পয়লা বৈশাখের আগে তাঁহাদের সম্ভাব্য ফেসবুক স্ট্যাটাস
যেকোনো বিশেষ দিবস এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা কিছু বিশেষ শ্রেণির মানুষের বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখতে পাই। বৈশাখ উপলক্ষে এই মানুষদের ফেসবুক স্ট্যাটাসগুলো যেমন হতে পারে, তা ভেবেছেন রাফি আদনান

সচেতন বাঙালি এই শ্রেণির মানুষ নিজেকে সচেতন বাঙালি হিসেবে প্রমাণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। অনেক সময় ব্যয় করে তাঁদের দেওয়া ফেসবুক স্ট্যাটাসগুলো হতে পারে এমন: ‘এক দিনের বাঙালি হয়ে লাভ নেই। বাঙালি হতে হলে মনেপ্রাণে বাঙালি হয়ে উঠুন যুগ-যুগান্তরের জন্য, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। হুজুগে বাঙালি নিপাত যাক, দেশীয় সংস্কৃতি মুক্তি পাক।’
দায়িত্বশীল ফেসবুকার নিজের খেয়ে বনের মোষ তাড়াতে এই শ্রেণির জুড়ি নেই। পয়লা বৈশাখে পান্তা-ইলিশের তীব্র বিরোধিতা তাঁরা বরাবরই করে এসেছেন। এবারও একইভাবে স্ট্যাটাস দেবেন, ‘টাকা অপচয় করে পান্তা-ইলিশ খেয়ে কী লাভ? এই টাকা দান করুন, অসহায়দের মুখে অন্ন তুলে দিন।’
ইউটিউবার ইউটিউবে কনটেন্ট বানাতে ইস্যুর বিকল্প কিছু হয় না। যেকোনো ইস্যুতেই ইউটিউবাররা নতুন নতুন ভিডিও আমাদের উপহার দেন। এই বৈশাখ নিয়ে তাঁদের সম্ভাব্য ফেসবুক স্ট্যাটাস, ‘বন্ধুরা, আবারও হাজির হলাম আমার নতুন ভিডিও নিয়ে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন!’
ফ্যাশনসচেতন তরুণী ভার্চ্যুয়াল জগতে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পান এই তরুণীরা। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানতে চাইবেন, ‘বৈশাখের জন্য আনকমন শাড়ি কোথায় পাওয়া যেতে পারে, কেউ বলতে পারেন?’ আশ্চর্যজনকভাবে এই স্ট্যাটাসে ঝাঁপিয়ে পড়বেন হাজার হাজার সাহায্যকারী। কমেন্টের বন্যায় ভেসে যাবে তাঁর ফেসবুক স্ট্যাটাস।
হতাশাগ্রস্ত ছাত্র সেমিস্টার, সিজিপিএ নিয়ে বরাবরই হতাশায় ভোগেন এই শ্রেণির মানুষেরা। তাঁদের জীবনে কখনোই কোনো বিশেষ দিন নেই। এঁদের প্রাক্-বৈশাখ ফেসবুক স্ট্যাটাসের ধরন: ‘পয়লা বৈশাখে সবাই খাবে পান্তা-ইলিশ আর আমি খাব বাঁশ! সিজিপিএ নিয়ে আজও আমি বড়ই হতাশ।’
ব্যাচেলর সমাজের একটা বিশেষ স্থান দখল করে থাকা এই পোড়-খাওয়া শ্রেণির কান্না আর আহাজারি শুরু হয়ে যায় পয়লা বৈশাখের আগে থেকেই। বেশির ভাগ সময় পয়লা বৈশাখের আগে এঁদের স্ট্যাটাস হয় এ রকম: ‘আজ ব্যাচেলর বলে পয়লা বৈশাখেও আলুভর্তা আর ডিম ভাজি খেতে হবে।’ উল্লেখ্য, অনেক ক্ষেত্রেই এঁরা পয়লা বৈশাখে ডিম ভাজির ছবি পোস্ট করে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান।
ব্যর্থ প্রেমিক বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়—সব মাসেই এঁরা ফেসবুক দেয়াল সাজিয়ে তোলেন সাবেক প্রেমিকার স্মৃতিচারণা করে। বৈশাখকে নিয়েও তাঁদের স্ট্যাটাসগুলো হতে পারে এ রকম: ‘সেই একগুচ্ছ কাচের চুড়ি এখনো রেখে দিয়েছি সযতনে, অথচ তুমি নিতে আসোনি...জানি, আসবেও না।’
ফেসবুক সেলিব্রিটি ইতিহাসবিদদের অভাব দূর করতে ফেসবুক সেলিব্রিটিদের বিকল্প নেই। আমরা এখন ফ্রিতেই নানান ইতিহাস জানতে পারি তাঁদের কল্যাণে। বৈশাখের কদিন আগ থেকে পয়লা বৈশাখ পর্যন্ত তাঁরা বৈশাখের ইতিহাস, বৈশাখের উপকারিতা-অপকারিতা ইত্যাদি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন।
সাকিব হেটার্স বৈশাখে সাকিব আল হাসান বাংলাদেশে না থেকে কেন ভারতে গিয়ে আইপিএল খেলছেন, এটা নিয়ে কিছু স্ট্যাটাস আমাদের অক্ষিগোচর হতে পারে। ইতিহাস বলে, পয়লা বৈশাখে এই ‘পার্টটাইম লাভার ফুলটাইম হেটার্স’দের স্ট্যাটাসগুলো এমন হবে: ‘পয়লা বৈশাখ বাঙালির ঐতিহ্যবাহী দিন। এমন সময়ে সাকিব দেশে না থেকে বিদেশে গিয়ে খেলায় তীব্র নিন্দা জানাচ্ছি। সবাই একমত হলে লাইক দিন।’