পয়লা বৈশাখে মহেশখালীতে মেলা ও ঘুড়ি উৎসব
কক্সবাজারের মহেশখালী উপজেলায় নানা আয়োজনে বর্ষবরণের প্রস্তুতি চলছে। বর্ষবরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচির পাশাপাশি রয়েছে রাখাইন সমপ্রদায়ের সাত দিনের অনুষ্ঠানমালা। নববর্ষের দিন উপজেলা চত্বরে আয়োজন করা হয়েছে পান্তা ও ঘুড়ি উৎসব, গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে দিনের আয়োজন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নববর্ষের দিন সকালে থাকবে পান্তা উৎসব। এতে অংশ নেবে মহেশখালী কলেজ, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়সহ উপজেলা সদরের আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। দিনব্যাপী মেলায় থাকবে বিভিন্ন ধরনের পিঠা ও গ্রামীণ নানা সামগ্রীর ২০টি স্টল। চলবে ঘুড়ি উৎসবও।
এদিকে গোরকঘাটা বড় রাখাইনপাড়ায় সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে নববর্ষের দিন বুদ্ধমূর্তিকে স্নান, মঙ্গল কামনায় মন্দিরে প্রার্থনা ও জলকেলি উৎসব।