পড়ার ফাঁকে খেলা, নাকি খেলার ফাঁকে পড়া
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) এখন ভয়াবহ অবস্থা! শিক্ষার্থীদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে কয়েক দিন ধরেই। ইতিমধ্যে দুই দলে ভাগ হয়ে গেছেন পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুই দলের মধ্যে চলছে তুমুল তর্কাতর্কি-বাগিবতণ্ডা। বাদ আছে শুধু হাতাহাতিই! কয়েক দিন আগের বন্ধুও হয়ে গেছেন আজ নিষ্ঠুর প্রতিপক্ষ। বোঝা যাচ্ছে না, শেষ পর্যন্ত কী হবে! একই অবস্থা বিরাজ করছে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, আইইউবি ও এআইইউবির শিক্ষার্থীদের মধ্যেও। দিন যত এগোচ্ছে, অবস্থা তত চরম আকার ধারণ করছে। ‘যুদ্ধ’ বাধতে আর দেরি নেই মোটেই। না পাঠক, ঘাবড়াবেন না। এ যুদ্ধ সে যুদ্ধ নয়। এ হলো যুদ্ধ যুদ্ধ খেলা। আরও খোলাসা করে বললে, খেলা নিয়ে যুদ্ধ। বিশ্বকাপে কাঁপছে বিশ্ব, কাঁপছে বাংলাদেশ। আর সেই কাঁপুনির ঢেউ আছড়ে পড়ছে বিশ্ববিদ্যালয়গুলোতেও।বন্ধু তুমি মেসি, আমি কাকাএনএসইউর বয়েজ লাউঞ্জে তখন তুমুল আড্ডা চলছে। এবার কাপ নেবে মেসির আর্জেন্টিনা—ইংরেজি বিভাগের আসিফের দাবি। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব ইকোনমিকসের আবিদের, ‘বিশ্বকাপ জেতা এত সোজা নয়, জোগো বোনিতো (সুন্দর ফুটবল) খেলে কাপ নেবে কাকা-রবিনহোর ব্রাজিল।’ সঙ্গে সঙ্গেই ফার্মেসির সুমনের ব্যঙ্গাত্মক আক্রমণ, ‘ঠিক বলেছিস, বিশ্বকাপ এত সোজা নয়। তাই মামা, কাকা বা চাচা দিয়ে কাপ জয়ের স্বপ্ন দেখাটাও বোকামি।’ খোঁচাটা টের পেয়ে হইহই করে ওঠেন ব্রাজিলের সমর্থকেরা। আর্জেন্টিনার সমর্থকেরাও বা কম যাবেন কেন? ফলে ব্রাজিলের হইহইয়ের সঙ্গে আর্জেন্টিনার রইরই যোগ হয়ে তখন যাকে বলে একেবারে হইহই রইরই অবস্থা। এ অবস্থা শুধু কি বয়েজ লাউঞ্জে? কী যে বলেন না! গার্লস লাউঞ্জ, ক্যাফেটেরিয়া, ক্লাসরুম—সবখানেই এখন একসুর একতান। সবখানেই বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়ে পড়ছে কোনো না-কোনোভাবে। গায়ে প্রিয় দলের জার্সি, ঘাড়ে সেই পতাকায় মোড়ানো ব্যাগ, রিস্টব্যান্ডে আবার সেই পতাকার ছোঁয়া। প্রতি মুহূর্তেই জানান দিচ্ছে ক্লাসে থাকি, পরীক্ষার হলে থাকি, যেখানেই থাকি, বিশ্বকাপ কিন্তু সঙ্গেই আছে। এনএসইউয়ের বিবিএর একটি কোর কোর্স হলো এন্ট্রাপ্রিনিয়রশিপ। চলমান দুনিয়ার প্রতি সপ্তাহের বড় বড় সব খবর নিয়ে আলোচনা করাটা এ কোর্সের একটা অংশ। শিক্ষক আবদুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছিলেন, চলতি সপ্তাহের বড় বড় খবর কী? স্পোর্টস ক্লাবের সুব্রত হাজরার উত্তর, পৃিথবীতে এখন কিছু হচ্ছে না, শুধু হচ্ছে বিশ্বকাপ। বুঝুন অবস্থা! বিশ্বকাপের প্রভাব তবে কেমন।কেউ হলুদ, কেউ নীল, কেউ লাল আবার কেউ বা সাদা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এখন রং-বেরঙের জার্সির ছড়াছড়ি। দল ভালো করলে জার্সি আর গা থেকে নামেই না। কিন্তু দল খারাপ খেললে ক্ষোভে হোক, দুঃখে হোক অথবা লজ্জায়ই হোক জার্সিটা কিন্তু কিছুদিন তোলা থাকছে আলমারিতে। সিএসইর রায়হান মেসির ভক্ত। তাঁর মন খারাপ প্রিয় তারকা গোলখরায় ভুগছেন তাই। সতীর্থ তনিমা তাঁকে সাহস জোগান, ‘দোস্ত, চিন্তা করিস না, ওস্তাদের মার শেষ রাতে। মেসি ঠিকই গোলের বন্যা বইয়ে দেবে।’ রায়হান রয়েছেন সেই অপেক্ষায়।এদিকে এআইইউবির (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ) এমবিএর শিক্ষার্থী আহসানুল করিম পড়েছেন বড় সমস্যায়। তাঁর ক্লাস সন্ধ্যা থেকে শুরু হয়। সুতরাং দিনের প্রথম দুটি খেলা মিস করছেন নিয়মিত। এরপর মড়ার ওপর খাঁড়ার ঘা—তিনি কিনা আবার ইতালির সমর্থক। তাই ক্যাম্পাসে যখন অন্য বন্ধুরা খেলা দেখা থেকে বঞ্চিত হয়ে খেলা নিয়ে আলোচনা করে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন, তখন তাঁকে কিনা মুখে কুলুপ এঁটে বসে থাকতে হচ্ছে। কারণ ব্রাজিল-আর্জেন্টিনার এই বাজারে ইতালির সমর্থক যে হাতেগোনা। তাই কী আর করা, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি বড়—এ কথা বলেই নিজেকে প্রবোধ দিচ্ছেন রাজীব। আর কাছের বন্ধু ব্রাজিলের সমর্থক ছোটনকে সাহায্য করছেন আরেক বন্ধু আর্জেন্টিনার সমর্থক বিজয়ের সঙ্গে তর্কে পেরে উঠতে।ইস্ট ওয়েস্টেও দলবেঁধে চলছে খেলা দেখা আর চায়ের কাপে ঝড় তোলা। ছুটছে কথার ফুলঝুরি। এখনো ঠিকভাবে নির্ধারিতই হয়নি, কোন ১৬ দল যাবে সেরা ১৬-তে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল সে তো মেলা দূর! কিন্তু ইতিমধ্যে বিবিএর রাকিব হিসাব করে বের করে ফেলেছেন, ফাইনালে দেখা হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর আর্জেন্টিনার। আর সে ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনাকে কয় গোলে হারাবে অথবা আর্জেন্টিনাই বা ব্রাজিলকে কীভাবে নাকানি-চুবানি খাওয়াবে, তা নিয়েই তর্ক বেধে গেছে বন্ধুদের মধ্যে। তা দেখে ফার্মেসির সুনেত্রা চক্রবর্তী তো হেসেই খুন। তাঁর ভাষায়, একেই বলে গাছে কাঁঠাল গোঁফে তেল।আইইউবির পপুলেশন এনভায়রনমেন্টের আনিলা ফুটবলের মহাভক্ত। কিন্তু সকালে ক্লাস থাকার কারণে রাত জেগে খেলা দেখতে পারছেন না। তা নিয়ে ভীষণ মন খারাপ তাঁর। ‘রাত জেগে খেলা দেখতে পারি না। তাই সকালে ভার্সিটিতে এসে বন্ধুদের সঙ্গে রাতের খেলা নিয়ে ঝগড়াও করতে পারি না’—এভাবেই মনের অবস্থা প্রকাশ করলেন আনিলা। মাহমুদ তো দাবিই করে বসলেন, বিশ্বকাপের মাসে উচিত দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা।পড়ার ফাঁকে খেলা, নাকি খেলার ফাঁকে পড়াচার বছর পর পর মাত্র এক মাসের জন্য আসে বিশ্ব কাঁপানো বিশ্বকাপ। গত বিশ্বকাপের সময় যে ছেলেটি বা মেয়েটি কলেজে পড়ত, এই বিশ্বকাপের সময় সে পড়ছে বিশ্ববিদ্যালয়ে, আবার পরের বিশ্বকাপের সময় সে প্রবেশ করবে কর্মজীবনে। সেই কলেজে পড়ার সময় যেমন সে প্রিয় দল নিয়ে বন্ধুর সঙ্গে যুক্তিতর্কে মেতে উঠত, এখনো তেমনি করেই মেতে আছে যুক্তিতর্কে, সামনেও হয়তো তা-ই থাকবে। তাই বলি, নিন্দুকেরা যে যা-ই বলুক, এই বিশ্বকাপই কিন্তু আমাদের এক সুতায় নিয়ে আসে। সব সময় তো পড়ার ফাঁকেই চলে খেলা, এ মাসটা না হয় খেলার ফাঁকেই চলুক পড়া।