
পয়লা বৈশাখে ঘুম থেকে উঠেই চাই সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রাখা ভাত, সঙ্গে ভর্তা, ডালের বড়া, শুকনো মরিচ ভাজা আরও কত-কী! সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাঙালিয়ানার সব ধরনের খাবারও যেমন ভাত, ভর্তা, মাছ, শাক, মাংস, বিরিয়ানি, পায়েস, পিঠা খাওয়ার ধুম লেগে যায়। সমস্যা হচ্ছে ওজনটাও যে বাড়ছে!
প্রতিদিনের খাদ্যাভ্যাস থেকে এই দু-এক দিন বিরতি ভালো না খারাপ, সে ব্যাপারে ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের বিভাগীয় প্রধান ও প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ বলেন, কেউ যদি দীর্ঘদিন ভাত না খায় তাহলে খুব স্বাভাবিক কারণেই সেদিন পান্তাভাত খেলে শরীর খারাপ করবে। প্রথমত তার শরীর এ ধরনের খাবারের অভ্যস্ততা হারিয়েছে, তার ওপর সকালবেলাতেই ভাত খেলে সে ক্ষেত্রে বমি, পেট খারাপসহ নানা ধরনের অসুখে পড়ার আশঙ্কা থাকে। তবে কেউ যদি খেতে চায় সে একেবারে খেতে পারবে না তাও নয়। পান্তাভাত খেতে চাইলে সারারাত ভিজিয়ে রাখা পান্তাভাত না খেয়ে খাওয়ার একটু আগে ঠান্ডা করে ভিজিয়ে নিলে সেটা খেলে শরীর খারাপের ভয় কম থাকবে।
বাইরে খেলে বা কোথাও দাওয়াতে গেলেও খাওয়ার আগে জেনে নিতে হবে তা কখন ভিজিয়ে রাখা। দীর্ঘ সময় ভিজিয়ে রাখা খাবারে টক্সিকের ভয় থাকে। তা ছাড়া সারা দিন ভাত, বিরিয়ানি, পোলাও ইত্যাদি যেহেতু খাওয়া হয়ই, সে ক্ষেত্রে প্রতিবার খুব বেশি না খেয়ে অল্প করে খেতে হবে। সারা দিনে যে পরিমাণ খাবার খাওয়া যাবে, সেটাকে কয়েক ভাগে ভাগ করে খেলে শরীর খারাপের ভয় কম থাকবে। কিন্তু অনেক দিন ভাত না খাওয়ার অভ্যাস থাকলে খুব বেশি ভাত খাওয়া যাবে না!
নববর্ষে প্রায় সবারই মিষ্টান্ন খাওয়া হয়। খুব মিষ্টি খাবার না খেয়ে মিষ্টি ফল খেতে হবে। সেদিন যেহেতু সারা দিনই বাইরে থাকা হয়, তাই শরীরের পানির ঘাটতি পূরণে পানিজাতীয় ফল যেমন বাঙ্গি, তরমুজ, ডাব, পেঁপে এসব ফলও খাওয়া যেতে পারে। পুষ্টি কর্মকর্তা শামসুন্নাহার নাহিদ বলেন, কেউ যদি সারা দিনে আড়াই লিটার পানি খায়, সেদিন বাইরে গেলে অন্তত আধা লিটার পানি হলেও বেশি খেতে পারে।