প্রাকৃতিক নানা কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশগুলোর একটি। ঘূর্ণিঝড় সিডরে অসংখ্য মানুষের প্রাণহানি আর ক্ষয়ক্ষতির স্মৃতি এখনও আমাদের স্মৃতিতে জ্বলজ্বল করে। দেশের উপকূলীয় এলাকায় ঝড়-জলোচ্ছ্বাস ফি বছরের ঘটনা। তাই বাংলাদেশে ‘দুর্যোগ ব্যবস্থাপনা’ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়ানো হচ্ছে। কিন্তু বিষয়টির চাহিদা বাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার স্বতন্ত্রভাবে চালু হলো ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভলনারেবিলিটি স্টাডিজ। স্বতন্ত্র এই ইনস্টিটিউটের মাধ্যমে এ বছর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে ৪০ জন শিক্ষার্থীর পড়ার সুযোগ তৈরি হলো।এ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর পাঠের সুযোগ তৈরি হয় ২০০৯ সাল থেকে। সেন্টার ফর ডিজাস্টার অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ (সিডিভিএস) থেকে কোর্সটি পরিচলিত হয়। ইনস্টিটিউটের পরিচালক মাহবুবা নাসরীন বলেন, ‘আমাদের এই কোর্সে শুরুতে বছরে একবার ভর্তি নেওয়া হলেও বর্তমানে বছরে দুটি ব্যাচ ভর্তি হতে পারছে। এরই মধ্যে একটি নতুন ব্যাচ ক্লাস শুরু করেছে। এখানে যে কোর্সগুলো নিয়মিত চলছে তার মধ্যে আছে পাঁচ সপ্তাহের সার্টিফিকেট কোর্স, ছয় মাসের ডিপ্লোমা কোর্স এবং দুই বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্স।’যাঁরা পরিবেশ ও দুর্যোগ বিষয়ে কাজ করছেন, তাঁদের মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (এমডিএম) কোর্সটি বেশি সাহায্য করবে। আবেদনপত্রের মূল্য ৮০০ টাকা। ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের সন্ধ্যাকালীন এই কোর্সটিতে চার সেমিস্টারে স্নাতকোত্তর সম্পন্ন করতে খরচ হবে ৫০ হাজার টাকা। এ ছাড়া সার্টিফিকেট কোর্স করা যাবে ১৫ হাজার টাকায় এবং ডিপ্লোমা কোর্সে খরচ পড়বে ২৫ হাজার টাকা। দুই বছর মেয়াদি মোট চার সেমিস্টারে স্নাতকোত্তর সম্পন্ন করা যাবে এই ইনস্টিটিউট থেকে। মাহবুবা নাসরীন জানান, এখানে ভর্তি হওয়ার জন্য মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হয়, যেখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন করা হয়। স্নাতকোত্তর শ্রেণীতে মোট আসন ৪০টি। স্নাতকোত্তর পর্যায়ে বর্তমানে মোট চারটি ব্যাচ অধ্যয়নরত। ৬৪ ক্রেডিট আওয়ার মোট ১৬০০ নম্বরের ওপর পড়ানো হয় দুই বছর। এরই মধ্যে একটি ব্যাচ স্নাতকোত্তর শেষ করেছে।ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক খোন্দকার মোকাদ্দেম হোসেন বলেন, ‘বর্তমানে বিষয় হিসেবে চাকরির বাজারেও দুর্যোগ ব্যবস্থাপনার যথেষ্ট চাহিদা রয়েছে। এ বিষয়ের তাই যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’ ভর্তির যোগ্যতাস্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হতে হলে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণীধারী হতে হবে, আর পয়েন্টের ক্ষেত্রে ন্যূনতম ২.৫ সিজিপিএ থাকতে হবে। তবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। এ ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের দুই বছরের পাসকোর্স ডিগ্রিধারী বা তিন বছরের ব্যাচেলর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে তাঁদের যথাক্রমে দুই বছরের মাস্টার্স বা এক বছরের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। যাঁরা মাস্টার্স বা অনার্স পরীক্ষায় অংশ নিয়েছেন কিন্তু চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি, তাঁরাও চাইলে এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া স্নাতক সম্মানে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় স্বাভাবিক নিয়ম প্রযোজ্য হবে।যোগাযোগ: ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, প্রথম তলা, রুম নম্বর ১০৫৯, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: ৯৬৬১৯০০-৭৩, এক্স-৬৫৯৯, ০১৭২১৪৭২৬৩০, ই-মেইল: [email protected]ওয়েবসাইট: www.univdhaka.edu