পড়ার শেষে চাকরি নতুবা ব্যবসা—যেকোনো কাজেই যুক্ত হওয়াটা স্বাভাবিক। কিছু একটা তো করতে হবে। তবে পড়া শেষ করার আগেই যদি এমন অভিজ্ঞতা হয়, তবে পুরোদমে কাজের ক্ষেত্রে যাওয়ার আগেই পোক্ত হয়ে যাবেন। এমন চিন্তা থেকেই ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় (ইডিইউ) চালু করেছে ‘ক্যাম্পাস জব’। ওয়ার্ক স্টাডি প্রোগ্রামের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ক্লাসের ফাঁকে শিক্ষার্থীরা শিখছেন ভর্তি, পাঠাগার ব্যবস্থাপনা, নিবন্ধনসহ প্রাতিষ্ঠানিক নানা কাজ। প্রতি সেমিস্টারে ভালো ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীরা এ সুযোগ পাচ্ছেন। উচ্চশিক্ষা শেষে কর্তৃপক্ষ তাঁদের হাতে তুলে দিচ্ছে অভিজ্ঞতার সনদ। বিশ্ববিদ্যালয়ের সব শাখাতেই এখন সহযোগী হয়ে কাজ করছেন অনেক শিক্ষার্থী। ‘ক্যাম্পাস জব’ নিয়ে তাই আনন্দিত তাঁদের অনেকে। তাঁদের ভাষ্য, পড়ালেখার ফাঁকে এই ধরনের কর্মকাণ্ড ব্যক্তিজীবনে লক্ষ্যে পৌঁছাতে অনুপ্রেরণা জোগাবে।
পাঠাগারে সহযোগী হিসেবে কাজ করছেন মাইশা ফাইরুজ আহমেদ। তিনি পড়ছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে। প্রতি সেমিস্টারে জিপিএ-৪ পাওয়া মাইশার কাছে পাঠাগারে কাজ করার অভিজ্ঞতা আনন্দের। তিনি বলেন, প্রথমে ভাবতেই পারিনি একটি পাঠাগারে বই রাখার এত নিয়ম আছে। বুক ক্যাটাগরির কাজ করতে গিয়ে শিখেছি, পাঠাগার বিশ্ববিদ্যালয়ের প্রাণ।
বিবিএর ছাত্রী সাবেরা আকতার ও ফাতিমা নাশরা জানান, এ ধরনের কাজের মাধ্যমে ছাত্রজীবনের শৃঙ্খলা আরও পোক্ত হয়, যা ব্যক্তিজীবনে কাজ লাগে।
ইডিইউর ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, প্রচলিত উচ্চশিক্ষায় একটু ব্যতিক্রমভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক সীমাবদ্ধতা কাটানোর পাশাপাশি তাঁদের মেধার মূল্যায়নও করা হচ্ছে এখানে।