পড়াটা বুঝতে হবে আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইচ্ছা ছিল ঢাকাতেই পড়ব। কিন্তু ভালো কোথাও সুযোগ হচ্ছিল না। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় সুযোগ পেলাম না। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফলেও নাম নেই। শেষমেশ সুযোগ পেলাম ঢাকা কলেজের রসায়ন বিভাগে। ভর্তি হলাম। মনের জোরেই দ্রুত হতাশা কাটিয়ে উঠলাম।’ হাস্যোজ্জ্বল মুখে কথাগুলো আওড়াচ্ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সদ্য অনার্স শেষ করা ত্রিনাথ সিংহ, যিনি এবার সারা দেশের হাজার হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলে রসায়নে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন।ঢাকা কলেজের মেধাবী মুখ ত্রিনাথের খেলাধুলার প্রতি আগ্রহ ছিল প্রবল। ছোটবেলায় ক্রিকেট, ফুটবল, দাবা, ক্যারম—কোনো না কোনো খেলা নিয়েই মেতে থাকতেন তিনি। কিন্তু এ জন্য মা-বাবা বকা দেওয়ার সুযোগই পাননি। কেননা খেলাধুলার মতো তিনি পড়াশোনায়ও ছিলেন যথেষ্ট ভালো। প্রতি ক্লাসে প্রথম হতেন ঝালকাঠির কাঁঠালিয়া পাইলট স্কুলের এই ছেলেটি।অমৃত লাল দে কলেজে আসার পর তো সারা দিন সাইকেল ছিল তাঁর কাছের বন্ধু। আর সিনেমা ঘরে যাওয়া-আসা তাঁর প্রতি সপ্তাহের রুটিন হয়ে দাঁড়ায়। এভাবেই স্কুল-কলেজ শেষ করে ঝালকাঠির এই ছেলেটি ঢাকায় পাড়ি জমান। কেমন ছিল পড়াশোনার অভ্যাস? উত্তরটা বেশ গুছিয়ে বললেন ত্রিনাথ, ‘ঢাকা কলেজে ভর্তি হয়ে প্রথম বর্ষ থেকেই নিয়ম করে দুই-তিন ঘণ্টা বইয়ের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করতাম। শিক্ষকদের কথা মন দিয়ে শুনতাম। নিজে পড়তাম এবং শিক্ষকদের সাহায্য নিতাম নিয়মিত। বেশি রাত জেগে পড়া আমার হতো না। তাই দিনের বেলা পড়তাম। তবে প্রথম বর্ষ থেকেই প্রথম শ্রেণীর নম্বর থাকলেও ভাবিনি একদম প্রথম হয়ে যাব।’ ঢাকা কলেজের রসায়ন বিভাগের প্রধান সামসাদ বেগম বলেন, ‘ছেলেটির বেশ আগ্রহ ছিল লেখাপড়ায়। সব সময় শিক্ষকদের সঙ্গে লেখাপড়া নিয়ে আলোচনা করত। আর যার আগ্রহ থাকবে সে অবশ্যই সফল হবে। তার এই ফলাফল আমাদের অনেক আনন্দ দিচ্ছে।’ত্রিনাথও মনে করেন, একান্ত ইচ্ছা নিয়ে কাজ করলে সফলতা অনিবার্য। মুখস্থ করার জন্য বেশি বেশি পড়ে সময় নষ্ট করার চেয়ে বুঝে পড়লে কম সময়েই তা মনে থাকে। মাস্টার্স শেষ করে বিদেশের ভালো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিষয়ে পিএইচডি করে দেশে ফিরতে চান ত্রিনাথ। কাজ করতে চান দেশের জন্য।