পড়ার বিষয় ‘উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট কুন্তলা। ছুটি পেলেই বেড়াতে চলে যেত গ্রামের বাড়ি। তখন থেকেই গ্রামের কম শিক্ষিত জনগোষ্ঠীর নারীর ওপর অকারণে অন্যায়, নির্যাতন তার মনে দাগ কাটত। মনে মনে ঠিক করেই রেখেছিল, বড় হয়ে এই সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করবে সে। সেই চিন্তা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অন্য আর দশটা বিষয় না নিয়ে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বেছে নেওয়া। এই বিভাগের ষষ্ঠ সেমিস্টারের কুন্তলার মতো শর্মী, কবরী, আফসানেরও ইচ্ছা, ভবিষ্যতে পিছিয়ে পড়া এসব মানুষের পাশে দাঁড়ানো। তাঁদের বন্ধু আরিফ, জুয়েল আর শফিকও মনে করেন, সমাজের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীরও রয়েছে ভূমিকা। পুরুষদের সমানতালে নারীকে হাঁটতে শেখাতে তাই পুরুষদেরও এগিয়ে আসতে হবে—এ বিশ্বাস উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের এই তিন ছাত্রের।বিভাগের নাম উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ: ‘উন্নয়নের জন্য নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণ চাই। আর তাই প্রয়োজন নারী-পুরুষের সামাজিক সম্পর্ক উন্নয়ন, নারী আন্দোলনের ভূমিকা বাস্তবায়ন। সময়োপযোগী এই ধারণাকে একাডেমিক জায়গায় নিয়ে আসতেই উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ নামের এ বিভাগটি। তা ছাড়া সব বিষয়ের সঙ্গেই জেন্ডার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। আর প্রায় প্রতিটি বিভাগেই আলাদা করে একটি কোর্স পড়ানো হতো এ বিষয়ে। এসব কোর্সের সম্মিলিত রূপই হচ্ছে আমাদের এ বিভাগ।’ এভাবেই বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন সোহেলী খাদিজা আজাদ।বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে প্রভাষক হেলাল হোসেন ঢালী বলেন, ‘এ বিভাগে পড়াশোনা করলে জীবনকে নতুন করে বোঝার সুযোগ হয়। দেশের উন্নয়নে নারী-পুরুষের সমান অবদানের স্বীকৃতির জন্য যে পড়ালেখা, তা-ই উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ।’কোথায় পড়বেন: যাঁরা একটু ভিন্নধর্মী বিষয় নিয়ে পড়তে চান, তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অন্তর্ভুক্ত এ বিভাগে ভর্তি হতে পারেন। ২০০১ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ছিলেন অধ্যাপক নাজমা চৌধুরী।শুরুতে এ বিভাগের নাম ছিল ডিপার্টমেন্ট অব উইমেন স্টাডিজ। বর্তমানে নারী-পুরুষ উভয়ের সম্পর্কের গুরুত্ব দিয়ে এর নামকরণ হয়েছে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ।ভর্তির যোগ্যতা: যাঁরা উইমেন ও জেন্ডার স্টাডিজ বিভাগে পড়তে চান, তাঁদের এইচএসসি বা সমমানের ডিগ্রি অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ বা ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মূলত এটি ‘খ’ ইউনিটের বিষয়, তবে যাঁরা বিভাগ পরিবর্তন করে আসতে চান, তাঁরা ‘ঘ’ ইউনিটের মাধ্যমেও আসতে পারেন। এখানে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে কমপক্ষে ১৫ নম্বর পেতে হয়— এটা ছিল গত বছরের নিয়ম। অবশ্য এ বছরে নম্বরের হিসাবটি এখনও চূড়ান্ত হয়নি। তবে বাংলা ও ইংরেজিতে নম্বরের গুরুত্ব কিন্তু থাকবেই। তাই যাঁরা এ বিভাগে ভর্তি হতে ইচ্ছুক, তাঁদের এ দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া উচিত।কোর্স পদ্ধতি: উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে চার বছরের অনার্স ও এক বছরের মাস্টার্স কোর্স চালু রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।অনার্স কোর্স ছয় মাস করে আটটি সেমিস্টারে বিভক্ত। অনার্স কোর্সে প্রত্যেক ছাত্রকে ৩২টি কোর্সে ১২৮ ক্রেডিট পড়তে হবে। আর মাস্টার্সে পড়তে হবে ৩২ ক্রেডিট।বিষয়বৈচিত্র্য: উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের পড়াশোনার বিষয়েও রয়েছে বৈচিত্র্য। উইমেন সোসাইটি কালচার, উইমেন এনভায়রনমেন্ট, উইমেন মুভমেন্ট, ফেমিনিস্ট থিউরি, ফেমিনিস্ট কলোনিয়ালিজম, জেন্ডার অ্যান্ড কালচার, জেন্ডার সিটিজেনশিপ অ্যান্ড গভর্নমেন্ট, গভর্নমেন্ট পোভার্টি অ্যান্ড লিটারেসি প্রভৃতি বিষয়ের পাশাপাশি জ্ঞানের অন্যান্য শাখা—যেমন নৃবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞানও পড়ানো হয় এ বিভাগে।সহশিক্ষা কার্যক্রম: শুধু তত্ত্বীয় পড়ালেখা নয়, বরং এ বিভাগের শিক্ষার্থীদের অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও পারদর্শী করে তোলা হয়। নারী দিবসে শোভাযাত্রা, নারী আন্দোলনের অতীত-বর্তমান নিয়ে সেমিনার, নির্বাচন-প্রক্রিয়ায় নারী বিষয়ে গোলটেবিল, রোকেয়া নেটওয়ার্ক, প্রীতিলতা স্মারক বক্তৃতাসহ নানা কার্যক্রমে যুক্ত করা হয় এ বিভাগের শিক্ষার্থীদের। পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, বিতর্ক অনুশীলন তো রয়েছেই।বিদেশে পড়ার সুযোগ: এ বিভাগ থেকে পাস করে বিদেশে পড়তে যাওয়ার সুযোগও রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ বিভাগের সঙ্গে নরওয়ের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের রয়েছে লিংক শিক্ষা প্রোগ্রাম। যাঁরা বিভাগে ভালো ফল করেন, তাঁরা সেখানে পড়তে যাওয়ার সুযোগ পান। এ ছাড়া কানাডা, ইংল্যান্ড, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রেও এ বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। চাকরির সুযোগ: উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিষয়ে পড়ালেখা করা অবস্থায়ই বিভিন্ন এনজিওতে নারী ও পুরুষ ইস্যু নিয়ে কাজ করার সুযোগ রযেছে। পড়ালেখা শেষ করে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে। নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট, বিদেশি এনজিও ও আন্তর্জাতিক সংগঠনে কাজের প্রচুর ক্ষেত্র রয়েছে এ বিষয়ে।