পড়ন্ত বিকেলে রমেশের গানে মুগ্ধ শ্রোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গাউসুল আজম বাবা নূরে আলম/ তুমি ইছমে আজম/ জগতে তরানেওয়ালা/ নাম ধরেছ বাবা হক ভান্ডারি/ বাবা তৌহিদের কান্ডারি’ কিংবা ‘পিরিতির এত জ্বালাতন/ কাঁদতে কাঁদতে জনম গেল জিয়ন্ত মরণ’...কখনো মাইজভান্ডারি, কখনো বা আধ্যাত্মবাদ, আবার দেশাত্মবোধের গান। পড়ন্ত বিকেলে বোয়ালখালী উপজেলা মিলনায়তনে লোককবি রমেশ শীলের গানের সুরমূর্ছনা মুগ্ধতার আবেশ ছড়ায় হাজারো শ্রোতার মধ্যে।একুশে পদকপ্রাপ্ত লোককবি রমেশ শীলের ১৩৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গত বৃহস্পতিবার আয়োজন করা হয় নানা অনুষ্ঠানমালার। সকালে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। কুমিল্লা জেলা থেকেও কবির একদল ভক্ত সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। কবির পরিবার, বোয়ালখালী প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলে ফুলে ভরে ওঠে কবির সমাধি। ‘মাটির মানুষ মাটি নিয়া সারা দিন কাটাই/ মাটির সঙ্গে কোলাকুলি মাটি দিয়া সোনার ফল ফলাই’—কবিয়াল রমেশ শীল শিল্পীগোষ্ঠীর সমবেত পরিবেশনায় এ গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ। জন্মবার্ষিকী উদ্যাপন পরিষদের আহ্বায়ক রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বদরুচ মেহের, চট্টগ্রাম জেলা বাকবিশিসির সহসভাপতি কানাই লাল দাশ, সমাজসেবী চন্দন চৌধুরী, বোয়ালখালী চেয়ারম্যান সমিতির সভাপতি এম নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. মোকারম।প্রধান অতিথি মোছলেম উদ্দিন বলেন, ‘রমেশ শীল ব্রিটিশ ও পাকিস্তানিদের শোষণের বিরুদ্ধে বাংলার পথে-প্রান্তরে ঘুরে গণজাগরণ সৃষ্টি করেছেন। তাঁর মননে-হূদয়ে ছিল দেশপ্রেম। শাসক-শোষকদের রক্তচক্ষু উপেক্ষা করেই তিনি বাংলার জয়গান গেয়েছেন।’ আলোচনা শেষে রমেশ রচিত গান পরিবেশন করেন শিল্পী মোজাহেরুল ইসলাম, মফিজুর রহমান, আবুল বশর, মো. রাশেদ, জয়া দেব, রুমা শীল, চন্দ্রিকা শীল, বৃষ্টি শীল ও সুইটি শীল।