পড়ার বিষয় বনাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজের প্রতি ছিল মাসুদের ঝোঁক। সেই ঝোঁক থেকেই বাড়ির সামনে একটা সুন্দর সবুজ বাগান করেছিলেন তিনি। কচি হাতে লাগানো সেই গাছগুলোতে যখনই ফুল ফুটতে যাবে, অমনি একদিন পাশের বাড়ির দুষ্টু ছেলেটা এসে ভেঙে দিয়েছিল গাছের বেশ কয়েকটা ডাল। খুব কষ্ট হয়েছিল সেদিন তাঁর। গল্পটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মাসুদুর রহমানের। এখন গাছপালা নিয়েই তাঁর কারবার। সারা দিন কাটে সবুজের ভিড়েই। এখন একটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপক তিনি। মাসুদুর রহমানের মতো যাঁরা বৃক্ষপ্রেমী, তাঁরা পড়াশোনা করতে পারেন বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান নিয়ে।বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান‘সবুজ বনবনানী আর পাখপাখালির দেশ আমাদের বাংলাদেশ। নগরায়ণের ফলে আজ বনবনানী, গাছপালা কমে যাচ্ছে। ফলে আবহাওয়ার পরিবর্তন ঘটছে। দূষিত হচ্ছে পরিবেশ। তাই সময়োপযোগী একটি বিষয় হচ্ছে বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান অধ্যয়ন।’ বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বায়েজিদ মাহমুদ খান। বন কীভাবে পরিবেশে প্রভাব বিস্তার করে, পরিবেশদূষণ রোধ, বৃক্ষরোপণ, বন সংরক্ষণের ক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার—এসব বিষয়ে অধ্যয়ন হলো বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান অধ্যয়ন।কোথায় পড়বেনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে বনবিদ্যা ও পরিবেশবিদ্যা নামে ইনস্টিটিউট। এর অধীনে দুটি বিষয় পড়ানো হয়—বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফরেস্টি বিভাগ রয়েছে।পড়ার যোগ্যতাপরিবেশবিজ্ঞান ও বনবিদ্যা বিষয়ে অধ্যয়নের জন্য আপনাকে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শুধু যাঁরা বিজ্ঞান বিষয় নিয়ে পড়ালেখা করেছেন, তাঁরা এ বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ-ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম ৭০ জনের মধ্যে থাকলে এ বিষয়ে পড়ার সুযোগ পাবেন। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান—এই বিষয়গুলোর ওপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে যাঁরা এ বিষয়ে পড়তে চান, তাঁদের এইচএসসিতে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে। আর এসএসসি ও এইচএসসির ফলাফল মিলে কমপক্ষে জিপিএ-৬.৫ থাকতে হবে ভর্তির আবেদন করতে।বিষয়বৈচিত্র্যপরিবেশবিজ্ঞান ও বনবিদ্যা বিভাগ দুটিতেই রয়েছে বিষয়বৈচিত্র্য। ফরেস্ট ইকোলজি, বায়োডাইভার্সিটি কনসিভেশন, ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট, ফরেস্ট ম্যানেজমেন্ট, ফরেস্ট অ্যাকাউন্টিং, ইকোলজি—এসব বিষয়ের পাশাপাশি পদার্থ, রসায়ন, প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান পড়ানো হয় এ বিভাগে। পাশাপাশি ভবন নির্মাণ, প্রকৌশল ও চিকিৎসাবিজ্ঞানের বেশ কিছু বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে এই শিক্ষা কার্যক্রমে। চার বছরের অনার্স কার্যক্রমটি পরিচালিত হয় ছয় মাসমেয়াদি সেমিস্টারে। আটটি সেমিস্টারে সর্বমোট পড়তে হবে ১৯২ ক্রেডিট। এক বছরের মাস্টার্স প্রোগ্রামে পড়তে হয় ৩২ ক্রেডিট।এ বিষয়ে পড়াশোনাটা শুধু তত্ত্বে সীমাবদ্ধ নয়, বরং অধিকাংশ ক্ষেত্রেই বাস্তব অভিজ্ঞতাভিত্তিক। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের ছাত্রদের পুরো বিশ্ববিদ্যালয়ে গাছ দেখাশোনার ভার নিতে হয় পড়াশোনার পাশাপাশি। নিজেরা বৃক্ষ রোপণ করেন, প্রতি সেমিস্টারে নিজ নিজ লাগানো গাছের খোঁজখবর নিয়ে করতে হয় রিপোর্ট। অষ্টম সেমিস্টার শেষে মূল রিপোর্ট দেওয়ার মাধ্যমে শেষ হয় এই গুরুদায়িত্ব।বিদেশে পড়ার সুযোগবনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পড়ালেখা করে বিদেশে পড়তে যাওয়ার রয়েছে সুযোগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইচ্ছা করলে চায়না ইউনিভার্সিটি অব ফরেস্ট্রিতে ক্রেডিট ট্রান্সফারও করতে পারেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডায় বৃত্তি নিয়ে পড়ার সুযোগও রয়েছে। কমনওয়েলথভুক্ত দেশগুলোতে এ বিষয় নিয়ে পড়ালেখার জন্য রয়েছে কমনওয়েলথ স্কলারশিপ।চাকরির সুযোগবনবিদ্যা ও পরিবেশবিজ্ঞানে পড়ালেখা শেষ করে সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রেই চাকরির সুযোগ রয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন বন বিভাগ। আবহাওয়া অধিদপ্তর, ন্যাশনাল পার্ক, ইকোপার্ক, সাফারি পার্ক, চা-বাগানসহ ফাও (FAO)-এর বন্য প্রাণী সংরক্ষণ কার্যক্রম ইউএসডিএর (USDA) বন গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন এনজিওতে এ বিষয়ের ব্যাপক চাহিদা রয়েছে।