পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন ডিসেম্বর মাস। মোটামুটি সব স্কুলের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে। স্টুডেন্টদের চাইতে বাবা-মা বেশি চিন্তিত। আর আমি, বড়ই মজায় আছি। ভার্সিটি বন্ধ। পড়াশোনা নাই, প্রেশার নাই। সারা দিন বাসাতেই থাকি।
বিকেলে তিন তলার আন্টি বললেন, সন্ধ্যার পর তাঁদের বাসায় যেতে। কাল তাঁর মেয়ের ইংরেজি পরীক্ষা। একটু দেখিয়ে দিতে হবে।
সন্ধ্যার পর গেলাম তাঁদের বাসায়, স্টুডেন্ট ক্লাস টু থেকে থ্রিতে উঠবে। কিন্ডারগার্টেনে পড়ে। ফাইনাল পরীক্ষা, তাহলে তো পুরো বইটিই সিলেবাস হওয়ার কথা। তবু জিজ্ঞাসা করলাম, কোনো সিলেবাস আছে কি না। বলল যে নাই। তারপর বইটি চাইলাম। স্টুডেন্ট ড্যাবড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে। তারপর উঠে গিয়ে তিনটি বই নিয়ে এল—সোনামণিদের ইজি ইংলিশ, ওয়ার্ডবুক আর সোনামণিদের ইংলিশ গ্রামার। এবার জিজ্ঞাসা করলাম,
—আর কোনো বই নাই?
—না, নাই।
—স্কুল থেকে একটিও দেয় নাই?
সে তার মায়ের কাছ থেকে শুনে এসে বলল,
—হুম, দিছিল একটা। সেটা কোথায় রাখছি মনে নাই।
অনেক খোঁজাখুঁজির পর ENGLISH FOR TODAY for class two পাওয়া গেল। এবার আন্টি যা বললেন তা হলো, ‘এই বই থেকে প্রশ্ন আসবে না। ওর স্কুলের একজন স্যার বাসায় পড়াতে আসেন। তিনি যেগুলো লিখে দিয়েছেন, সেগুলো আসবে।’
এখন কথা হলো, তাহলে আমার কী কাজ? স্যার তো প্রশ্ন দিয়েই গেছেন। আর এটা তো একটা কমন ব্যাপার।
স্টুডেন্ট বলল, অন্য দিন স্যার প্রশ্ন দিয়ে যায়, ওগুলো পড়ি। আর আজ কী লিখে দিয়েছেন, বুঝতেছি না। একটি খাতা এগিয়ে দিল আমার দিকে। লেখাগুলো ছিল এ রকম:
1. a) 6 am b) school c) ......
2. a) True b) True c) False, C. A. - Sohel is Rana’s brother. d) True....
এভাবে ১২টি আইটেম লেখা।
জিজ্ঞাসা করলাম,
—স্যার কী বলেছেন?
—হুবহু এটাই মুখস্থ করে লিখতে হবে।
—আচ্ছা, পড়ো, মুখস্থ করো।
স্টুডেন্ট পড়ছে, ‘অ্যা, এ বি ডি ট্রু। অ্যা, এ বি ডি ট্রু।’
আর আমি এক মিনিট নীরবতা পালন করছি ওর ভবিষ্যতের দিকে তাকিয়ে।
নওরীন নাহার