পড়া-খেলা ছেড়ে হলিউডে

তাঁর আসল নাম জেসিকা ক্ল্যারেই। মার্কিন এই অভিনেত্রী অবশ্য ব্লেইড, স্টেল্থ, দ্য এ টিম বা টোটাল রিকল-এর মতো সিনেমার জন্য জেসিকা বিয়েল নামে পরিচিত। জাস্টিন টিম্বারলেকের স্ত্রী হওয়ার সুবাদে অনেকে তাঁকে মিসেস টিম্বারলেক বলেও ডাকেন।
গৃহিণী মা আর ব্যবসায়িক পরামর্শক বাবার বড় সন্তান জেসিকা। বাবার চাকরির জন্য নানান জায়গার নানা স্কুলে পড়ার সুযোগ পান তিনি। মাত্র নয় বছর বয়সে গান গাইতে মঞ্চে ওঠেন। এগারো বছর বয়সেই মডেলিং করার সুযোগ পান। খুব ছোটবেলায় অভিনয় করেছেন টিভি সিরিজেও। স্কুলের ফুটবল দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। ফুটবল ছাড়াও জিমন্যাস্টিকস খেলতেন। স্কুল-কলেজ শেষে টাফস বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান জেসিকা। অভিনয়জীবনে ব্যস্ত হয়ে পড়ায় পড়ার টেবিলে আর ফিরতে পারছিলেন না। তাই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষেই পড়াশোনাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে হলিউডে পা রাখেন তিনি। এস্কোয়ার অবলম্বনে
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান