পড়ে আছে দুটি জেনারেটর, নষ্ট হওয়ার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জন্য একটি জেনারেটর ১৭ ও আরেকটি ৯ বছর আগে বরাদ্দ দেওয়া হয়। জেনারেটর এনে বসানোও হয়। কিন্তু চালু হয়নি। কারণ, জেনারেটর চালানোর জন্য তেল বরাদ্দ হয়নি। এভাবে দিনের পর দিনে পড়ে থেকে নষ্ট হচ্ছে জেনারেটর দুটি। বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে দুর্ভোগ পোহাতে হয় রোগী-চিকিৎসক উভয়কে।
সরেজমিনে দেখা গেছে, রাতে বিদ্যুৎ চলে গেলে চিকিৎসকেরা চার্জার বাতি ও মুঠোফোনের আলোয় রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করেন। পুরুষ বা মহিলা ওয়ার্ডেও কোনো আলোর ব্যবস্থা নেই।
স্বাস্থ্যকেন্দ্রের স্টোরকিপার সঞ্জয় কুমার নাথ বলেন, ২০০৪ ও ২০০৮ সালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জেনারেটর দুটি সরবরাহ করা হয়। স্বাস্থ্যকেন্দ্রের দুটি ভবনের নিচতলার সিঁড়ির পাশে বসানো হয়েছে জেনারেটর দুটি।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন কর্মচারী বলেন, কয়েক বছর আগে বড় জেনারেটরটি পরীক্ষামূলকভাবে চালানোর চেষ্টা করা হয়। এটি চালাতে হলে ঘণ্টায় তেল প্রয়োজন সাত লিটার। এত টাকা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে বহন করা সম্ভব নয়। তা ছাড়া জেনারেটর এখন চালাতে গেলে মেরামতের প্রয়োজন হতে পারে। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জয়নাল আবেদিন মুহুরী বলেন, ‘বিদ্যুৎ না থাকলে রাতে রোগীদের যেমন সমস্যা হয়, চিকিৎসকদেরও একই অবস্থা। অন্ধকারে কোনো রোগীর অবস্থা খারাপ হলে তখন কিছুই করার থাকে না। নিজেদের অর্থায়নে ব্যবহৃত আইপিএস পর্যন্ত নষ্ট হয়ে গেছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, নিয়মানুযায়ী ৫০ শয্যার স্বাস্থ্যকেন্দ্রের জন্য তেলের বরাদ্দ রয়েছে। কিন্তু এখানে ৩১ শয্যার কার্যক্রম এখনো বহাল থাকায় তেলের বরাদ্দ পাওয়া যাচ্ছে না। ফলে জেনারেটরগুলোও এভাবে পড়ে আছে। এর আগে জেনারেটর চালানোর জন্য তেল বরাদ্দ পেতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি দিয়েও কোনো ফল হয়নি।
স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, জেনারেটরগুলোর জ্বালানি বরাদ্দ না পাওয়ায় এত দিন পড়ে ছিল। বর্তমানে এগুলো চালানো যাবে কি না, পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। তবে এখনো পর্যন্ত তেলের বরাদ্দ নেই। এখন স্বাস্থ্যকেন্দ্রটি ৫০ শয্যায় উন্নীত হয়েছে। শিগগিরই বরাদ্দ পাওয়া যেতে পারে।