পড়ালেখার পাশাপাশি খামার গড়েছেন বগুড়ার মেহেদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রের পরিচয় ছাপিয়ে সায়মান মেহেদী এখন গরুর খামারি
ছবি: সংগৃহীত

পড়াশোনা করছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, বিবিএ দ্বিতীয় বর্ষে। তবে ছাত্রের এই পরিচয় ছাপিয়ে সায়মান মেহেদী এখন গরুর খামারি। পড়ালেখার পাশাপাশি গরুর খামার করেছেন এই তরুণ। বগুড়া শহরের কাছেই সদর উপজেলার বারপুর প্রাথমিক বিদ্যালয়-পাড়ায় গড়ে তুলেছেন ‘স্বজন অ্যাগ্রো ও ডেইরি ফার্ম’।

মাংস সরবরাহের জন্য খামারে গরু যেমন আছে, তেমনি দুগ্ধ উৎপাদনে আছে বিদেশি উন্নত জাতের গাভি। দুগ্ধখামার থেকে প্রতিদিন ৭০ থেকে ১০০ লিটার দুধ উৎপাদন হচ্ছে। খামারের দুধ কিনছে পাস্তুরিত তরল দুধ বিপণনকারী ঢাকার একটি প্রতিষ্ঠান। যন্ত্রের সাহায্যে দুধ থেকে ননি তুলে বাড়িতেই ঘি উৎপাদন করেন তাঁরা।

বর্তমানে খামারে দেশি এঁড়ে গরু আছে পাঁচটি। ফ্রিজিয়ান ও ব্রাহমা জাতের গাভি আছে ছয়টি। এসব গাভির বাছুর আছে ছয়টি। গরু ছাড়াও খামারে আছে তিনটি রামছাগল, আছে তোতাপুরি জাতের ছাগি। আছে এক জোড়া ঘোড়া। খামার পাহারার জন্য আছে এক জোড়া বিদেশি কুকুর। এ বছর কোরবানির জন্য এরই মধ্যে তিনটি গরু বিক্রি করেছেন সায়মান।

গরুর খামার কেন করলেন? সোজাসাপ্টা জবাব দেন সায়মান মেহেদী, ‘পড়াশোনা শেষ করে গরুর খামার গড়ার স্বপ্ন ছিল, তবে সেই স্বপ্ন পড়াশোনা শেষ করার আগেই পূরণ হবে, সেটা ভাবিনি। বড় ভাই বেঞ্জামিন মেহেদীর সহযোগিতায় ২০১৯ সালে পাঁচটি দেশি গরু নিয়ে খামারের যাত্রা শুরু। একপর্যায়ে তা বড় হয়েছে। বিশ্ববিদ্যালয় খোলা থাকলে ভাই-ই খামার দেখভাল করেন।’

দুগ্ধখামার করতে গিয়ে ঘি উৎপাদনের পরিকল্পনা মাথায় আসে। আর উৎপাদিত ঘি বাজারজাতকরণের প্রয়োজনে অনলাইন ব্যবসা শুরু করেন তিনি। ‘অনলাইনে ঘি বিক্রিতে ভালো সাড়া পাওয়ার পর ব্যবসায় যুক্ত হয়েছে বোতলজাত শর্ষের তেল, কেক, নানা পদের শিশুখাদ্য’, মেহেদী বললেন।

আড়াই লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। এখন শুধু খামারের গরু আর শেড মিলে বিনিয়োগ ২৫ লাখ টাকা। এর বাইরে ঘি ও শর্ষের তেল উৎপাদনসহ অনলাইন ব্যবসাতেও কিছু পুঁজি খাটছে।

ভবিষ্যৎ স্বপ্নের কথাও বললেন এই তরুণ। ‘মোটাতাজাকরণ ও দুগ্ধখামারের পাশাপাশি ছাগলের খামার শুরু করেছি। সেটা বড় পরিসরে করার ইচ্ছা আছে। এ ছাড়া বিদেশি পাখির খামারও করেছি। আছে এক জোড়া শৌখিন ঘোড়া। ভবিষ্যতে খামারের পরিধি বাড়ানোর পাশাপাশি বড় পরিসরে ঘি ছাড়াও দুগ্ধজাত পণ্যের কারখানা স্থাপনের ইচ্ছা আছে।’ অনলাইন ব্যবসায় আরও নানা পণ্য যুক্ত করতে চান মেহেদী।