পড়াশোনার সঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কোনো কিছুর প্রতি শিশুদের আগ্রহ বরাবরই একটু বেশি থাকে। পড়াশোনার প্রতি মনোযোগ আনতে শিশুকে দেওয়া যেতে পারে পড়ালেখা সম্পর্কিত নানা উপহার। এতে করে শিশুর পড়ার প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিশুবর্ধন ও পরিচর্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোরশেদা বেগম।ছোট্ট মেয়ে অবনী। সবে ভর্তি হয়েছে স্কুলে। একেবারেই পড়তে বসতে চায় না সে। কিন্তু তার মা যখন রঙিন ইরেজার, কার্টুনের পেনসিল বা মিকিমাউসের ছবিওয়ালা স্কেল এনে দেন, তখনই সে পড়তে বসে। আর নার্সারিতে পড়া রেশাদ তো টম আর জেরির ছবিওয়ালা খাতা পেলে অঙ্কটা একটু বেশিই করে। অ্যাঞ্জেল জুনিয়র স্কুলের শিক্ষিকা ফিরোজা আক্তার বেগম বলেন, শিশুরা নতুন জিনিস পেতে পছন্দ করে। সেটা যত ছোট বা তুচ্ছই হোক না কেন। শিশুদের পড়ার প্রতি আগ্রহ তৈরি করতে এ ধরনের উপহার খুবই কাজে দেয়। ক্লাসে ভালো ফল করলে সন্তানকে নতুন পেনসিল, ছবি আঁকার খাতা, পেনসিল কাটারের মতো উপহার দেওয়া যেতে পারে, যা তার পড়াশোনার কাজেও লাগবে। তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থী ছবি আঁকতে চায় না। কিন্তু ছবি আঁকার রঙিন খাতা পেলে বসে পড়ে ছবি আঁকতে। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, নতুন পেনসিল পেলে শিশুরা বেশি লেখে। সুতরাং এই উপহার কিন্তু ইতিবাচক পরির্বতন আনছে শিশুদের মধ্যে। বাচ্চারা যেহেতু দ্রুত যেকোনো জিনিস নষ্ট করে ফেলে, তাই অভিভাবকদের একবারে বেশি করে পেনসিল, রাবার, পেনসিল কাটার আর খাতা কেনার পরামর্শ দেন এই শিক্ষিকা। শহরের অধিকাংশ স্টেশনারি দোকানে মিলবে বাচ্চাদের পড়ালেখার উপযোগী রংবেরঙের এসব উপকরণ। এ ছাড়া নিউমার্কেট আর নীলক্ষেতেও পাওয়া যাবে এসব সামগ্রী।স্থানভেদে এসব উপকরণের দামে কিছুটা তারতম্য হয়ে থাকে। ছবি আঁকার জন্য হাস ও হেলসির খাতার দাম পড়বে যথাক্রমে ৮০ ও ১০০ টাকা। বিদেশি কোম্পানির মধ্যে নটরাজ, হাপশি পেনসিলের দাম পড়বে আকার ও ডিজাইনভেদে ১৫ থেকে ৩০ টাকা। আর নন শার্পিং পেনসিল মিলবে ১৫ থেকে ২৫ টাকার মধ্যে। ফেবার ক্যাসেল কোম্পানির পেনসিল, ইরেজার, পেনসিল কাটার, পেনসিল বক্স, স্কেলও বাজারে পাওয়া যায়। পেনসিলের দাম পড়বে ১২ থেকে ১৫ টাকা, ফেবার ক্যাসেল কোম্পানির ইরেজারের দাম পড়বে পাঁচ থেকে ১০ টাকা, ভারবি কোম্পানির ইরেজার আকার আর ডিজাইনভেদে দাম পড়বে ২০ থেকে ২৫ টাকা, হ্যাপিডের ছয়টার প্যাকেট ইরেজারের দাম পড়বে ৬০ টাকা, আর কলমের আকৃতির পেনইরেজার মিলবে ২০ টাকায়। ফেবার ক্যাসেলের পেনসিল কাটারের দাম পড়বে ১০ থেকে ১৫ টাকা, আইলাইট কোম্পানির পেনসিল কাটারের দাম পড়বে ২৫ টাকা, কিউমেট আর বেনটেড কোম্পানির পেনসিল কাটারের দাম যথাক্রমে ২০ ও ৩০ টাকা। ফেবার ক্যাসেল কোস্পানির স্কেলের দাম পড়বে ২০ থেকে ২৫ টাকা, লাকিডে কোম্পানির স্কেল মিলবে ৩০ থেকে ৫০ টাকার মধ্যে। এ ছাড়া লেখা ও ছবি আঁকার জন্য ৬৫ পিসের পেনসিল, ইরেজার আর রঙিন পেনসিলের সেট পাওয়া যায় বাজারে। এসব সেটের দাম পড়বে ৫৫০ থেকে ৬০০ টাকা। শিশুদের পছন্দের পেনসিলের বাক্সের মধ্যে বেনটেড কোম্পানির বাক্সের দাম পড়বে ৩০ থেকে ৫০ টাকা, হ্যাপিডে কোম্পানির পেনসিলের বাক্সের দাম পড়বে ১৫০ থেকে ১৮০ টাকায়, আর ব্ল্যাকডে কোম্পানির চুম্বকের সাহায্যে দরজা লেগে যায় এমন বাক্সের দাম পড়বে ২৫০ থেকে ৩৫০ টাকা। আর্চিজ আর হলমার্কেও পাবেন এসব সামগ্রী।