পড়ায় সন্তানের মনোযোগ বাড়াতে
অনেক মা-বাবাকে বলেন, ‘বাচ্চার পড়া মনে থাকে না। যা পড়ে, সবই ভুলে যায়।’
সব শিশুর মনে রাখার ক্ষমতা এক রকম নয়। অনেক শিশু সবই ভুলে যায়। কেউ কেউ শুধু পড়া ভুলে যায়। পড়া হোক বা অন্য কোনো বিষয়—শিশুকে বিষয়টির ওপর আগ্রহী করে তুলতে হবে। সে যদি আর্কষণবোধ না করে, তাহলে মনে থাকবে না। পড়ার ক্ষেত্রে বুঝে পড়াতে হবে।
অনেক শিশুকে দেখা যায়, সারা দিন ধরে পড়ছে। তাৎক্ষণিকভাবে হয়তো পড়াটি শিখছেও। আবার শিগগিরই ভুলে যাচ্ছে। মনোযোগ পুরোপুরি না থাকলে এমন হতে পারে। মা-বাবাকেও বুঝতে হবে বিষয়টি। টিভি চালু করে সন্তানকে পড়াতে বসান অনেক মা-বাবা। তখন সন্তানের মনোযোগ চলে যায় টিভির দিকে। সে যা পড়ে, কিছুই মনে থাকে না। তাই বাড়িতে লেখাপড়ার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। কোনো কোনো অভিভাবককে দেখা যায়, সন্তানকে পড়ার টেবিলে বসিয়ে কম্পিউটারে, মুঠোফোনে বা নোটপ্যাডে গেমস খেলেন। এটাও ঠিক নয়। বাড়িতে ওর পড়ার সময়টা বা পড়াটাই যেন প্রাধান্য পায়, সেটি মনে রাখতে হবে। সেই পরিবেশ তৈরি করে দিতে হবে পরিবারের সদস্যদের।
প্রতিদিন সন্তান কী পড়ছে, কী করছে, তা দেখতে হবে। পরীক্ষার আগের দিন বা একদিন পড়ার চাপ না দিয়ে নিয়মিত পড়াতে হবে বছরের শুরু থেকে। সন্তানের সঙ্গে আলোচনা করে ও উপযোগী করে রুটিন করে দেওয়া যায়। যাতে সে পুরানো পড়া পুনরায় পড়তে পারে। অনেক বিষয় পড়তে হয় একসঙ্গে। তাই দুই-তিনদিন পরপর আগের পড়া চর্চা না করলে ভুলে যাওয়াই স্বাভাবিক। এছাড়া যাই পড়ুক না কেন, তাকে তা লেখার অভ্যাস করানোই ভালো। এতে সহজে পড়া ভুলে যাবে না। আরেকটি কাজ করানো যেতে পারে। সারাদিন সে যা পড়ছে, রাতে ঘুমানোর আগে একটু যদি মনে করার চেষ্টা করে তাহলে সহজে পড়া ভুলে যাবে না। বিশেষ কোনো বিষয়ে দুর্বলতা থাকলে তা শনাক্ত করে সমাধানের ব্যবস্থাও করা জরুরি। এ দায়িত্ব মা-বাবারাই। উৎসাহ দিতে হবে সন্তানকে। তাকে আত্মবিশ্বাসী করে তোলা খুব গুরুত্বপূর্ণ।