পড়াশোনার পাশে সহশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরদিনই পয়লা বৈশাখ। বর্ষবরণে শিক্ষার্থীদের এলাহি কাণ্ড। গিটারের টুংটাং আওয়াজের সঙ্গে হঠাৎ বাংলা গানের সুর ‘তোমার ঘরে বাস করে কারা...।’ অভ্যর্থনা কক্ষে বসতে না বসতেই ছুটে এলেন সহকারী অধ্যাপক নুরুল আবসার। বললেন, ‘আমাদের ক্যাম্পাস থেকে কিন্তু সাগর দেখা যায়, ওই দেখেন কর্ণফুলীতে সাম্পান চলছে।’ এবার আমরা ছুটলাম গান ও গায়েনের খোঁজে। মিলনায়তনের পাশে একটি কক্ষে অনুষ্ঠানের মহড়া দিচ্ছিলেন একটি দল। মঞ্চ সাজানোর তদারকি করছিলেন সারাহ রহমান। চৈত্রসংক্রান্তি উপলক্ষে বিকেলে হবে পুতুলনাচ।সুরের ঝড় তুলছিলেন ওরা পাঁচজন—হাসান মাহমুদ, ফাহাদ দোভাষ, মোহাম্মদ শোয়েব, রুখসানা সুলতানা ও ফারিহা নওরীন। সবাই স্কুল অব বিজনেস বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।গানের বদলে সাম্পান নিয়ে মানে চট্টগ্রাম নিয়েই জমে গেল আড্ডাটা। বন্দরনগর চট্টগ্রামকে কোন রূপে দেখতে চান আপনারা?ফাহাদের ধারণা ‘বাংলাদেশের হূদপিণ্ড হচ্ছে চট্টগ্রাম বন্দর। গোটা দেশে রক্তসঞ্চালন হচ্ছে চট্টগ্রামের মাধ্যমে। কিন্তু বন্দরনগরের উন্নতির বিশেষ কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।’হাসান: ইপিজেডের দুর্নীতি বন্ধ হলেই চট্টগ্রাম আরও এগিয়ে যাবে। বন্দর-কাস্টমসের কথা না বললেও চলে। তিনি যোগ করলেন, ‘আমাদের আছে বিশ্বের দীর্ঘতম সৈকত কক্সবাজার। অথচ পর্যটনকেন্দ্র হিসেবে কক্সবাজারের সম্ভাবনাকে নস্যাত্ করা হচ্ছে।’বন্দর নিয়ে রাজনীতি বন্ধ করা উচিত বলে মনে করে রুখসানা। তিনি বললেন দেশের রাজনীতি নিয়েও। ‘রাজনীতি ভালো, তবে রাজনীতিবিদেরা জাতীয় কোনো বিষয়ে এক হতে পারেন না, এটাই সমস্যা।’রাজনীতি এল বলে এল যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রসঙ্গও। সবাই এক বাক্যে বললেন, ‘একাত্তরের ঘাতকদের বিচার চাই আমরা।’এরই মধ্যে যোগ দিলেন জারিন ইয়াসমিন, সাইফুল ইসলাম, সারোয়ার জামান, ইয়াছির আরাফাত, তাসনুভা আহমেদ, মুস্তফা মাহমুদ, সাইমুম মোহাম্মদ, তানভিন সুলতানা, কাজী সাইদা ইয়াসমিন ও নুসরাত। কথা হচ্ছিল মুক্তিযুদ্ধ নিয়েই। একজন বললেন, সঠিক ইতিহাস জানাই তো কঠিন, একেকজন একেক রকম বলেন।অন্যজন সুন্দর সমাধান দিলেন, ‘আমরা যেতে পারি সেই শ্রেষ্ঠ সন্তানদের কাছে, মুক্তিযোদ্ধাদের কাছে। জানি তাঁদের মধ্যেও রাজনীতি ঢুকেছে, এ দলে ও দলে বিভক্ত কেউ কেউ। তবুও আমরা তাঁদের কাছ থেকে জেনে নিতে পারি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস।’এবার পড়াশোনা নিয়ে আলোচনা।তাসনুভা বলেন, ‘বেশি টাকা খরচ হলেও এখান থেকে তাড়াতাড়ি পাস করা যায়। এখানে আলাদা কিছু শিখছি।’ জারিনকে সবাই ডাকে পার্লার, কারণ তিনি সাজতে বেশি পছন্দ করেন। তিনি বললেন—‘আমি শুধু সাজি না আড্ডাও দিই। ক্যান্টিন, ছাদ, লিফট ও গ্রন্থাগারে আড্ডা হয় বেশি।’ গান করার পাশাপাশি গান লেখেন হাসান। একটি ব্যান্ড দলের ভোকাল তিনি। দলের নাম ‘ওয়েবল্যাশ’, মানে চাবুকের আঘাত। নতুন গান বেঁধেছেন তাঁরা ‘তুমি চাইলেই কি পার আকাশটা ছুঁতে, তুমি চাইলেই কি পার রাতের জোছনা হতে।’ একপলক শুনিয়ে দিলেন সবাইকে।বাংলা নিয়ে তাঁদের আগ্রহ থাকলেও পড়ানো হয় ইংরেজিতে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল। তবে ১৯৫২, ৬৯, ৭১ ও বর্তমান বাংলাদেশ সম্পর্কে তাঁরা জানতে পারছেন ‘বাংলাদেশ কালচার ও হেরিটেজ’ বিষয় পড়ে। অবশ্য সেটিও ইংরেজিতে পাড়ানো হয়। প্রেম-বন্ধুত্ব নিয়ে হয়ে গেল এক ঝলক।হাসান: আমরা বন্ধু। বন্ধুত্ব মানেই সব কিছু ভাগাভাগি করা। বন্ধুত্বের চেয়ে প্রেমে সীমাবদ্ধতা বেশি।ফাহাদ: ক্যাম্পাসে প্রেম করার প্রশ্নই আসে না কারণ বাতাসের আগে গুজব ছড়িয়ে পড়বে। রুখসানা: আগের রক্ষণশীল প্রেমটাই ভালো ছিল। তখন প্রেমিক প্রেমিকারা চিঠি বা কবিতা লিখত। এখন সবাই এসএমএস (খুদে বার্তা) করে।ভবিষ্যতে কে কী হতে চান? রুখসানার ইচ্ছা পড়াশোনা শেষ করে বিজনেস টাইকুন হবেন। ফাহাদের ব্যবসার পাশাপাশি বিজ্ঞাপনী প্রতিষ্ঠান করার ইচ্ছা আছে। হাসান ‘ছায়া’ নামে একটি ফাউন্ডেশন গঠন করতে চান, সেখানে ছয় থেকে ১০ বছরের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা দেওয়া হবে।শিক্ষার্থীরা জানালেন বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষাকে খুব গুরুত্ব দেওয়া হয়। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি বিজনেস সোসাইটির (ইবিএস) গণযোগাযোগ বিভাগের সমন্বয়কারী আরাফাত হোসেন বলেন, ‘উৎসব ছাড়াও রক্তদান কর্মসূচি, নাটক, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বার্জার ও দৃষ্টি আয়োজিত স্টার ক্যাম্পাস বিজনেস কেইস কম্পিটিশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় হয়েছে।’ ২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে মূলত স্কুল অব বিজনেস পড়ানো হয়। বর্তমানে ছাত্রসংখ্যা ২০০। শিক্ষক আছেন ২০ জন। ভবিষ্যতে ইংরেজি ও অর্থনীতি বিভাগ চালু হবে। ডেপুটি রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া বলেন, ‘শুধু ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের এমবিএ কোর্সের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়টি মেজর হিসেবে পড়ানো হয়। শিক্ষার্থীদের সুবিধার জন্য শাটল বাসের ব্যবস্থা আছে।’ পড়াশোনা শেষে ‘করপোরেট একাডেমিয়া ডায়ালগ’ নামে কোর্স করানো হয় যাতে শিক্ষার্থীদের চাকরি পেতে সমস্যা না হয়।একটা ভবনে সীমাবদ্ধ বিশ্ববিদ্যালয়, এ নিয়ে আপনাদের মতামত কী?অনেকে স্বীকার করলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাস তাঁরা মিস করেন।বিষয়টার সঙ্গে একমত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খানও। তিনি বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখানে নেই। শাটল ট্রেনে ক্যাম্পাসে যাওয়া, কাটা পাহাড় দিয়ে হাঁটার সময় শিক্ষার্থীদের খুনসুটি, উচ্ছ্বাস—এসব তো আমিও মিস করি। স্বল্প পরিসরে সেই পরিবেশ দেওয়ার চেষ্টা চলছে।’তিনি আরও বলেন, ‘সবাই মানসম্মত শিক্ষার কথা বলেন। আমরা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার মতো শিক্ষা দিতে চাই। মনোযোগী ও সেরা ছাত্র বেছে নিয়ে তাকে বিভিন্ন সুবিধা দিতে চাই। মেধাবী ছাত্ররা যাতে চট্টগ্রাম ছেড়ে ঢাকা বা বিদেশে না যায় সেজন্য চট্টগ্রামেই উত্তর আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর মতো শিক্ষা দিতে চাই।’