পড়ার বিষয় যখন পর্যটন ও আতিথেয়তা
‘আপনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। ব্যতিক্রমী এ বিষয়ে কেন পড়তে এলেন?’—এ প্রশ্নের উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী অভি বলেন, ‘আসলে ভাইয়া যখন এ বিষয়ে দেশের বাইরে পড়তে গেলেন, তখন থেকেই আগ্রহটা জন্ম নেয়। এমনকি এ বিষয়ে পড়ার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছাও ছিল আমার। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বিভাগ চালু হওয়ায় সুযোগ এসে গেল স্বপ্ন পূরণের।’ আবার প্রশ্ন করি, তাহলে কি আর বিদেশে পড়তে যাচ্ছেন না? অভির সোজাসাপ্টা উত্তর, ‘উচ্চতর ডিগ্রি নিতে দেশের বাইরে যেতে পারি। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশেই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়ার সুযোগ তৈরি হওয়ায় প্রকৃতপক্ষে উপকৃত হয়েছে শিক্ষার্থীরা।’ একই বিভাগের শিক্ষার্থী আনোয়ারের মতে, পর্যটনশিল্পে অমিত সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তাই দক্ষ জনশক্তি তৈরি হলে পর্যটনশিল্প সমৃদ্ধ হবে। সে কারণেই এ বিষয়ে পড়তে আসা।ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কীট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট হলো পর্যটন ও সেবাবিষয়ক প্রায়োগিক জ্ঞানের পাঠ, যা বাণিজ্য অনুষদের অধীনে পড়ানো হয়। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারপারসন মুবিনা খোন্দকার বলেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শুধু পর্যটন বা হোটেল ব্যবস্থাপনা নিয়েই সীমাবদ্ধ নয়; বরং একই সঙ্গে রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির সমন্বয় ঘটিয়ে কীভাবে এই শিল্পের উন্নয়ন করা যায় তা নিয়েও আলোচনা করা হয় এতে। এ ছাড়া দক্ষ জনশক্তি তৈরি করে পর্যটনশিল্প এগিয়ে নিতে সহায়তা করে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।কেন পড়বেনপর্যটনশিল্পের বিকাশ ও আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এ বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন মুবিনা খোন্দকার। অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ। কিন্তু উপস্থাপনের অভাবে বা প্রচার না থাকায় এই শিল্পে সম্ভাবনার আলো ফিকে হতে বসেছে। তাই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়ার উপযোগিতা অনেক বেশি বলে মনে করেন বিভাগে সান্ধ্যকালীন এমবিএর শিক্ষার্থী আবু রায়হান।কোথায় পড়বেনসরকারি বিশ্ববিদ্যালগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০০৭ সাল থেকে বাণিজ্য অনুষদের অধীনে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ, এমবিএ ও সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রাম চালু করেছে। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও এ বিষয়ে চার বছরের অনার্স ও এক বছরের ডিপ্লোমা কোর্স করিয়ে থাকে। এ ছাড়া বাংলাদেশ পর্যটন করপোরেশন ট্যুরিজম ও হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে ১৮ সপ্তাহের সার্টিফিকেট কোর্স এবং এক ও দুই বছর মেয়াদি ডিপ্লোমা প্রোগ্রাম চালু রেখেছে।পঠন পদ্ধতিঢাকা বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি বিবিএ প্রোগ্রামে আট সেমিস্টারে ১২৬ ক্রেডিট পড়ানো হয়। এ ছাড়া এক বছর মেয়াদি এমবিএ এবং দুই বছর মেয়াদি সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে যথাক্রমে ৩৬ ও ৬৬ ক্রেডিট সম্পন্ন করতে হয়। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানভেদে ১২০ থেকে ১৩৫ ক্রেডিটে পড়ানো হয় চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে।যোগ্যতাট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ভর্তি হতে প্রতিষ্ঠানভেদে ভিন্ন ভিন্ন যোগ্যতার প্রয়োজন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার বছরের বিবিএ কোর্সে ভর্তি হতে চাইলে প্রার্থীকে যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। সে ক্ষেত্রে এইচএসসি পাসের পর কর্তৃপক্ষের বেঁধে দেওয়া যোগ্যতা অনুযায়ী প্রার্থীকে ‘গ’ ও ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। আর এমবিএ করতে হলে প্রার্থীকে অবশ্যই ওই বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অধীন যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এ ছাড়া বিবিএতে পেতে হবে নির্দিষ্ট পরিমাণ জিপিএ স্কোর। মে মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে রেগুলার এমবিএর ক্লাস। তবে যেকোনো বিষয়ে চার বছরের অনার্স ডিগ্রি থাকলেই সান্ধ্যকালীন এমবিএতে ভর্তির আবেদন করতে পারবেন আপনি। চলতি মাসের ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানভেদে তিন ও চার বছরের স্নাতক ডিগ্রিধারীরা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে এমবিএ করতে পারবেন। এ ছাড়া বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে ১৮ সপ্তাহের সার্টিফিকেট কোর্স এবং এক ও দুই বছর মেয়াদি ডিপ্লোমা করতে এসএসসি ও এইচএসসি পাস হতে হবে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে।খরচঢাকা বিশ্ববিদ্যালয়ে রেগুলার বিবিএ ও এমবিএর খরচ স্বভাবতই একটু কম। তবে দুই বছরের সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে খরচ পড়বে দুই লাখ ৫২ হাজার টাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিলে এক বছরের ডিপ্লোমা করতে খরচ পড়বে ৩৫ হাজার টাকা। ইবাইসে চার বছরে দুই লাখ ৫৬ হাজার টাকা এবং প্রাইম এশিয়ায় দুই লাখ ৫০ হাজার টাকা খরচ পড়বে। আর বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক পরিচালিত ১৮ সপ্তাহের কোর্সে খরচ পড়বে ২৫ হাজার টাকা। এ ছাড়া এক ও দুই বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে খরচ পড়বে যথাক্রমে ৮০ হাজার ও দুই লাখ ৬০ হাজার টাকা।কর্মক্ষেত্রে সুযোগবিশ্বায়নের জোয়ারে চাকরির বাজার এখন আর শুধু দেশেই সীমাবদ্ধ নয়, দেশের বাইরেও কাজের অবারিত সুযোগ রয়েছে। বিশেষ করে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের এই সুযোগ আরও বেশি বলে জানালেন মুবিনা খোন্দকার। অপেক্ষাকৃত নতুন হলেও এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্র দ্রুত প্রসারিত হচ্ছে আমাদের দেশে। আর সে কারণে ফিন্যান্স থেকে বিবিএ করলেও নিজের আগ্রহে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে এমবিএ করছেন বলে জানালেন একটি পাঁচতারা হোটেলে সিনিয়র সেলস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আফরা এলহাম। এ ছাড়া পড়ার ফাঁকে ফাঁকে বিষয়সংশ্লিষ্ট অনেক খণ্ডকালীন চাকরির সুযোগ আছে বলে জানান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে এমবিএর শিক্ষার্থী সৌরভ।যোগাযোগট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবেন বিভাগের নোটিশ বোর্ড থেকে। এ ছাড়া লগইন করতে পারেন www.univdhaka.edu—এই ঠিকানায়। আর নির্দিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আপনি ভর্তিসংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবেন। প্রাইম এশিয়ার জন্য www.primeasia.edu.bd. ঠিকানায়, ইবাইসের জন্য www.ibais.edu ঠিকানায় এবং ড্যাফোডিলের জন্য www.deffodilvarsity.edu.bd ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন আপনি।