
সারা দুনিয়া তাঁকে চেনে প্রিন্সেস ডায়ানা হিসেবে। ব্রিটিশ রাজবধূর পরিচয়কে ছাপিয়ে মানবতাবাদী হিসেবে তিনি জনপ্রিয়। শতাধিক সমাজসেবী সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত ছয়টি দাতব্য সংস্থার পৃষ্ঠপোষক ছিলেন তিনি। ভূমিমাইন নিষিদ্ধ করার দাবিতে দীর্ঘদিন কাজ করেছেন ডায়ানা। ডায়ানাই প্রথম লন্ডনের হাসপাতালে ‘এইডস ওয়ার্ড’ চালু করেন। কুষ্ঠরোগীদের নিয়ে কুসংস্কার দূর করতে তিনি ভূমিকা রেখেছেন।
অথচ প্রিন্সেস ডায়ানার শিক্ষাজীবন তেমন সুখকর ছিল না। পড়াশোনায় দুর্বল হলেও নাচ আর গানে দারুণ পারদর্শী ছিলেন তিনি। দুবার পরীক্ষা দিয়েও ও-লেভেল পাস করতে পারেননি। একসময় স্কুল ছেড়ে একটি ডে কেয়ার ও কিন্ডারগার্টেন স্কুলে খণ্ডকালীন সহকারী শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। স্কুল পেরোতে না পারলেও মানুষের হৃদয় জয় করেছিলেন ডায়ানা। শুধু রাজকুমারী বলে নয়, মানবতাবাদী হিসেবে আজও ডায়ানাকে মনে রেখেছে পুরো পৃথিবী।
ওয়াশিংটন পোস্ট অবলম্বনে