পড়ে আছে পচা সারের স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) জায়গায় সাড়ে ছয় বছর ধরে পড়ে আছে ৪০ হাজার বস্তার বেশি পচা টিএসপি সার। এসব সার বৃষ্টির পানিতে ধুয়ে পড়ছে কর্ণফুলী নদীতে। সংস্থাটি বলছে, বিষয়টি নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।উল্লেখ্য, বিআইডব্লিউটিসির সাতটি খালি জায়গা রয়েছে। এ জায়গাগুলো নিলামের মাধ্যমে ভাড়া দেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১ জুলাই নিলামের মাধ্যমে বিআইডব্লিউটিসির দুটি জায়গা আহাম্মদ উল্লা অ্যান্ড ব্রাদার্সের কাছে বুঝিয়ে দেয়। দুটি জায়গার মধ্যে সংস্থার ১ নম্বর জেটির সামনে পাঁচ হাজার ৭৪০ বর্গফুট খোলা জায়গায় এই সার রাখা হয়। প্রথম দিকে শুল্ক জটিলতার কারণে পরে মামলার কারেণে সার অপসারণ করার সুযোগ হয়নি। সেই থেকে গত সাড়ে ছয় বছর ধরে খোলা আকাশের নিচে পড়ে আছে এসব সার। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সারগুলো পচে গলে গেছে। স্থানীয় বাসিন্দা আবু ইউসুফ জানান, বর্ষার পানিতে পচা সার থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এ সময় এই এলাকার আশপাশ দিয়ে চলাফেরা করা যায় না। জানতে চাইলে আহাম্মদ উল্লা অ্যান্ড ব্রাদার্সের মালিক পারভেজ কামাল বলেন, ‘সারগুলো তো আমার না, আমদানিকারকের। আমি জায়গা ভাড়া দিয়েছি। সারগুলো না সরানোতে আমারও ক্ষতি হচ্ছে। তবে এ নিয়ে মামলা চলছে।’খোঁজ নিয়ে জানা গেছে, এই পচা সারে মাটি, বায়ু ও পানি দূষিত হচ্ছে। বৃষ্টির সময় পচা সার কর্ণফুলী নদীর পানিতে মিশছে। এতে নদীর পানিও দূষিত হচ্ছে।পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মোহাম্মদ ভূঁইয়া বলেন, ‘টিএসপি সার ক্ষতিকারক রাসায়নিক পদার্থ। খোলা জায়গায় পড়ে থাকায় পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আবদুর রশিদ (অর্থ)। সারগুলো এভাবে খোলা আকাশের নিচে পড়ে থাকায় পরিবেশের ক্ষতি হচ্ছে। আদালত থেকে রায় পাওয়ার পর এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।