যারা আসবে তারা অনেক ভাগ্যবান হবে। কারণ, পথটা তো আমরাই হেঁটে সহজ করে দিলাম।’ সবাই একসঙ্গে সমর্থন জানালেন।সেবা বললেন, ‘আমাদের মধ্যে অনেক মিল।’ সাহাবুদ্দিন যোগ করলেন, ‘আমরা লেখাপড়াসহ সব বিষয়েই নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে নিই।’ পূজন, সান্নি, রাতুল, সানি, বিভাষরা দারুণ সমর্থন করলেন সাহাবুদ্দিনকে।স্বাস্থ্য অর্থনীতি বিষয়টায় আসলে কী শিখছেন ছাত্রছাত্রীরা? আসলেই কি এটা বিশ্ববিদ্যালয়ের বা জাতীয় শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? এমন প্রশ্নে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সুশীল রঞ্জন জানালেন, ‘অর্থনীতির সাধারণ বিষয় নিয়ে সবাই আলোচনা করছে। যেমন বিবিএ, এমবিএ, অর্থনীতি ইত্যাদি বিষয়গুলো। কিন্তু মানুষের কল্যাণের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তার নাম স্বাস্থ্য। আর স্বাস্থ্যের সার্বিক বিবেচনায়, সার্বিক পরিকল্পনায়, স্বাস্থ্য অর্থনীতি জানা থাকার এখন আর কোনো বিকল্প নেই।’ইনস্টিটিউটের পরিচালক শামসুদ্দিন আহমদ বলেন, ‘বিশ্বের অনেক দেশ থেকে আবেদন আসে আমাদের ইনস্টিটিউটে ভর্তির জন্য। কিন্তু আমাদের জায়গা কম। আমরা বড় জায়গা পেলে সবাইকে শিক্ষা দিতে উৎসাহিত হব।’কাজের ক্ষেত্র সম্পর্কে ইনস্টিটিউটের পরিচালক জানান, ‘আইসিডিডিআরবি, হু এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ছাড়াও সরকারি-বেসরকারি চাকরির নানা সুযোগ রয়েছে। স্বাস্থ্য অর্থনীতি আগামী দু-এক বছরের মধ্যে সব ক্ষেত্রে চাহিদার অন্যতম শীর্ষে অবস্থান করবে।’