>পড়াশোনা মানেই ক্লাস, কোচিং, গাদা গাদা হোমওয়ার্ক আর নানান ধরনের পরীক্ষা। সব মিলিয়ে এক দুঃসহ অভিজ্ঞতা। টানা ১০ মিনিট পড়াশোনা করার পর মোটামুটি এক ঘণ্টার বিশ্রামের প্রয়োজন হয়। অন্যদিকে ১০ মিনিটের জন্য ফেসবুকে ঢুকলে এক ঘণ্টার আগে বেরোনোই যায় না। পড়াশোনা ফেসবুকের মতো হলে কী হতো? জানাচ্ছেন আশফাকুর রহমান

পরীক্ষার সময় কেউ অন্য কারও খাতা দেখে লিখলে কার্টেসি দিয়ে দিত।

প্র্যাকটিক্যাল খাতায় অন্য কাউকে দিয়ে ছবি আাঁকিয়ে নিলে তাকে ফটো ক্রেডিট দিতে হতো।

প্রশ্নে চিত্র আঁকতে বলা না হলেও পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার আশায় কেউ কেউ ঠিকই চিত্র এঁকে রাখে। পড়াশোনা ফেসবুকের মতো হলে চিত্রটির ঠিক ওপরে শিক্ষার্থীরা লিখত ‘পিক ফর অ্যাটেনশন’।
বিভিন্ন অ্যাকাডেমিক কাজে ফরম ফিলআপের সময় কিছু ছাত্র জেন্ডার হিসেবে ‘মেল’ না লিখে বরং লিখত—
ছেলে বলে এড়িয়ে যাবেন না প্লিজ।

‘একজন নাগরিকের রাজনৈতিক অধিকারসমূহ কী কী?’—এমন প্রশ্নের উত্তরে একশ্রেণির শিক্ষার্থী লিখে দিত, ‘আই হেট পলিটিক্স’।

ফেসবুকের ছোঁয়া লাগত শিক্ষকদের মাঝেও। বোর্ডে সাঁটানো নোটিশগুলোর নিচে শিক্ষকেরা লিখে দিতেন, ‘ট্যাগ ইয়োর ফ্রেন্ডস। শেয়ার।’

খাতা দেখার জন্য শিক্ষকেরা গতানুগতিক পদ্ধতি অবলম্বন না করে বেছে নিতে পারতেন রেটিং সিস্টেম। অর্থাৎ একটা খাতা দেখে শিক্ষকেরা নম্বর দিতেন এভাবে—
হাতের লেখা: ৮/১০
বানান: ৮.৫/১০
উত্তরের গ্রহণযোগ্যতা: ৮/১০
তথ্যের যথার্থতা: ৯/১০

‘পলাশীর যুদ্ধে মীর জাফরের বিশ্বাসঘাতকতার পেছনে বিশ্বাসযোগ্য কারণ ব্যাখা করো’—এমন প্রশ্নের উত্তরে বিশ্বাসযোগ্য কারণ ব্যাখার শেষে কোনো কোনো শিক্ষার্থী লিখে রাখত, ‘বিশ্বাস না হলে স্ক্রিনশট নিয়ে রাখুন’।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বদলে যেতে পারত ভর্তির রীতি। শিক্ষার্থীরা যেসব স্কুল বা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, সেগুলোতে হয়তো জয়েন রিকোয়েস্ট পাঠাত। তারপর তিনটি প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে কাঙ্ক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার জন্য অ্যাপ্রুভড হতো অনেকেই। এবং কোনো শিক্ষার্থী বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেই প্রতিষ্ঠানের অ্যাডমিন প্যানেল তাকে করে দিত ব্যান।