পড়াশোনার বাইরে অবসরে
প্রতিদিনের ধরাবাঁধা নিয়মের শেষে নিজের আগ্রহ আর স্বপ্ন পূরণে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীরা ব্যস্ত থাকেন বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক ক্লাব নিয়ে। প্রত্যেক শিক্ষার্থীকে আত্মবিশ্বাস ও প্রয়োজনে আত্মরক্ষার জন্য কারাতে শেখানো হয়। তাঁদের জন্য আরও আছে প্রায় ৩০টির মতো ক্লাব—কম্পিউটার ক্লাব, ইনডিপেনডেন্ট পাবলিশিং ক্লাব, আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব, কমিউনিটি সার্ভিস ক্লাব, ওয়াইজ উইমেন ক্লাব, ডিবেট ক্লাব, ফিল্ম ক্লাব, ক্রিয়েটিভ রাইটিং ক্লাব, ইয়ারবুক ক্লাব, মডেল ইউএন প্রভৃতি। সারা বছর চলে কার্যক্রম। চট্টগ্রামের সুবিধাবঞ্চিত শিশু ও বস্তির শিশুদের শিক্ষা দেওয়ার জন্য আছে কমিউনিটি সার্ভিস ক্লাব ও কমিউনিটি টিচারস ক্লাব, লেখকদের জন্য ক্রিয়েটিভ রাইটিং ক্লাব। ভবিষ্যতে ব্যবসায়ী উদ্যোক্তাদের জন্য এইউডব্লিউ এনট্রাপ্রেনিয়রশিপ ক্লাব।নারীদের বিভিন্ন অধিকার আদায়, শিক্ষা প্রদান ও ক্ষমতায়নের জন্য বিভিন্ন ক্লাবের মাধ্যমে নিয়মিত কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাঁরা এখানে মতবিনিময় করেন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেন। এরই মধ্যে তাঁরা নিজেদের দেশে স্বাস্থ্য অধিকার, শিক্ষার প্রয়োজনীয়তা, বাংলাদেশে যৌতুক প্রথা ও এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে এবং দারিদ্র্যের সঙ্গে সংগ্রামী মানুষকে নিয়ে কাজ করছেন। ছাত্রীবিষয়ক দপ্তর এ কর্মকাণ্ডগুলো পরিচালনা করে। পড়াশোনার পাশাপাশি স্বল্পকালীন চাকরির সুযোগ রয়েছে। মেধা ও অভিজ্ঞতা অনুযায়ী তাঁরা কোর্স-সহায়ক, গবেষক-সহায়ক, আইটি ল্যাব সুপারভাইজার ও লাইব্রেরি-সহায়ক হিসেবে কাজ করতে পারেন।