পড়তে পারো আবোল তাবোল
করোনাভাইরাসের এই কঠিন সময়ে বন্ধুরা সব দূরে। তবে একটা বন্ধু কিন্তু কাছেই আছে। কে সে? সে হচ্ছে বইবন্ধু। নানা ব্যস্ততায় হয়তোবা শেলফের ওই ধুলাজমা বন্ধুটির খবর নেওয়া হয়নি। এখন স্কুল ছুটি থাকায় বন্ধুটির সঙ্গে কল্পনার রাজ্যে হারিয়ে যেতে মানা নেই। আজ তোমাদের আমি এক বইবন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেব। সে হচ্ছে সুকুমার রায়ের আবোল তাবোল। সাধারণ কিংবা মামুলি বিষয়ও যে অসাধারণ হয়ে উঠতে পারে, তার অনন্য উদাহরণ আবোল তাবোল। এই ছুটিতে আমি যে বইগুলো পড়েছি, তার মধ্যে এই বই সেরা। আবোল তাবোল লিখেছেন প্রখ্যাত শিশুসাহিত্যিক সুকুমার রায়।
তোমরা নিশ্চয়ই জানো, সুকুমার রায় রসের রাজা। মানে তাঁর প্রতিটি লেখাই দারুণ মজার। আবোল তাবোলও এর ব্যতিক্রম নয়। ছড়ার এই বইয়ে হাঁস আর শজারু মিলে হয় হাঁসজারু, বক আর কচ্ছপ মিলে বকচ্ছপ, হাতি আর তিমি মিলে হয় হাতিমি। আরও কত শত অদ্ভুত মজার ঘটনা যে ঘটতে পারে, তা তোমরা বইটা পড়লেই জানতে পারবে। কাঠবুড়ো, কুমড়োপটাশের মতো অদ্ভুত চরিত্রগুলো তোমার মুখে হাসি ফোটাবে। আর ছড়ার সঙ্গে লেখকের আঁকা ছবিগুলো দেবে বাড়তি মজা। বইটি একবার হাতে নিয়ে দেখো, শেষ না করে উঠতে পারবে না।
নবম শ্রেণি, টেসল ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া